চন্দননগরে আলোর রাজ্যে মা এর শোভাযাত্রা

৩৬৫ দিন।শুভদীপ দে। হুগলি। আচমকা নিম্নচাপের দুর্যোগের ধাক্কা কাটিয়ে চন্দননগরে আলোর শহরে আলোর রাজত্ব, সন্ধ্যায় রাজপথে জনপ্লাবন দশমীর শোভাযাত্রা বাতিল নয়, আবহাওয়ার কাছে হার মানা ঐতিহ্যের প্রত্যাবর্তন; ৬৮টি পুজো, ২৪৫টি আলোকসজ্জার লরি ঘিরে ফের উৎসবের ঢেউ, প্রকৃতির দুর্যোগে থমকে গিয়েছিল চন্দননগরের আলোর উৎসব। দশমীর উৎসবের সন্ধ্যায় যে রাজপথে হাজার হাজার মানুষের চোখ আটকে থাকার কথা, সেই জায়গায় নেমেছিল বৃষ্টির বাধা, স্তব্ধ হয়েছিল ঐতিহ্যের চাকা। কিন্তু আবহাওয়ার কাছে সাময়িক হার মানলেও উৎসবের আবেগকে আটকে রাখা গেল না। সন্ধ্যা নামতেই ফের আলোর দখলে চন্দননগর। স্ট্যান্ড রোড থেকে জিটি রোড, শহরের প্রধান সড়ক জুড়ে জনস্রোত, দোকানপাটে ভিড়, যান চলাচলে গতি—দুর্যোগের বিষণ্ণতা কাটিয়ে যেন এক সন্ধ্যাতেই নতুন প্রাণ ফিরে পেল শহর। প্রতি বছর দশমীর সন্ধ্যায় চন্দননগর ও ভদ্রেশ্বরের জগদ্ধাত্রী প্রতিমা নিরঞ্জন ঘিরে আলোকসজ্জার লরি হয়ে ওঠে চলমান শিল্পের প্রদর্শনী। আলোয় ফুটে ওঠে সামাজিক ঘটনা, মানুষের জীবনসংগ্রাম, দেবদেবী, ঋষি-মনীষী, বিপ্লবী এবং বীর সৈনিকদের আত্মত্যাগের কাহিনি। সেই শিল্প দেখতে হুগলি ছাড়াও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এমনকি দেশ বিদেশ থেকেও দর্শনার্থীরা ভিড় করেন। ঘণ্টার পর ঘণ্টা রাস্তার দু’ধারে অপেক্ষা করেন আট থেকে আশি।

Scroll to Top