বংশে বাতি দেওয়ার কেউ নেই, তবু অঞ্জলি দেবীর মোমবাতিতেই বেঁচে আছে শান্তিপুরের রাসের শতাব্দীপ্রাচীন ঝাড়বাতির প্রাণ

খবর ৩৬৫। বিশ্বজিৎ ব্যানার্জী। শান্তিপুরের ঐতিহ্যবাহী রাস উৎসব মানেই বনেদি গোস্বামী ও ঠাকুরবাড়িগুলোর রাজকীয় আভিজাত্য। আর সেই আভিজাত্যের অন্যতম প্রধান আকর্ষণ শতাব্দীপ্রাচীন দুর্মূল্য বেলোয়ারি ঝাড়বাতি। আধুনিক বৈদ্যুতিক আলোর যুগেও সেই ঐতিহ্যবাহী ঝাড়বাতিগুলোর মায়াবী আলোয় আজও প্রাণ সঞ্চার করে চলেছেন এক অশীতিপর নারী অঞ্জলি মৌলিক। বয়স এবং শারীরিক অসুস্থতাকে উপেক্ষা করে শুধুমাত্র রাসের ঐতিহ্য ও দাদার স্মৃতি আঁকড়ে ধরে আজও এই অসাধ্য সাধন করে চলেছেন তিনি। স্বর্গীয় দাদা অজিত কুমার মৌলিকের হাতে প্রায় চল্লিশ-পঁয়তাল্লিশ বছর আগে এই মোমবাতি তৈরির কাজের সূচনা হয়েছিল। দাদার প্রয়াণের পর পারিবারিক সেই ঐতিহ্য নিজের কাঁধে তুলে নেন বোন অঞ্জলি। বর্তমানে প্যারাফিন, জ্বালানি এবং আনুষঙ্গিক রাসায়নিকের দাম আকাশছোঁয়া হওয়ায় সারা বছর আর এই ব্যবসা চলে না, লাভের মুখ দেখাও কঠিন। তবু প্রতি বছর রাসের আগে পুরনো ছাঁচে প্রায় দু’হাজার বিশেষ মোমবাতি তৈরি করেন অঞ্জলি দেবী। বড় গোঁসাই, মদনগোপাল, মঠবাড়ি, গোকুলচাঁদ, বংশীবদন ও কালাচাঁদ বাড়ির মতো শান্তিপুরের একাধিক ঐতিহ্যবাহী বিগ্রহবাড়ির পাশাপাশি সুদূর উলুবেড়িয়া থেকেও ক্রেতারা ছুটে আসেন তাঁর কাছে। অঞ্জলি দেবীর কথায়, “এটা অর্থের জন্য নয়, দাদার জনপ্রিয় ব্যবসাটিকে বাঁচিয়ে রাখতে এবং কেবল ঠাকুর ও শান্তিপুরের রাসের প্রতি ভালোবাসা থেকেই করি।

Scroll to Top