ইন্দ্রনীল সেন গ্রেফতার

৩৬৫ দিন। তদন্তকারী সংস্থা তথ্য প্রমাণ পেয়েছে বলেই গ্রেফতার করেছে। আজ রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন গ্রেপ্তার হওয়ার পরেই এভাবে ইন্দ্রনীলের বিরুদ্ধে অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দুর্গাপুজোর পাস বিক্রি করার নামে কোটি কোটি টাকা জালিয়াতির অভিযোগে কলকাতা পুলিশ আজ গ্রেপ্তার করেছে রাজ্যের প্রাক্তন তথ্য ও সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী তথা প্রাক্তন পর্যটন মন্ত্রী ইন্দ্রনীল সেনকে। নবান্নে আজ ক্যাবিনেট বৈঠকের পরে ইন্দ্রনীল সেনের গ্রেপ্তারি প্রসঙ্গে শুভেন্দু বলেন, যা পরিণতি হওয়ার হচ্ছে। প্রাতিষ্ঠানিক চোরেদের সব জেলে যেতে হবে। ঠিক সময়ে বড় জায়গাতেও হাত পড়বে।
তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার গঠনের আগে সিপিএমের সঙ্গে ইন্দ্রনীল সেনের যে ঘনিষ্ঠতা ছিল, গ্রেফতারির পর সে কথা মনে করালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের নাম না করে বুদ্ধবাবুর মেয়ের স্বেচ্ছাসেবী সংস্থায় ইন্দ্রনীল সেনের কি যোগাযোগ ছিল সেই খোঁচাও দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, গায়কদের খাম থেকে টাকা বের করে নিতেন। বউয়ের ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার নামে তথ্যপ্রযুক্তি দপ্তর থেকে টাকা নিয়েছেন। সিঙ্গুরে খামারবাড়ি বানিয়েছেন। আমাদের ২ কামরার ফ্ল্যাটের বেশি থাকার জায়গা পেলাম না। উনি ছিলেন সিপিএমেরও ব্লু আইড বয়। প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীর মেয়ের এনজিও-র সঙ্গে যুক্ত ছিলেন। সময়ে সময়ে জলের যেমন আকার ধারণ করে তেমন আকার ধারণ করেন। বিজেপির তো দরজা বন্ধ। সরকার বদলের পর প্রশংসা শুরু করেছিলেন। বিজেপির কাছে তাতেও ওসব হবে না। আইনি প্রক্রিয়ায় যা হওয়ার তাই হয়েছে। নন্দীগ্রাম আন্দোলনের সময় ইন্দ্রনীল সেন সিপিএমের হয়ে গান গাইতেন, কথা বলতেন। তিনিই পরবর্তীতে তৃণমূল সরকারের মন্ত্রী হন।
সিপিএমের সঙ্গে বইয়ের সম্পর্ক কোথায়?
দুর্গাপুজোর সময় সিপিএম সহ বামপন্থীদের বিভিন্ন স্টলে ভাঙচুর নিয়ে বিজেপি তথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সিপিএম এর পক্ষ থেকে যে সমস্ত অভিযোগ তোলা হয়েছে আজ তার তীব্র প্রতিক্রিয়া দেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, সিপিএমের সঙ্গে বইয়ের সম্পর্ক কি? আমি তো জানতাম সিপিএমের সঙ্গে সম্পর্ক মাওবাদীদের। সিপিএমের সঙ্গে সম্পর্ক জনযুদ্ধের। সিপিএমের স্লোগান জিহাদি, আজাদী। সিপিএমের স্লোগান ধর্ম মানে আফিম। কোন ধর্ম নেই আমরা নাস্তিক। সূর্যকান্ত মিশ্র বলেছেন আমার গায়ে পৈতে নেই। আমি ধর্ম মানিনা। সুজন চক্রবর্তীর একই বক্তব্য দেখেছি। আমি আগের মুখ্যমন্ত্রীর বক্তব্য দেখেছি যেখানে মন্দির গড়তে গেলে মাথা ভেঙে দেব। আমি দেখেছি সিপিএম এর বক্তব্য, আরএসএস পরিচালিত স্কুলগুলোতে নাকি গুন্ডা তৈরি হয়। আমি সিপিএমের লোকেদের উল্টো করে আলিমুদ্দিন স্ট্রিটে জাতীয় পতাকা অনেকদিন পরে তুলতে দেখেছি। আমি সিপিএমের মিছিলে কখনো স্বামী বিবেকানন্দের ছবি দেখিনি। চে গুয়েভারার ছবি লাগানো টি-শার্ট পরতে দেখেছি। আমি কমিউনিস্টদের মুখে বলতে শুনেছি নেতাজি হল তোজোর কুকুর। আমি কমিউনিস্টদের মুখে শুনেছি রবীন্দ্রনাথ হলো বুর্জোয়া কবি। আমি কমিউনিস্টদের মুখে শুনেছি বন্দেমাতরম পূর্ণাঙ্গ গাওয়া যাবে না কারণ সাম্প্রদায়িকতা রয়েছে পূর্ণাঙ্গ বন্দেমাতরমে। সিপিএমের সঙ্গে বইয়ের কি সম্পর্ক আমি তো খুঁজে পাইনি।
আন্টি ও বেবি-র জয়েন্ট ভেঞ্চার চলছে
সম্প্রতি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সিপিএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এম এ বেবির মধ্যে চিঠি চালাচালি ও ফোনালাপের প্রেক্ষিতে দুই দল ইস্যুভিত্তিক কাছাকাছি আসার প্রেক্ষিতে আজ তীব্র ব্যঙ্গ করলেন শুভেন্দু। তিনি বলেন, এটা আন্টি আর বেবি-র জয়েন্ট ভেঞ্চার। বেবি মানে জানেন লাল পার্টির বেবি। দুজনে এখন বন্ধু হয়েছে খুব।
প্রত্যক্ষ রাজনীতি করতে পারবেন না শিক্ষকরা
পশ্চিমবঙ্গে 2026 সালের বিধানসভা নির্বাচনে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর এখন থেকে যারা সরকারি শিক্ষক পদে চাকরি পাবেন তারা আর কোনদিন প্রত্যক্ষ রাজনীতি করতে পারবেন না বলে আজ সিদ্ধান্ত গ্রহিত হয়েছে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে। মুখ্যমন্ত্রী বলেন, নতুন যে শিক্ষক-শিক্ষিকা নিয়োগ হবে, তাঁরা প্রত্যক্ষ রাজনীতি করতে পারবেন না। ভারতের কোনও রাজ্যে শিক্ষকরা সরাসরি রাজনীতির সঙ্গে থাকেন না। পশ্চিমবঙ্গ সরকার আজ ক্যাবিনেটে একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে। আজকের পর থেকে যে শিক্ষক-শিক্ষিকা নিয়োগ হবেন, তাঁরা অন্যান্য রাজ্যের মতো প্রত্যক্ষ রাজনীতিতে অর্থাৎ পঞ্চায়েত, পুরসভা, লোকসভা, বিধানসভায় লড়তে পারবেন না। প্রত্যক্ষ রাজনীতি করতে পারবেন না। যারা ইতিমধ্যে রাজনীতির সঙ্গে যুক্ত আছেন, যে অধিকার তাঁরা পেয়েছেন, সেই অধিকার আমরা খর্ব করছি না।
ক্যাবিনেট বৈঠকে একগুচ্ছ সিদ্ধান্ত
দুর্গা পুজোর পর আজ রাজ্য মন্ত্রিসভার প্রথম ক্যাবিনেট বৈঠকে নতুন কর্মসংস্থানের পাশাপাশি একগুচ্ছ প্রশাসনিক সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। ক্যাবিনেটে চোরবাগানে নিহতদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানানোর পাশাপাশি তাদের পরিবারের একজনকে চাকরি দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তিনি বলেন, গত ক্যাবিনেটে প্রায় ৪৫ হাজার পোস্ট সৃষ্টি করা হয়েছিল। আজ সব মিলিয়ে ১১৯৯ অর্থাৎ প্রায় ১২০০ নতুন পোস্ট সৃষ্টি করা হয়েছে। যেগুলো আমরা দ্রুত বিজ্ঞপ্তি জারি ও পরীক্ষার মাধ্যমে নিয়োগ করব। সেইসঙ্গে রাজ্যের নতুন সরকারের শিল্পনীতি আগামী ৫ নভেম্বর ঘোষণা করা হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে বেদান্ত গোষ্ঠীর কর্ণধার ইতিমধ্যেই নবান্নে এসে পশ্চিম বর্ধমানের আসানসোলে একটি ইউনিট তৈরির প্রস্তাব দিয়েছেন বলে জানান তিনি। ‌ এই ইউনিট বাস্তবায়িত হলে প্রায় দশ হাজার কর্মসংস্থান হওয়ার সম্ভাবনা রয়েছে। আসন্ন কালীপুজো উৎসবের সময় সার্বিক আইনশৃঙ্খলা, জনসেবা ও প্রশাসনিক নজরদারি বজায় রাখতে রাজ্যের প্রত্যেক মন্ত্রীকে নির্দিষ্ট একটি করে জেলার অতিরিক্ত দায়িত্ব হস্তান্তর করা হয়েছে।

Scroll to Top