সাম্প্রতিক ‘দায়রা’ সিনেমা প্রশ্ন তুলেছে
এনকাউন্টার vsআদালত

৩৬৫ দিন।সায়ন্তী অধিকারী। নিজের হাতে আইন তুলে নেওয়া, নিজেকেই বিচারক ভেবে অপরাধের শাস্তি নির্ধারণ করা,কতটা যুক্তিযুক্ত? অপরাধী শাস্তি পাওয়ার যোগ্য, কিন্তু সেই শাস্তি কে দেবে? রাষ্ট্রের আইন-আদালত, নাকি ক্ষোভে ফুঁসতে থাকা কোনও পুলিশ?যে মনে করছে প্রচলিত বিচারব্যবস্থা ব্যর্থ? দেশের আইন-আদালত কি তবে ক্রমশ অর্থহীন হয়ে পড়বে? বিচারব্যবস্থার দীর্ঘসূত্রতা কি মানুষকে এমন এক জায়গায় দাঁড় করিয়ে দিচ্ছে, যেখানে ন্যায়বিচারের অপেক্ষা না করে নিজের মতো করে শাস্তি দেওয়াটাই সহজ পথ বলে মনে হচ্ছে? মেঘনা গুলজার পরিচালিত দায়রা ছবিটি দেখতে দেখতে এমন অস্বস্তিকর প্রশ্নগুলিই মাথায় ঘুরতে থাকে। ছবিটি যেন একদিকে গণ-আদালত, অন্যদিকে ব্যক্তিগত আদালত। আর মাঝখানে দাঁড়িয়ে আইন, নৈতিকতা ও মানুষের ক্রমবর্ধমান অধৈর্য।
অপেক্ষা করতে করতে মানুষ কি বিচারবোধ হারাচ্ছে?
যে মানুষ আর অপেক্ষা করতে রাজি নয়, তার মুখোমুখি এমন একজন, যে বারবার প্রশ্ন তোলে,আমরা আর অপেক্ষা করতে পারছি না কেন?দায়রা এর কেন্দ্রে রয়েছে এই সংঘাত। দ্রুত সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা, ফুঁসতে থাকা রাগ, প্রতিশোধের আকাঙ্ক্ষা এবং তৎক্ষণাৎ ফল পাওয়ার মানসিকতা কি আমাদের বিচারবুদ্ধিকে ক্রমশ আচ্ছন্ন করে ফেলছে? বিচারপ্রক্রিয়া যখন দীর্ঘ হয়, তখন ন্যায় ও নৈতিকতা কি মানুষের কাছে অপ্রয়োজনীয় বাধা হয়ে ওঠে? জীবন কি সব সময় নিয়ম মেনে চলার নাম, নাকি কখনও নিয়ম ভেঙে নিজের বিবেকের কথা শোনাই বেশি জরুরি?
এই প্রশ্নগুলির কোনও সহজ উত্তর নেই। আর সেই উত্তর খুঁজতে গিয়েই মেঘনা গুলজার তাঁর ছবিকে নিছক অপরাধের গল্পের বাইরে নিয়ে যান। তিনি এমন এক সমাজের ছবি তুলে ধরেন, যেখানে অপরাধের বিচার চাইতে চাইতে মানুষ কখন যেন বিচারক হওয়ার বাসনাও পোষণ করতে শুরু করেছে।
পুলিশের পোশাকে দুই বিপরীত দর্শন
সমাজ ও মানুষের আচরণের দ্বৈততা নিয়ে কাজ করতে বরাবরই আগ্রহী মেঘনা গুলজার এই নৈতিক সংকটকে ধীরগতির, কিন্তু ক্রমশ উত্তেজনা বাড়ানো এক পুলিশি অনুসন্ধানের মোড়কে সাজিয়েছেন। এখানে চেনা পুলিশ বনাম অপরাধীর লড়াই নেই। বরং মুখোমুখি দুই পুলিশ আধিকারিক-দু’জনেই নিজেদের কাজকে সঠিক মনে করেন, দুজনেই মানুষের জন্য লড়ছেন বলে বিশ্বাস করেন। অথচ তাঁদের ন্যায়বিচারের সংজ্ঞা সম্পূর্ণ আলাদা।অজুনি বিশ্বাস(করিনাকাপুর)করেন, পুলিশের দায়িত্ব আইনের নির্ধারিত গণ্ডির মধ্যে থেকেই পালন করতে হবে। অপরাধ যত ভয়াবহই হোক, পুলিশ নিজের হাতে বিচার করতে পারে না। অন্যদিকে রমন(পৃথ্বীরাজ সুকুরমান)চালিত হন অপরাধের শিকার মানুষ এবং তাঁদের পরিবারের প্রতি প্রবল দায়বদ্ধতা থেকে। তাঁর কাছে বিচার কেবল আদালতের রায় নয়, অসহায় মানুষের ক্ষত, যন্ত্রণা এবং দীর্ঘ অপেক্ষারও উত্তর।কিন্তু কোথায় শেষ হয় ন্যায়বিচার, আর কোথা থেকেই শুরু হয় প্রতিশোধ? রমন কি নিজের দায়িত্ববোধ থেকে এমন সিদ্ধান্ত নিচ্ছেন, নাকি তাঁর ক্ষোভই ক্রমশ বিবেচনাবোধকে গ্রাস করছে? ছবির সবচেয়ে আকর্ষণীয় দ্বন্দ্ব হয়ে ওঠে এই প্রশ্নটাই।
রমনের ক্ষোভ বনাম অজুনির আইনি যুক্তি
রমনের ক্ষোভের কারণ বোঝা কঠিন নয়। নারী নির্যাতন, নৃশংস অপরাধ, বিচার পেতে বছরের পর বছর অপেক্ষা, অপরাধীর আইনের ফাঁক গলে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা-এই সবই তাঁর মধ্যে জমে থাকা ক্ষোভকে উসকে দেয়। তাঁর যুক্তি আবেগের, কিন্তু সেই আবেগের শিকড় সমাজের বাস্তব অভিজ্ঞতায়। দর্শক তাই তাঁর অবস্থানের সঙ্গে সহজেই একাত্ম হয়ে পড়তে পারেন।অন্যদিকে অজুনির বক্তব্য আরও কঠিন, কিন্তু মৌলিক। পুলিশ যদি নিজেই বিচারক, জুরি এবং শাস্তিদাতা হয়ে ওঠে, তা হলে আইনের শাসন আর ব্যক্তিগত ক্ষমতার মধ্যে পার্থক্য কোথায় থাকবে? অপরাধীর অপরাধ প্রমাণ করার দায়িত্ব পুলিশের, শাস্তি নির্ধারণ করার নয়। আইনকে নিজের সুবিধামতো ব্যাখ্যা করার অধিকার কোনও আধিকারিকের নেই। আজ একজন অপরাধীকে শাস্তি দিতে গিয়ে আইন ভাঙা হলে, কাল সেই ক্ষমতা অন্য কারও হাতে গিয়ে নিরপরাধ মানুষকেও বিপন্ন করতে পারে।
চিত্রনাট্যের গভীরতা
ছবির চিত্রনাট্য আরও গভীর হতে পারত। রমনের যুক্তি যতটা আবেগঘন ও দৃশ্যমান, অজুনির পাল্টা যুক্তি ততটা ধারালো হয়ে ওঠে না। আইন মেনে চলার প্রয়োজনীয়তা ছবিতে রয়েছে, কিন্তু সেই অবস্থানের পক্ষে আরও শক্তিশালী বৌদ্ধিক এবং আবেগের ভিত তৈরি করা যেত। অজুনির বক্তব্য অনেক সময় নীতির মধ্যে সীমাবদ্ধ থেকে যায়, রমনের ক্ষোভ দর্শকের মনে অনেক বেশি জায়গা করে নেয়।
আইন ভাঙার পর ন্যায়বিচারের দায় কার?
এই দ্বন্দ্বকে আরও কঠিন করে তুলতে পারত কিছু প্রশ্ন। একজন পুলিশ যখন ঠিক করেন, কোন আইন মানবেন আর কোন আইন উপেক্ষা করবেন, তখন তাঁর সিদ্ধান্তের দায় নেবে কে? অপরাধীর শাস্তি নিশ্চিত করতে গিয়ে যদি তদন্তের নিয়ম ভাঙা হয়, প্রমাণের বিশ্বাসযোগ্যতা নষ্ট হয়, কিংবা ভুল ব্যক্তিকে শাস্তি দেওয়া হয়, তখন সেই অন্যায়ের দায় কি একইভাবে স্বীকার করা হবে? অপরাধীর বিরুদ্ধে ক্ষোভ থাকলেই কি পুলিশের বেআইনি কাজ বৈধ হয়ে যায়?এই প্রশ্নগুলির গভীরতা অজুনির চরিত্রকে আরও শক্তিশালী করতে পারত। কারণ বিচারব্যবস্থার দুর্বলতা স্বীকার করা এবং সেই দুর্বলতার সুযোগ নিয়ে আইন ভেঙে ফেলার মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে। কিন্তু ছবিতে দুই পুলিশ আধিকারিকের সংঘাত থাকলেও, তাঁদের যুক্তির ওজন সব সময় সমানভাবে অনুভূত হয় না। রমন অনেক সময় আবেগের জোরে এগিয়ে যান, অজুনি সেখানে তুলনায় সংযত এবং কিছুটা একমুখী।
গণ-আক্রোশ, মিডিয়া ট্রায়াল এবং তাৎক্ষণিক শাস্তির মানসিকতা
দায়রা এর নৈতিক প্রশ্নগুলি শুধু পুলিশের মধ্যে সীমাবদ্ধ নয়। এই ছবি আমাদের সমাজের দিকেও তাকাতে বাধ্য করে। সামাজিক মাধ্যমে অপরাধের খবর প্রকাশের সঙ্গে সঙ্গেই শাস্তির দাবি ওঠে। মানুষ তদন্ত শেষ হওয়ার আগেই অভিযুক্তকে অপরাধী বলে ঘোষণা করে দেয়। আদালতের রায় আসার আগেই জনমত রায় দিয়ে বসে। গণ-আক্রোশ, মিডিয়া ট্রায়াল এবং তাৎক্ষণিক শাস্তির দাবি ক্রমশ বিচারপ্রক্রিয়ার উপর চাপ তৈরি করে।কিন্তু বিচার কি জনপ্রিয়তার ভিত্তিতে হতে পারে? যে শাস্তি আজ জনতার কাছে ন্যায় বলে মনে হচ্ছে, কাল প্রমাণের অভাবে সেই সিদ্ধান্তই অন্যায় বলে প্রতিপন্ন হতে পারে। জনতার ক্ষোভ অপরাধের বিরুদ্ধে প্রতিবাদ তৈরি করতে পারে, কিন্তু সেই ক্ষোভকে বিচারব্যবস্থার বিকল্প করে তোলা বিপজ্জনক। দায়রা এই প্রশ্নগুলি সামনে আনে। বিচার পেতে বছরের পর বছর অপেক্ষা করতে বাধ্য হওয়া পরিবারগুলির যন্ত্রণা যেমন অস্বীকার করা যায় না, তেমনই ক্ষোভের ভিত্তিতে রাষ্ট্রীয় ক্ষমতার ব্যবহারও সমর্থন করা যায় না।
কিশোর অপরাধ ও সংশোধনের প্রশ্ন
ছবিতে কিশোর অপরাধীদের সুরক্ষা নিয়েও বিতর্কের প্রসঙ্গ উঠে আসে। বিশেষ করে নির্ভয়া-কাণ্ডে অভিযুক্ত কিশোরের বিচার ও পরবর্তী সিদ্ধান্ত ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছিল, তার প্রতিধ্বনি অনুভূত হয়। বয়স কি অপরাধের দায় নির্ধারণের ক্ষেত্রে সব সময় গুরুত্বপূর্ণ? একজন কিশোর অপরাধীকে সংশোধনের সুযোগ দেওয়া উচিত, নাকি অপরাধের ভয়াবহতা বয়সের বিবেচনাকে ছাপিয়ে যাবে?আইন যেখানে সংশোধনের সুযোগ দিতে চায়, সমাজ সেখানে অনেক সময় কঠোর শাস্তির দাবিতে সরব হয়। এই দুই অবস্থানের মাঝখানে রয়েছে অপরাধের শিকার মানুষের যন্ত্রণা, ভবিষ্যৎ অপরাধের আশঙ্কা এবং রাষ্ট্রের দায়িত্ব। দায়রা কোনও সহজ উত্তর দেয় না। বরং প্রশ্নগুলি দর্শকের সামনে রেখে দেয়।
ধীরগতির থ্রিলারে নৈতিক অস্বস্তিই আসল আকর্ষণ
অপরাধ ও রহস্যের ছবির ভিড়ে মেঘনা গুলজারের দায়রা কোনও চেনা হু-ডান-ইট নয়। এখানে অপরাধী কে, সেই প্রশ্নের চেয়ে বড় হয়ে ওঠে অপরাধের পর আমরা কী করতে চাই, সেই প্রশ্ন। অজুনি এবং রমন-দুজনেই জনতার সেবা করছেন বলে বিশ্বাস করেন। কিন্তু সেই সেবার অর্থ কী, তা নিয়েই তাঁদের মতবিরোধ। এই অস্পষ্টতা ছবিকে আকর্ষণীয় করে তোলে, যদিও চিত্রনাট্য দুই পক্ষের যুক্তিকে আরও সমান ধারালো করতে পারত।
রমনের চরিত্রে পৃথ্বীরাজের সংযত আগুন
পৃথ্বীরাজ সুকুমারন ছবির অন্যতম বড় আকর্ষণ। তাঁর অভিনয়ে এক ধরনের সংযত তীব্রতা রয়েছে। ভদ্র হাসির আড়ালে জমে থাকা বিস্ফোরক রাগ, কথার মধ্যে নিয়ন্ত্রিত আক্রমণাত্মক মনোভাব, চোখের ভাষায় ফুটে ওঠা হতাশা-সব মিলিয়ে রমন চরিত্রটিকে বিশ্বাসযোগ্য করে তোলেন। তাঁর রাগ যেন শুধু ব্যক্তিগত নয়, বরং সমাজে নারীর বিরুদ্ধে অপরাধকে স্বাভাবিক করে তোলার প্রবণতার বিরুদ্ধে জমে থাকা ক্ষোভ। সেই ক্ষোভের কারণ দর্শক বুঝতে পারেন, কিন্তু তাঁর পদ্ধতিকে সমর্থন করতে গিয়ে দ্বিধায় পড়েন। এই দ্বিধা তৈরি করাই অভিনেতার সাফল্য।
করিনার অভিনয়ে পরিচিত ছাপ
করিনা কাপুর খান মন্দ নন, কিন্তু তাঁর অভিনয়ে সেই পরিচিত বেবো ছাপ থেকে বেরিয়ে আসা কঠিন হয়ে পড়ে।দ্য বাকিংহাম মার্ডারস ছবিতে তাঁর যে সংযত, বাস্তবঘেঁষা অভিনয় দেখা গিয়েছিল, তার তুলনায় এখানে কিছু দৃশ্যে তিনি বেশি নাটকীয়। বিশেষ করে সংলাপনির্ভর মুহূর্তগুলিতে সেই নাটকীয়তা ছবির অন্য অংশের রুক্ষ ও বাস্তবধর্মী আবহের সঙ্গে পুরোপুরি মেলে না। অজুনি চরিত্রটি আরও দৃঢ়, আরও বুদ্ধিদীপ্ত এবং আরও আবেগগতভাবে জটিল হয়ে উঠলে দুই চরিত্রের সংঘাত ছবিকে অন্য উচ্চতায় নিয়ে যেতে পারত।
সহ-অভিনেতাদের উপস্থিতি ও ছবির সেরা দৃশ্য
রমনের বিশেষ দলের সদস্যদের ভূমিকায় জিতেন্দ্র যোশি ও তৃপ্তি কামরাখর যথাযথ। বিশেষ করে তৃপ্তির একটি তীব্র, নৃশংস ধাওয়া করার দৃশ্য ছবির অন্যতম সেরা মুহূর্ত। দৃশ্যটির গতি, উত্তেজনা এবং শারীরিক অভিঘাত ছবির ধীরগতির মধ্যেও দর্শককে এক ঝটকায় টেনে নেয়। ক্ষিতি জোগও তাঁর চরিত্রে কার্যকর।
শেষ পর্যন্ত বিচার কার হাতে?
দায়রা শেষ পর্যন্ত অপরাধী কে, তার চেয়েও বেশি জানতে চায়-ন্যায়বিচারের নামে আমরা কতদূর যেতে প্রস্তুত? আইন ও নৈতিকতা, পদ্ধতি ও প্রতিশোধ, অপেক্ষা ও রাগের মাঝখানে যে অস্বস্তিকর জায়গাটি তৈরি হয়, ছবির মূল সুর সেখানেই। বিচারব্যবস্থা যদি দেরি করে, তবে কি আইন ভেঙে শাস্তি দেওয়ার অধিকার তৈরি হয়? অপরাধের ভয়াবহতা কি ব্যক্তিগত প্রতিশোধকে ন্যায়বিচার বলে প্রতিষ্ঠা করতে পারে? নাকি আইনকে অতিক্রম করার মুহূর্তেই আমরা সেই ব্যবস্থাকে দুর্বল করে দিই, যার উপর নির্ভর করে নিরাপত্তা ও ন্যায়বিচার?মেঘনা গুলজার সঠিক প্রশ্নগুলি তোলেন। সব প্রশ্নের উত্তর দেন না। আর সেখানেই ছবির শক্তি। চিত্রনাট্য আরও গভীরে যেতে পারত, দুই পক্ষের সংঘাত আরও সমানভাবে নির্মিত হতে পারত। তবু দায়রা দর্শককে শুধু থ্রিলারের উত্তেজনা দেয় না, নিজের বিচারবোধকেও কাঠগড়ায় দাঁড় করায়। কারণ আইন ভাঙার পক্ষে যুক্তি খুঁজে পাওয়া যত সহজ, আইন ভাঙার পর তার পরিণতি বহন করার দায় ততটাই কঠিন।

Scroll to Top