সুপার সিক্সে আজ মোহনবাগানের সামনে ইউনাইটেড, তৈরি মনবীররা

৩৬৫ দিন। কলকাতা লিগের শেষ ম্যাচে কোল ইন্ডিয়ার বিরুদ্ধে বড় জয় পেয়েছিল মোহনবাগান। ৫-১ ব্যবধানে একটা ম্যাচ জিতলে একটা দলের মানসিকতা পরিবর্তন হয় এটাই স্বাভাবিক। তাই ইস্টবেঙ্গলের রিজার্ভ দলের কাছে আটকে গেলেও সুপার সিক্সের প্রথম ম্যাচটা ৫ গোল দেওয়া বাগান দলটার কাছে একটা নতুন অক্সিজেনের মত। তবে ফুটবলে রোজ নামলাম আর পাঁচ গোল দিলাম সেটা হয় না। আজ সোমবার মোহনবাগানের সামনে ইউনাইটেড স্পোর্টস। যারা শেষ ম্যাচে দুর্দান্ত খেলে আটকে দিয়েছিল ইস্টবেঙ্গলকে। তাদের কোচ প্রাক্তন ফুটবলার লাল কমল ভৌমিক আগেই জানিয়েছিলেন ইস্টবেঙ্গলের বিরুদ্ধে যেভাবে তার দল দুর্দান্ত ফুটবল উপহার দিয়েছিল, মোহনবাগানের বিপক্ষে তার থেকেও ভালো খেলার চেষ্টা করবে। লাল অতীতে মোহনবাগানে খেলেছেন।
নিজের সময় অত্যন্ত ভালো মানের মিড ফিল্ডার ছিলেন। ফলে এখন কোচ হিসেবেও তার ফুটবল বুদ্ধির পরিচয় পাওয়া যাচ্ছে। ইউনাইটেড দলটা বেশ কিছু প্রতিভাবান ছেলেকে নিয়ে তৈরি করা। যাদের মধ্যে লড়াকু মনোভাব এবং বোঝাপড়া দারুন। প্রশান্ত দাস, শ্রীনাথ, অমরেন্দ্র, আমন যাদবদের মতো ছেলেরা বড় দলের বিপক্ষে নিজেদের প্রমাণ করতে মরিয়া থাকে। আর সেটা যদি ইস্টবেঙ্গল, মোহনবাগানের বিপক্ষে হয় তাহলে এরা দ্বিগুণ মোটিভেশন নিয়ে লড়াই করে। তাই আজ মোহনবাগানের লড়াইটা সহজ হবে না। তাছাড়া আজ মোহনবাগান সম্ভবত পাবে না তাদের অন্যতম ভরসা অভিজ্ঞ তারকা লিস্টনকে। তার একটা হালকা হ্যমস্ট্রিং ব্যথা আছে।
প্র্যাকটিস করছেন যদিও। তবু তাকে নামিয়ে ঝুঁকি নিতে চাইছেন না বাস্তব রায়। কারণ ইউনাইটেড ম্যাচের পর মোহনবাগানের শেষ খেলা মহমেডান দলের বিপক্ষে। লিস্টনকে সেদিন বেশি প্রয়োজন হবে বাগানের। এছাড়া সামনে রয়েছে আইএফএ শিল্ড। তবে ইউনাইটেডর বিরুদ্ধে শুরু থেকেই খেলবেন মনবীর, সহল। কিয়ান, সন্দীপ মালিক, রবি লাল, রাহুলদের লক্ষ্যই থাকবে যত তাড়াতাড়ি ইউনাইটেডের জালে বল জড়িয়ে দেওয়া। এর জন্য আলাদা সেট পিস অনুশীলন করে রাখল সবুজ মেরুন। বাস্তব জানেন ইউনাইটেড কাউন্টার অ্যাটাক করবে। তাই নিজের দলের ডিফেন্সকে কিভাবে দাঁড়াতে হবে এবং দুই দিক থেকে ভেসে আসা বল ক্লিয়ার করতে হবে সেটাও অনুশীলনের মাধ্যমে ঝালিয়ে নেওয়া হল। আগের দিন যেভাবে প্রথম থেকেই গোল ব্যবধান বাড়িয়ে নেওয়ার চেষ্টা করেছিল মোহনবাগান কোল ইন্ডিয়ার বিপক্ষে সোমবার সেটাই লক্ষ্য থাকবে তাদের। তবে ইউনাইটেড সহজে ছাড়বে না। তাই একটা দেখার মতো লড়াই উপহার পাওয়া যাবে ফুটবলপ্রেমীদের জন্য। সায়ন ব্যানার্জি ভালো খেলছেন, কিন্তু গোল করতে পারছেন না সেভাবে। আগের দিন তার প্রচেষ্টা বিপক্ষের বারে লেগে ফিরে এসেছিল। তবে বাম প্রান্ত দিয়ে সায়নের গতি মোহনবাগানের সম্পদ। এখন দেখার নিজের মাঠে দর্শক সমর্থনের মাঝে ইউনাইটেডকে হারিয়ে সুপার সিক্সের দ্বিতীয় জয় পায় কিনা মোহনবাগান।

Scroll to Top