৩৬৫ দিন। তারক চট্টোপাধ্যায়। আসানসোল: জাতীয় সড়ক-১৯ ধরে নৈশ ডিউটিতে যাওয়ার সময় গুলিবিদ্ধ হলেন এক কর্মী। অভিযোগ, ছিনতাইয়ে বাধা দেওয়ায় তাঁকে লক্ষ্য করে পর পর দু’টি গুলি চালায় তিন দুষ্কৃতী। একটি গুলি লাগে তাঁর পায়ে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন সালানপুরের আল্লাডি পঞ্চায়েতের ধাঙ্গুড়ির বাসিন্দা হরিদাস লায়ক (৪৩)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে বাইকে করে আসানসোলের শ্রীহরি গ্লোবাল স্কুলে নৈশ ডিউটিতে যাচ্ছিলেন হরিদাস। দিল্লি পাবলিক স্কুলের কাছে জাতীয় সড়কে আচমকাই তিন মুখোশধারী দুষ্কৃতী বাইক নিয়ে তাঁর পথ আটকানোর চেষ্টা করে বলে অভিযোগ। তাঁর ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা হলে হরিদাস বাধা দেন। এর পরেই তাঁকে লক্ষ্য করে পর পর দু’টি গুলি চালানো হয় বলে অভিযোগ। একটি গুলি তাঁর পায়ে লাগে। গুলিবিদ্ধ হওয়ার পরেও হরিদাস হামলাকারীদের মোবাইলে ভিডিয়ো করার চেষ্টা করেন। এর পরেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুষ্কৃতীরা।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সালানপুর থানার পুলিশ। আহত হরিদাসকে উদ্ধার করে ইএসআই হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাস্থল থেকে একটি ব্যবহৃত কার্তুজের খোল উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ঘটনার তদন্তে নেমে এলাকায় নাকা-চেকিং ও তল্লাশি শুরু করেছে পুলিশ। পাশাপাশি জাতীয় সড়কের আশপাশের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলে পৌঁছন পুলিশ কমিশনার ডঃ প্রণব কুমার, ডিসি ওয়েস্ট সানা আখতার, ডিসি সেন্ট্রাল ধ্রুব দাস-সহ পুলিশের পদস্থ আধিকারিকেরা। ব্যস্ত জাতীয় সড়কের উপর এমন ঘটনায় স্বাভাবিক ভাবেই রাতের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। নৈশ ডিউটিতে যাতায়াতকারী কর্মীদের নিরাপত্তা কতটা নিশ্চিত, সেই প্রশ্নও সামনে এসেছে।
পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত শুরু হয়েছে। জাতীয় সড়কে সিসিটিভিগুলি পরীক্ষা করে দুস্কৃতিদের চিহ্নিত করার কাজ চলছে।




