৩৬৫ দিন। তিন মাসেও সন্ধান মেলেনি দেহের, শেষ পর্যন্ত কুশপুতুল তৈরী করে সামশেরগঞ্জের নিহত বিজেপি কর্মী সুজিত মডলের সৎকার করল তার নাবালক ছেলে। রবিবার ধুলিয়ান শ্মশানে সৎকার পর্ব সম্পন্ন হয়। সুজিতের পরিবার জানাচ্ছে, ফারাক্কা ব্যারেজ থেকে যে দেহাংশ উদ্ধার হয়েছিল তার ডিএনএ রিপোর্ট পজিটিভ আসায় তারা প্রতীকী সৎকারের সিদ্ধান্ত নেয়। তাছাড়া নিয়ম মত সৎকার না হলে সরকারি সাহায্য-ও পাওয়া যাবে না তাই বাধ্য হয়ে মৃতদেহের সন্ধান না মেলায় কুশপুতুল বানিয়ে সৎকার করা হল। গত ২৮ আগস্ট নিখোঁজ হয়ে যান ধুলিয়ান পুরসভা ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তথা এলাকার বিজেপি নেতা সুজিত। প্রাথমিক ভাবে এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে তদন্তে গাফিলতির অভিযোগ করেন সুজিতের স্ত্রী এর পরিপ্রেক্ষিতে কয়েকজন পুলিশ অফিসারকে সরিয়েও দেওয়া হয়। তদন্তভার সিআইডি-র হাতে যায়। শামাউল হক, জানি শেখ ও তাজফিরা বিবি নামে তিন জনকে গ্রেপ্তার করা হয়। তাদের জেরা করে পুলিশ গত ৩ সেপ্টেম্বর ফরাক্কার বল্লালপুর ঘাট সংলগ্ন এলাকায় তল্লাশি চালিয়ে সুজিতের দেহের একটি অংশ উদ্ধার করে। যদিও সুজিতের বাকি দেহের আর কোনও খোঁজ পাওয়া যায়নি। অনুমান, দেহ ভেসে যায় দূরে কোথাও। সিআইডি নিশ্চিত হয়ে যায় সুজিতের বাকি দেহ উদ্ধার কার্যত অসম্ভব। সিআইডি তদন্তে উঠে আসে শামাউলের সঙ্গে সুজিতের পূর্ব যোগাযোগ ছিল। তারা সুদে টাকা খাটাত। এই নিয়ে গন্ডোগোলের জেরেই সুজিতকে খুন করে দেহ টুকরো করে তা ব্যারাজে ফেলে দেওয়া হয়। এর মধ্যে আবার ঘটে যায় এক চাঞ্চল্যকর ঘটনা। সুজিত হত্যার পুনর্নির্মাণের সময় ধুলিয়ান বাজার থেকে পালানোর চেষ্টা করে অন্যতম অভিযুক্ত শামাউল। পুলিশের গুলিতে মৃত্যু হয় তার। পুলিশ জানায়, সার্ভিস গান ছিনিয়ে নিয়ে এক পুলিশ অফিসারকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল সে পাল্টা গুলিতে মৃত্যু হয় তার।






