শুধু গাড়ি নয়, রাজধানীর রাজপথে ২ শক্তিধরের প্রেস্টিজের লড়াই

৩৬৫ দিন। ব্রিকস সম্মেলনে যোগ দিতে শনিবার নয়াদিল্লিতে পৌঁছেছেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। সাত বছর পর তাঁর ভারত সফর ঘিরে যখন কূটনৈতিক মহলে জোর আলোচনা, তখন নজর কেড়েছে শির সরকারি গাড়িও। দিল্লির রাস্তায় তাঁকে নিয়ে ছুটছে চিনের বিশেষ নিরাপত্তাবেষ্টিত সরকারি গাড়ি ‘হংছি এন৭০১’।সাধারণ বাজারে বিক্রি হওয়া কোনও গাড়ি নয় এটি। চিনের শীর্ষ নেতৃত্বের জন্য বিশেষভাবে তৈরি এই গাড়ি সরকারি কাজে ব্যবহৃত হয়। প্রায় সাড়ে পাঁচ মিটার লম্বা গাড়িটিতে গুলিরোধী কাচ, বিশেষ নিরাপত্তাবেষ্টিত চাকা এবং শক্তিশালী বর্ম থাকার কথা জানা গেছে। ছোট বিস্ফোরণ মোকাবিলা এবং রাসায়নিক হামলার ক্ষেত্রে যাত্রীদের সুরক্ষার ব্যবস্থাও থাকার দাবি রয়েছে। তবে গাড়িটির প্রকৃত নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে চিনা সংস্থা হংছি আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানায়নি।গাড়িটির নকশাতেও রয়েছে আলাদা ছাপ। উঁচু সামনের জালিকা, মোটা স্তম্ভ, গাঢ় কাচ এবং গাড়ির গায়ে চিনের রাষ্ট্রীয় প্রতীক;সব মিলিয়ে এটি নিছক বিলাসবহুল গাড়ি নয়, বরং ক্ষমতা ও নিরাপত্তার প্রতীক হিসেবেই তৈরি।
হংছি ব্র্যান্ডের সঙ্গে চিনের রাষ্ট্রীয় নেতৃত্বের সম্পর্ক দীর্ঘদিনের। শি এর আগেও বিদেশ সফরে এই ধরনের গাড়ি ব্যবহার করেছেন। আমেরিকার প্রেসিডেন্টের বিশেষ নিরাপত্তাবেষ্টিত গাড়ি ‘দ্য বিস্ট’-এর সঙ্গে হংছি এন৭০১-এর তুলনাও টানা হচ্ছে।অন্যদিকে বিশ্বের শক্তিধর রাষ্ট্রনেতারা যখন কোনও আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে যান, তখন তাঁদের কনভয়ও হয়ে ওঠে সেই সফরের অন্যতম আকর্ষণ। ব্রিকস সম্মেলন উপলক্ষে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ব্যবহৃত অরাস সেনাত এখন নয়াদিল্লিতে।
এটি শুধুমাত্র একটি বিলাসবহুল লিমুজিন নয়, বরং রাশিয়ার নিজস্ব প্রযুক্তি, শিল্পক্ষমতা এবং রাষ্ট্রীয় নিরাপত্তার প্রতীক হিসেবেও বিবেচিত হয়।পুতিন সাধারণত প্রায় দুই ডজন গাড়ির কনভয়ের সঙ্গে চলাচল করেন তবে বিদেশ সফরের ক্ষেত্রে তাঁর ব্যক্তিগত সরকারি গাড়ি হিসেবে ব্যবহৃত হয় অরাস সেনাত। গাড়িটিকে অনেক সময় ‘চাকার উপর দুর্গ’বলেও বর্ণনা করা হয়।অরাস সেনাত তৈরি হয়েছে রাশিয়ার কোর্তেজ প্রকল্পের অধীনে। এই প্রকল্পের অন্যতম লক্ষ্য ছিল রুশ রাষ্ট্রীয় নেতৃত্বের জন্য বিদেশি গাড়ির বিকল্প তৈরি করা। ২০১৮ সালে অরাস সেনাত প্রথম সামনে আসে। গাড়িটি তৈরি করে অরাস মোটরস, যার সঙ্গে রাশিয়ার রাষ্ট্রীয় গবেষণা প্রতিষ্ঠান ন্যামি, সোলার্স জেএসসি এবং সংযুক্ত আরব আমিরশাহির তাওয়াজুন হোল্ডিং যুক্ত রয়েছে। সেনাতের ডিজাইনে সোভিয়েত আমলের জিস-১১০ লিমুজিনের প্রভাব রয়েছে। গাড়িটির উঁচু, সোজা এবং আনুষ্ঠানিক নকশায় রাশিয়ার পুরনো রাষ্ট্রীয় গাড়ির ঐতিহ্যের ছাপ স্পষ্ট।

Scroll to Top