এক হাতে রিভলবার দাঁতে কামড়ে গোলাপ
কিং ছবির নতুন লুকে তোলপাড়

৩৬৫ দিন। আজ ফির ইয়াদ আয়া… কাতিল নহি, আশিক হুঁ। এক হাতে বন্দুক, ঠোঁটের ফাঁকে গোলাপ। চোখেমুখে আগুনঝরা অভিব্যক্তি, শরীর জু়ড়ে আঘাতের চিহ্ন। বিপজ্জনক অথচ রোম্যান্টিক— দুয়ের মিশেল ধরা পড়ল শাহরুখ খানের নতুন ছবিতে। তাঁর আসন্ন ছবি ‘কিং’-এর নতুন ঝলক নিয়ে উন্মাদনা তৈরি হয়েছে।কোভিড পরবর্তী সময়ে ২০২৩-এ তাঁর ছবিতে ঝড় তুলেছিলেন বক্স অফিসে। তিনি বলিউড সুপারস্টার শাহরুখ খান। বছর তিনেক পরে এ বার ‘কিং’ রূপে ফিরছেন অভিনেতা। যার একঝলকে কেঁপেছে বাজার। বুক খোলা শার্ট, বন্দুক হাতে গোলাপে কামড়। নতুন পোস্টারে এ ভাবেই হাজির বলিউড বাদশা। ষাট বছর বয়সেও অভিনেতা এমন চমক দিতে পারে অনেকেই হয়তো ভাবতে পারেননি।পোস্টের ক্যাপশনে অভিনেতা লিখেছেন, ‘আজ ফির ইয়াদ আয়া, কাতিল নেহি, আশিক হুঁ…।’ একটা সময়ে রোম্যান্টিক হিরো হিসেবে পরিচিত হলেও, পরবর্তীকালে নিজেকে ভেঙেচুরে অ্যাকশন হিরো রূপে তৈরি করেছেন শাহরুখ।অভিনেতাকে এমন রূপে দেখে ভক্তদের উন্মাদনা তুঙ্গে। কেউ লিখেছেন, ‘আশিক রূপে ফিরে এসেছে চারিদিকে রাজত্ব করতে।’ কারও মতে আবার, ‘এই জন্যই তুমি সুপারস্টার’। নায়ক ও খলনায়কের চরিত্রে অভিনয়ের পার্থক্য প্রসঙ্গে শাহরুখ বলেন, ‘মানুষ প্রায়ই নায়ক ও খলনায়কের মধ্যে একটি সীমারেখা টানে। কিন্তু আমি কখনওই এই ভেদাভেদে বিশ্বাস করিনি। কেরিয়ারের শুরুতে আমি ‘ডর’-এর মতো চরিত্রে অভিনয় করেছি, যে চরিত্রটিকে আজকের মানদণ্ডে খলনায়ক বা স্টকার বলা হতো। এরপর এলো ‘ডন’, ‘আঞ্জাম’, ‘বাজিগর’, সবগুলোতেই আমি ছিলাম খলনায়ক।’প্রসঙ্গত, প্রায় ৪০০ কোটি টাকায় তৈরি হয়েছে শাহরুখ অভিনীত ‘কিং’। ২০২৬ সালের ২৪ ডিসেম্বর মুক্তি পাবে ‘কিং’। আরও বেশ কয়েকটি বড় ছবির সঙ্গে প্রতিযোগিতায় নামবে এই ছবি। যার মধ্যে রয়েছে ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’, ‘ডুন: পার্ট থ্রি’ এবং নাগার্জুনের ১০০তম ছবি ‘কিং১০০’।প্রসঙ্গত, ২০২৫ সালে শাহরুখ খানের জন্মদিনের দিন ২ নভেম্বর ছবিটির নাম ঘোষণা করা হয়। সেখানে তিনি অ্যাকশন হিরো অবতারে ধরা দেন, এবং লেখেন, ‘ভয় নই, আমি আতঙ্ক।’ এরপর এই বছরের গোড়ার দিকে ছবিটির মুক্তির দিন ঘোষণা করা হয়।

‘কিং’ ছবিটিতে শাহরুখ খান ছাড়াও মুখ্য ভূমিকায় দেখা যাবে সুহানা খান, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, রানি মুখার্জি, জয়দীপ আহলাওয়াট, রাঘব জুয়াল, প্রমুখ। এই প্রথমবার মেয়ে সুহানার সঙ্গে স্ক্রিন ভাগ করবেন শাহরুখ খান। সুহানা ২০২৩ সালে ‘আর্চিজ’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন। কিন্তু বড়পর্দায় মুক্তি পাওয়া তাঁর প্রথম ছবি হবে ‘কিং’। এই ছবির পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ। এর আগে ‘পাঠান’ ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন সিদ্ধার্থ এবং শাহরুখ। ছবিটির প্রযোজনা করছে রেড চিলিজ এন্টারটেইনমেন্ট।

Scroll to Top