ব্রিকসের মেনুতে জায়গা করে নিল বাংলার কুচো নিমকি

৩৬৫ দিন। ভারতের বৈচিত্র্যকে শুধু কথায় নয়, খাবারের মাধ্যমেও তুলে ধরার পরিকল্পনা রয়েছে আয়োজকদের। এই ভাবনাতেই এবার ব্রিকসের অতিথিদের জন্য সাজানো হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তের জনপ্রিয় খাবারের সম্ভার। দিল্লির তাজ, লীলা প্যালেস এবং দ্য ললিতের মতো হোটেলগুলির সঙ্গে সমন্বয় করে তৈরি হচ্ছে বিশেষ মেনু। তাজ মহলের তরফে এই আয়োজনের নাম দেওয়া হয়েছে ‘ট্র্যাডিশন টু টেবল’। দেশের উত্তর থেকে দক্ষিণ এবং পূর্ব থেকে পশ্চিম;ছয় রাজ্যের ছয়টি পরিচিত স্বাদকে একই মেনুতে তুলে ধরার পরিকল্পনা করা হয়েছে। কাশ্মীরি আখরোট থেকে শুরু করে দিল্লির ময়দার কাজু, মহারাষ্ট্রের ভাকরওয়াড়ি, রাজস্থানের মিনি কচুরি, বাংলার কুচো নিমকি এবং তামিলনাড়ুর মুরুক্কু;এই ছয় পদই থাকছে বিশেষ তালিকায়। বিভিন্ন রাজ্যের ঐতিহ্যবাহী রান্নায় দক্ষ পাচকরাই এই খাবারগুলি প্রস্তুত করবেন। এই মেনুতে বাংলার কুচো নিমকির উপস্থিতিই বিশেষভাবে নজর কাড়ছে। ময়দা দিয়ে তৈরি ছোট ছোট মুচমুচে নিমকি বাংলার ঘরোয়া খাবারের পরিচিত অংশ। বিশেষ করে শরৎ ও পুজোর মরসুমে বহু বাঙালি বাড়িতেই এই পদ তৈরি হয়। সেই পরিচিত ঘরোয়া স্বাদই এবার পৌঁছে যাবে আন্তর্জাতিক অতিথিদের টেবিলে। ব্রাজিল, চিন, দক্ষিণ আফ্রিকা, মিশর কিংবা ইরান থেকে আসা প্রতিনিধিরা কূটনৈতিক আলোচনার পাশাপাশি চেখে দেখতে পারবেন বাংলার এই জনপ্রিয় মুখরোচক। একই সঙ্গে দক্ষিণ ভারতের মুরুক্কু, মহারাষ্ট্রের ভাকরওয়াড়ি বা রাজস্থানের মিনি কচুরির মতো আঞ্চলিক স্ন্যাকসও তুলে ধরবে ভারতের খাবারের বৈচিত্র্য।
প্রতিনিধিদের উপহার
ব্রিকসে বিদেশি রাষ্ট্রনেতা, প্রতিনিধিদের স্বাগত জানাতে এ বার শুধু বৈঠক আর কূটনৈতিক আয়োজন নয়। ভারতীয় এক টুকরো ছবিও তুলে ধরা হচ্ছে তাঁদের সামনে। সেই লক্ষ্যেই তৈরি করা হয়েছে বিশেষ একটি ‘গুডি ব্যাগ’। আর তার মধ্যেই রয়েছে ভারতের বিভিন্ন প্রান্তের স্বাদ, শিল্প এবং ঐতিহ্যের ছোঁয়া। ব্যাগ খুললেই প্রথমেই নজরে পড়ছে বিহারের ছাতু। বিহারে অত্যন্ত পরিচিত খাবার, সেখানকার দৈনন্দিন জীবনের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িত। সাধারণত ভাজা ছোলা থেকে তৈরি ছাতু জল মিশিয়ে পানীয় হিসেবেও খাওয়া হয়। এ বার সেই ঘরোয়া খাবারই পৌঁছে যাচ্ছে বিদেশের সাংবাদিক ও রাষ্ট্রনেতাদের হাতে। অর্থাৎ বিশ্বমঞ্চে বিহারের একটি স্থানীয় স্বাদকেও পরিচয় করিয়ে দিচ্ছে ভারত। এ ছাড়া ছাতুর সঙ্গে রয়েছে বিহারের মাখানাও। দেশের অন্যতম পরিচিত এই খাবারকে এ বার আন্তর্জাতিক অতিথিদের সামনে তুলে ধরা হচ্ছে। ছাতু আর মাখানা ; দুই পণ্যই বিহারের খাদ্য ও কৃষি ঐতিহ্যের পরিচয় বহন করছে। কফিপ্রেমীদের জন্যও রয়েছে এক দারুণ চমক। রয়েছে ওডিশার কোরাপুটের কফি। পাহাড়ি এলাকায় উৎপাদিত এই কফি ওডিশার তুলনামূলক কম পরিচিত একটি পরিচয়কে বিশ্বের সামনে নিয়ে আসছে। অর্থাৎ, এই ব্যাগে শুধু দেশের জনপ্রিয় খাবারই নেই। রয়েছে ভারতের বিভিন্ন প্রান্তে তৈরি স্থানীয় পণ্যের গল্পও।

Scroll to Top