লোডশেডিংয়ের সমস্যা মেটাতে আদানি গোষ্ঠীর সঙ্গে চুক্তি স্বাক্ষর রাজ্য বিদ্যুৎ পর্ষদের

৩৬৫ দিন। বাংলায় সিপিএমের আমলে প্রায়শই বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে স্লোগান উঠত – আর নেই দরকার, লোডশেডিংয়ের সরকার। সেই স্লোগান এখন আর বাংলার রাজনীতিতে সোনা না গেলেও পশ্চিমবঙ্গের গ্রামীণ এলাকায় লোডশেডিং এর সমস্যা এখনো রয়ে গিয়েছে ভীষণভাবে। পশ্চিমবঙ্গের গ্রামীনে এলাকার মানুষের পাশাপাশি কলকাতা শহর রাজ্যের শহরাঞ্চলের মানুষের বিদ্যুৎ সমস্যার সমাধান করতে বা লোডশেডিং চিরতরে দূরীকরণ করার লক্ষ্যে তাই এবারে আদানি গোষ্ঠীর সঙ্গে চুক্তিবদ্ধ হল পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ উন্নয়ন পর্ষদ। পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থাকে আগামী ২৫ বছরের জন্য বিদ্যুৎ সরবরাহের বরাত পেয়েছে আদানি গোষ্ঠী। তবে তাৎপর্যপূর্ণভাবে এই সরবরাহ করা বিদ্যুৎ পুরোটাই হবে পরিবেশ বান্ধব অর্থাৎ অপ্রচলিত শক্তি থেকে উৎপন্ন করা বিদ্যুৎ শক্তি। ই-রিভার্স অকশন বা প্রতিযোগিতামূলক দরপত্র প্রক্রিয়ার মাধ্যমেই পিটিএসএল এই বরাত পেয়েছে বলে সংস্থার তরফে দাবি করা হয়েছে আদানি গোষ্ঠীর তরফে।
পশ্চিমবঙ্গ সরকারের নিয়ন্ত্রণাধীন রাজ্য বিদ্যুৎ পর্ষদের সঙ্গে আদানি গোষ্ঠীর নিয়ন্ত্রণাধীন পাওয়ার প্লাস ট্রেডিং সলিউশন আগামী ২৫ বছর ধরে এই অপ্রচলিত উৎস থেকে তৈরি বিদ্যুৎ সরবরাহ করবে। চুক্তি অনুযায়ী, ২৫ বছর ধরে ১৭৫০ মেগাওয়াট পরিবেশবান্ধব বিদ্যুৎ জোগাবে আদানি পাওয়ার। এছাড়া নতুন বিদ্যুৎ প্রকল্প তৈরি করারও কথা রয়েছে। সেখান থেকে আরও ৭৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করবে আদানি গোষ্ঠী। ২০২৮ সালের ১ জুলাই থেকে ১৭৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হবে। আর নতুন প্রকল্পের উৎপাদিত বিদ্যুৎ দেওয়া হবে ২০২৯ সালের ১ এপ্রিল থেকে। আদানি গোষ্ঠী সূত্রে জানা গিয়েছে, ৪.৬ গিগাওয়াট সৌর ও হাওয়াচালিত শক্তি ব্যবহৃত হবে এবং ৩.৬ গিগাওয়াট শক্তি উৎপাদনের কাজ হবে ব্যাটারিচালিত শক্তির মাধ্যমে। উৎপাদনের পাশাপাশি বিদ্যুৎ সরবরাহ, স্মার্ট মিটারের কাজও করবে আদানি এনার্জি সলিউশনস লিমিটেড।
পশ্চিমবঙ্গ বিদ্যুৎ পর্ষদ নিগম অর্থাৎ রাজ্য সরকারের অধীনস্ত সংস্থার মাধ্যমে গোটা রাজ্যে এই বিদ্যুৎ সরবরাহের দায়িত্ব নিচ্ছে আদানি এনার্জি সলিউশনস লিমিটেড। এতে বিদ্যুৎ ঘাটতি নিয়ে সমস্যা বা লোডশেডিং সমস্যার সমাধান দ্রুত ও মসৃণভাবে হবে বলে আশা রাজ্য সরকারের। এই চুক্তি স্বাক্ষর প্রসঙ্গে আদানি এনার্জি সলিউশনস লিমিটেডের তরফে সিইও কন্দর্প প্যাটেল জানান, পুনর্ব্যবহারযোগ্য শক্তি অর্থাৎ পরিবেশবান্ধব বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে আমাদের সংস্থা অগ্রণী ভূমিকা নিচ্ছে। গোটা দেশে এই মুহূর্তে তার চাহিদাও তুঙ্গে। পশ্চিমবঙ্গ সরকার ডব্লিউবিএসইডিসিএল-এর সঙ্গে আমাদের উপর বিদ্যুৎ সরবরাহের দায়িত্ব দেওয়ায় আমরা খুশি। এই চুক্তি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে কাজের ক্ষেত্র আরও বিস্তৃত হল বলে মনে করছি।
পশ্চিমবঙ্গে বাড়ছে আদানিদের বিনিয়োগ
এবারের বিধানসভা নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা নিয়ে জয়ের পরের শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরেই গত সেপ্টেম্বর মাসের নিউটাউনে আদানি আরোগ্য মন্দিরের ভূমি পূজা অনুষ্ঠানে এসে রাজ্যে বিনিয়োগ বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানি। প্রতিশ্রুতি দিয়েছিলেন আগামী ২০৩৫ সালের মধ্যে পশ্চিমবঙ্গে ১ লক্ষ কোটি টাকা বিনিয়োগ করবে আদানি গোষ্ঠী। পশ্চিমবঙ্গে অপ্রচলিত বিদ্যুৎ তৈরির জন্য ইতিমধ্যেই রাজ্যের বেশ কয়েকটি জায়গায় নতুন প্লান্ট তৈরি করার জন্য রাজ্য সরকারের কাছে আদানি-গোষ্ঠী আগ্রহ প্রকাশ করেছে বলে জানা গিয়েছে।
স্বচ্ছতা নিয়ে সরকারের জবাবদিহি তলব তৃণমূল
আদানি গোষ্ঠীর সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের এই চুক্তি স্বাক্ষরের পরেই গোটা প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে আজ মমতা তৃণমূলের পক্ষ থেকে কার্যত রাজ্য সরকারের জবাবদিহি তলব করা হয়েছে। মমতা তৃণমূলের এক্স হ্যান্ডেল থেকে পোস্ট করে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গের সম্পদ এবং দীর্ঘমেয়াদী বিদ্যুৎ চুক্তিতে স্বচ্ছতা থাকা উচিত, কর্পোরেট দৈত্যদের অগ্রাধিকার নয়। তৃণমূলের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা উল্লেখ করে বলা হয়েছে, কেউ কেউ অতিরিক্ত সুবিধা পাচ্ছেন। অথচ সাধারণ মানুষ মৌলিক সেবার জন্য ঘুরে বেড়াচ্ছেন। সরকার আসলে কার কাছে জবাবদিহি করছে এবং এই পক্ষপাতিত্ব কেন?

Scroll to Top