চার্চিল ব্রাদার্স – ১
(সেবাস্তিয়ান)
মোহনবাগান – ২
( চামগতে, অনিরুদ্ধ)
৩৬৫ দিন। রোহন রায় চৌধুরী। ইন্ডিয়ান সুপার লিগে শেষ ম্যাচ জয়ের পর ছিল ১৫ দিনের বিরতি। এদিন আবার রবিবার সন্ধ্যায় ইন্ডিয়ান সুপার লিগের অভিযান শুরু করল মোহনবাগান। গোয়ার মাঠে আজ বাগানের পরীক্ষা ছিল চার্চিল ব্রাদার্স দলের বিপক্ষে। ধারেভারে বাগান এগিয়ে থাকলেও গোয়ার মাঠে সব সময় চার্চিল একটা বড় নাম। তাদের ইতিহাস ভারতীয় ফুটবলে অনেক পুরনো এবং লড়াকু। ৯০ মিনিট শেষে মোহনবাগান জিতল এবং তিনটি পয়েন্ট নিয়ে কলকাতায় ফিরবে। প্রথম থেকেই বল নিজেদের দখলে রেখে খেলা শুরু করেছিল কলকাতার ক্লাব। গোল পেতে মোহনবাগানকে অপেক্ষা করতে হল ২৭ মিনিট। বাঁদিক থেকে শুভাশিস হয়ে বল পেলেন ডেজান। তার থেকে বল পেলেন জেমি। অস্ট্রেলিয়ান একটা হালকা ঘুরিয়ে দিলেন ডান দিক থেকে উঠে আসা চাঙ্গতেকে লক্ষ্য করে।
মিজোরামের তারকা নিখুঁত প্লেসমেন্ট করে এগিয়ে দিলেন বাগানকে। মোহনবাগানের দ্বিতীয় গোল ৬২ মিনিটে। মনবীর থেকে বল পেলেন জেমি। ডান দিক দিয়ে বক্সের মধ্যে একটু বলটা টেনে নিয়ে গিয়ে মাইনাস করলেন অনিরুদ্ধকে দেখে। থাপা বল জালে জড়িয়ে দিতে ভুল করেননি। দুটো গোলে লিড নেওয়ার পর মোহনবাগান নিজেদের দখলেই বল রেখে খেলছিল। দেখে মনে হচ্ছিল এই ম্যাচে আর চার্চিলের জন্য কিছুই বাকি নেই। কিন্তু গোয়ার দলটা ঘুরে দাঁড়াল শেষ পনের মিনিট। বিদেশি ফরওয়ার্ড লেকে, গুটিরেজ এবং ফার্নান্ডেজ এই তিনজন মোহনবাগান রক্ষণে চাপ বাড়ালেন। এতক্ষন সেভাবে পরীক্ষা দিতে হয়নি মেহতাব, রাহুল, শুভাশিসদের। দুটো প্রান্ত কাজে লাগিয়ে পরপর বল বক্সে ফেলে গেল চারচিলের ছেলেরা। মোহনবাগানের কোচ বাধ্য হয়ে বেঞ্চে বসে থাকা আলবার্তোকে নামিয়ে দিলেন। আজ এই ডিফেন্ডার শুরু থেকে খেলেননি কারণ তার তিনটে হলুদ কার্ড ছিল। ২৯ তারিখ ডার্বির আগে আর একটা হলুদ কার্ড দেখলে তার খেলা হত না ইস্টবেঙ্গলের বিপক্ষে। তবু শেষ পাঁচ সাত মিনিট আলবার্ত ভরসা দিলেন। একটা দল হিসেবে খেলল মোহনবাগান। ক্যামেরা ধরল মাঠে বসে থাকা চার্চিলের মালিক আলেমাও চার্চিলকে। থমথমে মুখে পরিবার নিয়ে বসেছিলেন তিনি। ৮২ মিনিটে বিপক্ষ দলের ফুটবলারকে বক্সের মধ্যে ফাউল করলেন মনবীর। রেফারি আদিত্য সঙ্গে সঙ্গে পেনাল্টির নির্দেশ দেন। সেবাস্তিয়ান গোল করতে ভুল করেননি। ম্যাচের শেষে মোহনবাগান কোচ বলেন, আমরা জানতাম লড়াইটা সহজ হবে না। তবু লক্ষ্য ছিল পুরো তিনটে পয়েন্ট নিয়ে কলকাতায় ফেরা। সেই লক্ষ্যে আমরা সফল। ২৯ তারিখ ইস্টবেঙ্গলের বিপক্ষে বড় ম্যাচ। আপাতত ফিরে একদিন বিশ্রাম নিয়ে আমরা সেই প্রস্তুতি শুরু করব। এই জয় আমাদের আত্মবিশ্বাস বাড়াবে।






