বিষক্রিয়ায় অসুস্থ বিজেপি বিধায়ক রেখা পাত্র, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি কলকাতার হাসপাতালে

৩৬৫ দিন। আচমকাই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র। শনিবার রাতে তাঁর শরীরে বিষক্রিয়ার উপসর্গ দেখা দেয় বলে জানা গিয়েছে। এরপর দ্রুত তাঁকে হিঙ্গলগঞ্জ থেকে কলকাতায় নিয়ে আসা হয়। বর্তমানে বাইপাসের ধারের আর এন টেগর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
সূত্রের খবর, শনিবার রাত প্রায় ৯টা নাগাদ হিঙ্গলগঞ্জের বাড়িতেই আচমকা অসুস্থ হয়ে পড়েন রেখা পাত্র। প্রথমে তাঁকে স্থানীয় স্যান্ডেলের বিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে তাঁকে CCU-তে ভর্তি করা হয়েছিল। কিন্তু কয়েক ঘণ্টা পরেও শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় চিকিৎসকদের পরামর্শে তাঁকে কলকাতায় নিয়ে আসা হয়। অক্সিজেন ও স্যালাইন সাপোর্টে থাকা অবস্থাতেই তাঁকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয় বলে সূত্রের খবর। ঠিক কী কারণে তাঁর শরীরে বিষক্রিয়া হল, তা এখনও স্পষ্ট নয়। কীভাবে এই ঘটনা ঘটল, তা নিয়েও তৈরি হয়েছে প্রশ্ন। তবে রেখা পাত্রের শারীরিক অবস্থা নিয়ে এখনও পর্যন্ত তাঁর পরিবার, বিজেপি নেতৃত্ব কিংবা হাসপাতাল কর্তৃপক্ষের তরফে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন বিজেপি বিধায়ক। উল্লেখ্য, বিষক্রিয়ার কারণ এবং তাঁর বর্তমান শারীরিক পরিস্থিতি সম্পর্কে সরকারি বা হাসপাতাল কর্তৃপক্ষের নিশ্চিত তথ্য এখনও সামনে আসেনি।

Scroll to Top