মোহনবাগান ক্লাবে জোড়া ট্রফি, পানোসকে সময় দিতে চান কর্তারা

৩৬৫ দিন। রোহন রায় চৌধুরী। দীর্ঘদিন পর মোহনবাগান একই বছরে কলকাতা লিগ এবং আইএফএ শিল্ড চ্যাম্পিয়ন হয়েছে এবার। কিন্তু তাতেও মোহনবাগান দলের খেলা যে খুব একটা ভালো হচ্ছে এমন নয়। ইন্ডিয়ান সুপার লিগ শুরু হয়ে গিয়েছে। তিনটে ম্যাচ খেলা হয়ে গেছে বাগানের। প্রথম ম্যাচে হার, তারপর দিল্লি এবং চেন্নাইয়ের বিরুদ্ধে জিতেছে দল। কিন্তু এত ওজনদার দল হওয়া সত্ত্বেও মোহনবাগানের ফুটবল দেখে আনন্দ পাচ্ছেন না দর্শকরা। ব্যক্তিগত মুন্সিআনায় বেরিয়ে যাচ্ছে ম্যাচ। কিন্তু একটা বড় দলের খেলার মধ্যে যে বোঝাপড়া থাকা উচিত সেটা পাওয়া যাচ্ছে না। ফিটনেস ১০০ শতাংশ নয় এখনও পর্যন্ত। তাই এটা নিয়ে প্রশ্ন উঠছে এতদিন সময় পেয়ে কি করলেন নতুন গ্রিক কোচ। শোনা যাচ্ছে মোহনবাগান সুপার জায়েন্ট ম্যানেজমেন্ট কোচকে নাকি কয়েকটা ম্যাচ সময় দিতে চায়। কেউ বলছে দু ম্যাচ, কেউ বলছে তিন ম্যাচ পর তার ভাগ্য নির্ধারণ হয়ে যেতে পারে। কিন্তু এদিন অর্থাৎ বুধবার দুপুরে মোহনবাগান ক্লাব তাঁবুতে ছিল জোড়া ট্রফি জয়ের সেলিব্রেশন। সেখানে ক্লাবের পতাকা তোলা হয় এবং মিষ্টি খাওয়া হয়। উপস্থিত ছিলেন কোচ এবং ক্যাপ্টেন শুভাশিস বসু। মোহনবাগানের পক্ষ থেকে দেবাশীষ দত্ত এবং সৃঞ্জয় বসু কোচের ওপর ভরসা রাখতে বলেন সমর্থকদের। তারা বলেন এর আগে যারা কোচ হয়ে এসেছেন প্রত্যেকেই শুধু মোহনবাগান সুপার জায়ান্ট নিয়ে ভাবতেন।
পানোস তাদের তুলনায় অনেক বেশি আন্তরিক এবং তার মোহনবাগান ক্লাবের ইতিহাস নিয়ে লেখাপড়া আছে। তিনি বিশ্বাস করেন সুপার জয়েন্ট ম্যানেজমেন্ট শুধু নয় মোহনবাগান জনতার ক্লাব। ঐতিহাসিক প্রেক্ষাপট তার কাছে গুরুত্ব পায়। তাই এমন একজন ম্যানেজারকে সময় দিলে ভবিষ্যতে ভালো হবে বলে জানান মোহনবাগান ক্লাবের দুই কর্তা। অতীতের উদাহরণ টেনে তারা বলেন যে বছর মোহনবাগানকে আই লিগ চ্যাম্পিয়ন করেছিলেন কিবু, সেবারও তার খেলার দর্শন এবং স্টাইলের সঙ্গে প্রথমে মানিয়ে নিতে পারছিলেন না ফুটবলাররা। তখনও সমর্থকরা সমালোচনা করেছিলেন। কিন্তু দেবাশীষ এবং সৃঞ্জয় দুজনেই মনে করেন প্রথম একটা বছর সময় দিলে এই কোচ সাফল্য দেবেন। তারা বিশ্বাস করেন এত খারাপ সময়ের মধ্যেও দশটা খেলায় দল আটটা ম্যাচ জিতেছে। তাই এখনই গেল গেল রব তোলার প্রয়োজন নেই। প্রত্যেক প্লেয়ার একসঙ্গে ফিট থাকলে এই মোহনবাগান দল আরও ভালো খেলবে। সমর্থকদের তাই একটু ধৈর্য ধরতে বলেছেন তারা। অতীতে অনেক সময় দেখা গিয়েছে আইএসএলে একটা দল মাঝপথ থেকে পিকআপ নিয়েছে। মোহনবাগানের ক্ষেত্রেও সেটা হতে পারে বলে মনে করছেন কর্তারা। একেবারেই প্রথমে চতুর্থ গিয়ারে পৌঁছে গেলে পরে সেই দল নিচে চলে যায়। তাই একটু একটু করে এগোনাই ভালো। মোহনবাগানের অধিনায়ক শুভাশিস বলেন, আমরা বড় দল তার প্রমাণ এবছর আমরা ইতিমধ্যেই দিয়েছি দুটো ট্রফি চ্যাম্পিয়ন হয়ে। মানছি নিজেদের যোগ্যতা অনুযায়ী সেরা পারফরমেন্স দিতে পারিনি এখনও। কিন্তু সবাইকে বলব আমাদের সেরা সময়টা তাড়াতাড়ি আসছে। ইন্ডিয়ান সুপার লিগ জিতে আমরা তিন নম্বর ট্রফি জিততে চাই। ইন্ডিয়ান সুপার লিগ লম্বা টুর্নামেন্ট। চোট আঘাত এবং কার্ড সমস্যা থাকবেই। এটা আমরা জানি। তবুও সমর্থকদের বলছি আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্যই মাঠে নামছি এবং শেষ পর্যন্ত সেটাই আমাদের টার্গেট থাকবে।

Scroll to Top