৩৬৫ দিন।যুগান্তকারী আবিষ্কার বললেই চলে। চাঁদের মাটিতে সফল ভাবে আলু চাষ করে দেখালেন বিজ্ঞানীরা।আকারে খানিক ছোট,ওজন এক একটির ওজন পাঁচ থেকে ২০ গ্রামের মধ্যে। কিন্তু খাদ্য ও পুষ্টিগুণ স্বাভাবিক পৃথিবীর মাটিতে ফলা আলুর মতই। কৃত্রিম ভাবে তৈরি করা চাঁদের মাটিতে সফল ভাবে আলু চাষ করে বিজ্ঞানীমহলে সাড়া ফেলে দিয়েছেন আমেরিকার ওরেগন স্টেট ইউনির্ভাসিটির উদ্ভিদ-জীববিজ্ঞানী অ্যামেরিক গয়ার এবং তাঁর সহযোগীরা। আমেরিকা এবং চিন— দুই দেশই চন্দ্রপৃষ্ঠ নিয়ে আরও বিশদ গবেষণা করতে চাইছে। চাঁদে শুধু মহাকাশচারী পাঠানোই নয়, সেখানে লম্বা সময় ধরে অভিযান চালাতে চাইছে তারা। চাইছে সেখানেই আস্তানা গেড়ে বসে গবেষণা চালানোর। কিন্তু সেই ভাবনার পথে অন্যতম প্রতিবন্ধকতা হয়ে উঠেছে খাবারের জোগান। কারণ, এত লম্বা সময়ের জন্য পৃথিবী থেকে খাদ্য সামগ্রী নিয়ে যাওয়ার ভাবনা বাস্তবসম্মত নয়। এ বার সেই প্রতিবন্ধকতা কাটার এক সম্ভাবনা তৈরি হল।আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসার সহায়তায় এই গবেষণা চালিয়েছেন ওরেগন স্টেট ইউনিভার্সিটির বিজ্ঞানীরা। বৃহস্পতিবার এনপিজে মাইক্রোগ্র্যাভিটি জার্নালে এই গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। চাঁদ থেকে আনা পাঁচ রকমের মাটিতে গবেষকরা মোডক প্রজাতির আলু ফলিয়েছেন। লালচে খোসা ও সাদা শাঁসের এই আলু খুব দ্রুত বড় হয়। আর ফলও মিলেছে হাতেনাতে।
চাঁদের দক্ষিণ মেরুতে স্থায়ী ঘাঁটি গড়ার পরিকল্পনা রয়েছে চিন এবং আমেরিকার। কিন্তু পৃথিবী থেকে সব খাবার বয়ে নিয়ে যাওয়া অসম্ভব। তাই চাঁদেই চাষাবাদ জরুরি। বিজ্ঞানীদের মতে, আলু থেকে প্রচুর ক্যালোরি পাওয়া যায়। এতে কলার চেয়েও বেশি পটাশিয়াম, ভিটামিন সি, প্রোটিন এবং ফাইবার রয়েছে। এমনকী আলু খেলে অনেকক্ষণ পেটও ভরা থাকে।
কিভাবে পরীক্ষা সফল হল
গ্রিনহাউসের ছোট টবে এই পরীক্ষা চালানো হয়েছিল। ফলে আলুগুলির ওজন ১০ গ্রামের কম হয়েছে। বিজ্ঞানীরা এখনও সেই আলু চেখে দেখেননি, সবই ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পরীক্ষায় দেখা গিয়েছে, এই আলু খাওয়ার জন্য নিরাপদ এবং পুষ্টিগুণও অটুট রয়েছে। তবে কয়েকটি নমুনায় সামান্য ভারী ধাতু মেলায় আরও নজরদারি প্রয়োজন বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।মহাকাশে আলু চাষের চেষ্টা অবশ্য নতুন নয়। ২০১৭ সালে পেরুর আন্তর্জাতিক আলু কেন্দ্র জানিয়েছিল, মঙ্গল গ্রহের পরিবেশেও আলুর অঙ্কুরোদ্গম সম্ভব। চলতি বছরের শুরুতে নাসার মহাকাশচারী ডন পেটিট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে প্লাস্টিকের ব্যাগে একটি বেগুনি আলু ফলিয়েছিলেন। তার নাম দিয়েছিলেন
স্পাডনিক। অভিকর্ষ না থাকায় সেটির শিকড় নীচের বদলে উপরের দিকে উঠে গিয়েছিল। পেটিট জানিয়েছিলেন, হলিউডের দ্য মার্শিয়ান সিনেমায় অভিনেতা ম্যাট ডেমনের আলু চাষ দেখেই তিনি অনুপ্রাণিত হয়েছিলেন।চাঁদের মাটিতে আলুর পাশাপাশি অন্যান্য ফসল নিয়েও কাজ চলছে। গত মার্চেই কেঁচো সার মিশিয়ে চাঁদের মাটিতে ছোলা ফলানো হয়েছিল। এ ছাড়া টমেটো, লেটুস এবং আলফালফা নিয়েও গবেষণা চলছে। এই গবেষণার সহ-লেখক ডেভিড হ্যান্ডি জানিয়েছেন, এই প্রযুক্তি পৃথিবীরও কাজে লাগবে। মরুভূমি, ঘনবসতিপূর্ণ শহর এবং দূষিত অনুর্বর জমিতে ফসল ফলাতে এই পদ্ধতি দারুণ কার্যকরী হবে।
যুগান্তকারী আবিষ্কার মহাকাশ বিজ্ঞানীদের
চাঁদের মাটিতে ফলল আলু
- khabar365din
- November 22, 2026
- 1:37 pm
- No Comments






