শীতের বাজারে নতুন অলিভ বডি অয়েল

৩৬৫ দিন। পরিচিত তেলের ব্যবসা থেকে ব্যক্তিগত পরিচর্যার বাজারে পা। আর লক্ষ্য, পাঁচ বছরে ৪০০ কোটি টাকার ব্যবসা। সেই বড় অঙ্কের স্বপ্ন সামনে রেখে নতুন পণ্য, উৎপাদন পরিকাঠামো এবং বিপণনে জোর দিতে চলেছে শ্রাভি ন্যাচারালস প্রাইভেট লিমিটেড। শীতের বাজার ধরতে কেএমপি অলিভো বডি অয়েল দিয়ে নতুন বিভাগে আত্মপ্রকাশ। ব্যবসা সম্প্রসারণে ১০০ কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনাও ঘোষণা করেছে
সংস্থা। শীতের বাজার ধরতে নতুন তেল। দীর্ঘদিনের তেল ব্যবসার অভিজ্ঞতাকে হাতিয়ার করে ব্যক্তিগত পরিচর্যার বাজারে নিজেদের জমি শক্ত করতে চাইছে শ্রাভি ন্যাচারালস। কেএমপি ব্র্যান্ডকে নতুন প্রজন্মের ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য। অলিভো বডি অয়েল দিয়ে যাত্রা শুরু হলেও আগামী দিনে চুল ও শরীরের যত্নের একাধিক পণ্য বাজারে আনার পরিকল্পনা রয়েছে। নারকেল, আমন্ড, জেসমিন, সর্ষে, অ্যালোভেরা ও চামেলি তেলের মতো পণ্যের সম্ভারও ধাপে ধাপে বাড়ানো হবে।
দাম কম, বাজার দখলের লক্ষ্য বড়
১০০ মিলিলিটারের অলিভো বডি অয়েলের দাম ৯৫ টাকা, ২০০ মিলিলিটার ১৭৫ টাকা এবং ৫০০ মিলিলিটার ৩২৫ টাকা। শুরুতে ‘একটি কিনলে একটি বিনামূল্যে’ ছাড়ও দেওয়া হচ্ছে। প্রায় ৬০০ কোটি টাকার বডি অয়েল বাজারে আগামী পাঁচ বছরে ২০ শতাংশ অংশীদারিত্ব দখলের লক্ষ্য সংস্থার। সেই লক্ষ্য কতটা বাস্তবসম্মত, তা নির্ভর করবে পণ্যের গুণমান, বিপণন, সরবরাহ এবং ক্রেতাদের আস্থা অর্জনের উপর।
উৎপাদনে নিজস্ব জোর, কর্মী বাড়বে আড়াই গুণ
শুধু পণ্য বাজারে ছেড়ে দেওয়া নয়, উৎপাদন ব্যবস্থার উপরেও নিয়ন্ত্রণ বাড়াতে চাইছে সংস্থা। আগামী অর্থবর্ষের মধ্যে নিজস্ব উৎপাদন কেন্দ্র গড়ার পরিকল্পনা রয়েছে। প্রায় ১০০ কোটি টাকা বিনিয়োগ করা হবে উৎপাদন, পণ্য উন্নয়ন, প্রচার, কর্মী নিয়োগ ও ব্যবসা সম্প্রসারণে। বর্তমানে সংস্থার কর্মী সংখ্যা প্রায় ২০০। আগামী তিন বছরে তা বাড়িয়ে ৫০০ করার লক্ষ্য নেওয়া হয়েছে।
পূজার সামগ্রীও ব্যবসার অন্যতম স্তম্ভ
ব্যক্তিগত পরিচর্যার পাশাপাশি পূজার সামগ্রীর ব্যবসাকেও সমান গুরুত্ব দিচ্ছে শ্রাভি ন্যাচারালস। প্রভা ও আরতি ব্র্যান্ডের অধীনে ল্যাম্প অয়েল ও ঘি বাজারে রয়েছে। পশ্চিমবঙ্গকে প্রাথমিক বাজার হিসেবে ধরে সাধারণ দোকান ও বড় বিপণন কেন্দ্র-দুই মাধ্যমেই পণ্য পৌঁছে দেওয়ার পরিকল্পনা। পরবর্তী পর্যায়ে পূর্ব ভারতের অন্য রাজ্যগুলিতে ব্যবসা ছড়িয়ে দেওয়ার লক্ষ্য রয়েছে। ব্র্যান্ডের পরিচিতি বাড়াতে অভিনেত্রী দর্শনা বণিককে কেএমপি-র মুখ করা হয়েছে। বিনোদন জগতের পরিচিত মুখকে সামনে রেখে নতুন ক্রেতাদের আকৃষ্ট করার কৌশল নিয়েছে সংস্থা। সংস্থার ব্যবস্থাপনা পরিচালক রমেশ আগরওয়াল জানিয়েছেন, পরিচিত ব্র্যান্ডকে নতুন সময়ের ক্রেতাদের চাহিদার সঙ্গে মানানসই করে তোলাই তাঁদের উদ্দেশ্য। তবে পরিচিতির উপর ভর করে বাজারে প্রবেশ করলেই সাফল্য নিশ্চিত নয়। প্রতিযোগিতার বাজারে দাম, গুণমান, সরবরাহ ও
ক্রেতার আস্থা-এই চারটি ক্ষেত্রেই ধারাবাহিক লড়াই চালাতে হবে শ্রাবী ন্যাচারালসকে। পাঁচ বছরে ৪০০ কোটির লক্ষ্যমাত্রা সেই লড়াইয়েরই বড় পরীক্ষা।

Scroll to Top