৩৬৫ দিন। শুভদীপ দে হুগলি। আরামবাগে বালিয়া এলাকায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে পড়ে যাওয়ায় চাঞ্চল্য ছড়াল। আহত ৭ পূর্ব বর্ধমানের গোতান-আরামবাগ রুটের বাসটি আরামবাগের দিকে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পুরুষ ও মহিলা মিলিয়ে অন্তত ৭ জন যাত্রী আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায় তাঁদের প্রত্যেকের বাড়ি পূর্ব বর্ধমান জেলায়। এলাকার বাসিন্দাদের তৎপরতায় আহতদের উদ্ধার করে আরামবাগ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনায় মহিলারাও আহত হয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।
অন্যদিকে দুর্ঘটনাকে ঘিরে উঠছে একাধিক প্রশ্ন। কীভাবে যাত্রীবোঝাই বাসটি নয়ানজুলিতে গিয়ে পড়ল? চালকের অসতর্কতা, নাকি যান্ত্রিক ত্রুটি—কোন কারণে এই বিপত্তি, তা এখনও স্পষ্ট নয়। হুগলি গ্রামীণ জেলা পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, বাসের চালক পলাতক। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করছেন পুলিশ আধিকারিকরা। বালিয়ায় নয়ানজুলি থেকে বাসটিকে তোলার চেষ্টা চলছে। বাসের চালকের পলাতক থাকার কারণে তদন্তে নতুন প্রশ্ন তৈরি হয়েছে। দুর্ঘটনার পিছনে গাফিলতি ছিল কি ? আকস্মিক এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন বাসযাত্রীরা। পুরো ঘটনার তদন্ত করতে তৎপর হুগলি গ্রামীণ জেলা পুলিশের আধিকারিকরা।



