রাহুলের পর শতরান ঋষভের

৩৬৫ দিন। ওয়েলিংটন টেস্টে হার বাঁচাতে লড়ছে নিউজিল্যান্ড। ভারতের থেকে তারা এখনো পিছিয়ে ২৩৩ রানে। শেষ দিনে জয়ের জন্য ভারতের প্রয়োজন ৮ উইকেট। তবে বেসিন রিজার্ভে ব্যাটিং সহায়ক পাটা উইকেট যেখানে বল একটু পুরোনো হলে না পেস বোলার, না স্পিনার কারোর জন্যই তেমন সুবিধা মিলছে না, সেখানে নিউজিল্যান্ডের বাকি ৮ উইকেট তোলা ভারতের বোলারদের জন্য যে রীতিমত চ্যালেঞ্জের হবে তা বলার অপেক্ষা রাখে না। চতুর্থ দিন নিউজিল্যান্ডের বিরুদ্ধে ও নিউজিল্যান্ডের মাটিতে টেস্টে সর্বাধিক রান পোস্ট করলো ভারত। ৯ উইকেটে ৭২০ রানে তাদের প্রথম ইনিংসের সমাপ্তি ঘোষণা করলেন অধিনায়ক শুভমন গিল। টেস্টে এটা ভারতের তৃতীয় সর্বোচ্চ স্কোর। রাহুলের পর শতরান করলেন ঋষভ পন্থও। ১৫৩ বল খেলে ১২৮ রানে আউট হন তিনি। মেরেছেন ১০ টি চার ও ৬ টি ছয়। গ্লেন ফিলিপসকে লং অফের উপর দিয়ে ছয় মেরে টেস্ট কেরিয়ারের নবম শতরান পূর্ণ করেন ঋষভ। একই সঙ্গে এশিয়ার প্রথম উইকেট রক্ষক ব্যাটার হিসেবে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড , অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে শতরান করার নজির গড়লেন তিনি।
নৈশ প্রহরী অনশুল কম্বোজ, ঋষভ পন্থ এর সঙ্গে এদিন পঞ্চম উইকেটে ৬৮ রান যোগ করলেন। ৪২ বলে ৩৮ রানের ঝোরো ইনিংস খেললেন তিনি। মারলেন ৬ টি চার, একটি ছয়। নিউজিল্যান্ডের বোলাররা লোয়ার অর্ডার ব্যাটার কম্বোজকেই কোনরকম বিব্রত করতে পারলেন না। ফিলিপস এর বলে বড় শট মারতে গিয়ে ডিপ স্কোয়ার লেগে ক্যাচ আউট হন তিনি। ঋষভও আউট হয়েছেন বড় শট মারতে গিয়েই। রাচীন রবীন্দ্রর বলে ডিপ মিড উইকেটে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি। দাপুটে ইনিংস খেললেন সাত নম্বরে নামা ধ্রুব জুড়েলও। ৭৯ বলে ৭৮ রান করেন তিনি। ৭ টি চার ও একটি ছয় মারেন। ফিলিপস এর বলে জুড়েল স্ট্যাম্প আউট হলেই ভারত অধিনায়ক ইনিংসের সমাপ্তির ঘোষণা করেন। ২৪ রানে আউট হন ওয়াশিংটন সুন্দর। দুটি ছয় মেরে ৫ বলে ১৩ রান করে ফিরে যান আকাশ দীপ। ৭ রানে অপরাজিত থাকেন বুমরাহ। প্রথম ইনিংসে ৩৫২ রানের বিশাল লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডকে ব্যাট করতে আমন্ত্রণ পাঠায় ভারত। প্রথম ইনিংসে তৃতীয় বলেই নিজের অফ স্ট্যাম্প হারিয়েছিলেন কিউই অধিনায়ক টম লেথাম। দ্বিতীয় ইনিংসে দ্বিতীয় বলেই সাজঘরে ফিরলেন তিনি। প্রথম ইনিংসে বুমরাহর ইনসুইংয়ে আউট হয়েছিলেন , দ্বিতীয় ইনিংসে হলেন আউটসুইংয়ে। বাইরে যাওয়া বলে খোঁচা দিয়ে কট বিহাইন্ড হন লেথাম। দুই ইনিংসেই শূন্য রানে সাজঘরে ফিরলেন। প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের সর্বোচ্চ রান করেছিলেন হেনরি নিকোলস। দ্বিতীয় ইনিংসে ৩১ রানে আউট হলেন। প্রসিধ কৃষ্ণার শর্ট বল ঠিক মত সামলাতে না পেরে শর্ট লেগে জুড়েলকে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি। এর আগে অবশ্য তার ১৭ রানের মাথায় বুমরাহর বলে লেগ বিফোর হতে হতে অল্পের জন্য রক্ষা পান। ফিল্ড আম্পায়ার নট আউট দেব ডি আর এসে আম্পায়ারস কল হয়। ডেভন কনওয়েকে দ্বিতীয় ইনিংসে সাবলীল লেগেছে। অর্ধশত রান পূর্ণ করেছেন তিনি। দিনের শেষে ৫৯ রানে অপরাজিত আছেন তিনি। চার নম্বরে নেমে রাচিন রবীন্দ্র ২৭ রানে অপরাজিত আছেন।

Scroll to Top