হরিয়ানার সঙ্গী রাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ

৩৬৫ দিন। কুরুক্ষেত্রের পবিত্র ভূমিতে আন্তর্জাতিক গীতা মহোৎসবের আসরে এবার বাংলার প্রতিনিধিত্ব হতে চলেছে। আগামী ৫-২৫ ডিসেম্বর আন্তর্জাতিক গীতা মহোৎসব-২০২৬ অনুষ্ঠিত হতে চলেছে। হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়ব সিং সাইনির উদ্যোগে আয়োজিত এই মহোৎসবে এবছর পার্টনার স্টেট হিসেবে অংশগ্রহণ করবে পশ্চিমবঙ্গ। এই উপলক্ষে কুরুক্ষেত্রে হরিয়ানার মুখ্যমন্ত্রীর সঙ্গে সাংবাদিক বৈঠকে যোগ দিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী উমেশ রাই। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রতিনিধি হিসেবে তাঁর অর্পিত দায়িত্ব পালনে এই
কর্মসূচিতে অংশ নেন তিনি। তাঁর এই উপস্থিতি আন্তর্জাতিক গীতা মহোৎসবে পশ্চিমবঙ্গের অংশগ্রহণের গুরুত্বকে সামনে নিয়ে এসেছে। ধর্মীয় ভাবনা ও আধ্যাত্মিক দর্শনের পাশাপাশি ভারতের সাংস্কৃতিক  বৈচিত্র্য তুলে ধরার অন্যতম মঞ্চ হিসেবে পরিচিত এই মহোৎসবে এবার বাংলার
ঐতিহ্য ও সাংস্কৃতিক পরিচিতি তুলে ধরার সুযোগ তৈরি হচ্ছে। এদিন গীতামনীষী পূজ্য স্বামী জ্ঞানানন্দজি মহারাজের সান্নিধ্য ও আশীর্বাদ গ্রহণ করেন উমেশ রাই। আগামী ৫ থেকে ২৫ ডিসেম্বরের এই আয়োজন দুই রাজ্যের সাংস্কৃতিক  যোগাযোগ, ঐতিহ্যের বিনিময় এবং পারস্পরিক সম্পর্ককে আরও মজবুত করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।

Scroll to Top