এবার বাংলাদেশে সংবিধান সংশোধন

৩৬৫ দিন। জাকির হোসেন, ঢাকা। শেখ হাসিনার দল আওয়ামী লীগকে এ বার পাকাপাকি ভাবে বাংলাদেশের রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার ভাবনা। প্রয়োজনে দেশের সংবিধান সংশোধন করতেও প্রস্তুত সরকার এবং বিরোধী শিবির। শনিবার এমনই দাবি করলেন বাংলাদেশের স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তাঁর এই মন্তব্যের মধ্যেই নতুন করে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে সে দেশে। নড়াইলে আওয়ামী লীগ নেতাদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, বিভিন্ন জেলায় সীমান্তরক্ষী বাহিনী মোতায়েন এবং পোশাকশ্রমিকদের বিক্ষোভ ঘিরে চাপ বাড়ছে প্রধানমন্ত্রী তারেক রহমানের বিএনপি সরকারের উপর। শনিবার রংপুরে একটি অনুষ্ঠানে শাহে আলম বলেন, ‘‘আওয়ামী লীগকে স্থায়ী ভাবে নিষিদ্ধ করতে সংবিধান সংশোধনের প্রয়োজন হলে সরকার এবং বিরোধী দল একসঙ্গে সেই কাজ করবে।’’ তবে সংবিধান সংশোধনের কোনও প্রস্তাব এখনও সংসদে পাশ হয়নি। বাংলাদেশে বর্তমানে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যকলাপের উপর নিষেধাজ্ঞা রয়েছে। ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদের নামে দু’টি স্টেডিয়ামের উদ্বোধন করতে গিয়ে হাসিনার দলের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন প্রতিমন্ত্রী। তাঁর দাবি, পেট্রলবোমা হামলা-সহ সাম্প্রতিক হিংসার ঘটনায় আওয়ামী লীগ কর্মীরা জড়িত। যদিও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণেই রয়েছে বলে আশ্বাস দিয়েছেন তিনি। এ দিকে, রাজনৈতিক উত্তেজনার মধ্যেই শুক্রবার নড়াইলের কালিয়া এলাকায় আওয়ামী লীগ নেতাদের একের পর এক বাড়িতে হামলা চালানো হয়। ভাঙচুরের পাশাপাশি বেশ কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। আক্রান্তদের মধ্যে রয়েছেন প্রাক্তন সাংসদ কবিরুল হক মুক্তি এবং প্রাক্তন পুরপ্রধান মুশফিকুর রহমান লিটন। স্থানীয় প্রশাসনের হিসাবে, অন্তত ১৫ থেকে ২০টি বাড়িতে ভাঙচুর হয়েছে। দমকলের তথ্য অনুযায়ী, আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে ৫০টিরও বেশি আবাসিক কাঠামো। পুলিশ জানিয়েছে, বুধবার একটি মিছিলে বিএনপির দুই স্থানীয় নেতা নিহত হওয়ার পরেই এলাকায় উত্তেজনা ছড়ায়। ওই হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতেই পরবর্তী হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে অনুমান। নিহতদের আত্মীয়স্বজন এবং আরও কয়েক জনের বিরুদ্ধে হামলায় জড়িত থাকার অভিযোগ উঠেছে। তবে তদন্ত এখনও শেষ হয়নি। দেশজুড়ে অরাজক পরিস্থিতি সামাল দিতে ঢাকা-সহ সাত জেলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৯০ প্লাটুন মোতায়েনের ব্যবস্থা করেছে প্রশাসন।
এর মধ্যে ৮৬ প্লাটুনকে বিভিন্ন এলাকায় দায়িত্ব দেওয়া হয়েছে। বাকি চার প্লাটুন রাখা হয়েছে সংরক্ষিত বাহিনী হিসাবে। হাসিনার নিজের জেলা গোপালগঞ্জেই মোতায়েন হয়েছে সর্বাধিক ২৯ প্লাটুন। অন্য দিকে, ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনার বিরুদ্ধে সরাসরি অশান্তিতে উস্কানি দেওয়ার অভিযোগ তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার তিনি বলেন, ‘‘সেখানে বসেই তিনি এখন অগ্নিসংযোগ এবং হিংসাত্মক কর্মকাণ্ডে উস্কানি দিচ্ছেন।’’ আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে কড়া অবস্থান নিয়েছেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরও। তাঁর দাবি, হিংসাত্মক কর্মকাণ্ডের কারণে রাজনীতি করার অধিকার হারিয়েছে হাসিনার দল। এর মধ্যেই আওয়ামী লীগের বিরুদ্ধে সরকারের অবস্থানকে ‘শর্তসাপেক্ষে’ সমর্থনের বার্তা দিয়েছে বিরোধী জামায়াতে ইসলামী। দলের মহাসচিব মিয়া গোলাম পরওয়ার জানিয়েছেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর তৈরি সংস্কার প্রস্তাবের ‘জুলাই সনদ’ বাস্তবায়ন করলেই আওয়ামী লীগের বিরুদ্ধে সরকারকে সহযোগিতা করবে জামায়াত। গণভোটের রায় উপেক্ষা করা হচ্ছে বলে অভিযোগ তুলে শনিবার থেকে বিক্ষোভের কর্মসূচিও ঘোষণা করেছে দলটি। শুধু রাজনৈতিক সংঘাত নয়, পোশাকশিল্পের শ্রমিক অসন্তোষও অস্বস্তি বাড়াচ্ছে ঢাকার। ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনের জেরে শনিবার সাভারের অন্তত ১২টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। হিংসাত্মক ঘটনায় জড়িত থাকার অভিযোগে শ্রমিক সংগঠনের পাঁচ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সব মিলিয়ে এক দিকে হাসিনার দলকে স্থায়ী ভাবে নিষিদ্ধ করার আলোচনা, অন্য দিকে রাজনৈতিক হিংসা ও শ্রমিক বিক্ষোভ। বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক রাখাই এখন বড় চ্যালেঞ্জ তারেক রহমানের সরকারের কাছে। আর হাসিনার ভারত-অবস্থান এবং তাঁকে ফেরত পাঠানো নিয়ে ঢাকা-দিল্লির টানাপড়েনের মধ্যে আওয়ামী লীগের ভবিষ্যৎ সংক্রান্ত এই নতুন অবস্থান বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।

Scroll to Top