৩৬৫ দিন। শেষ দুটো ম্যাচে পয়েন্ট হারিয়েছে চির প্রতিদ্বন্দ্বি ইস্টবেঙ্গল। সেখানে এই মুহূর্তে ইন্ডিয়ান সুপার লিগের এক নম্বরের রয়েছে মোহনবাগান সুপার জায়েন্ট। এই শীর্ষস্থান ধরে রাখা কতটা কঠিন সেটা মোহনবাগান কোচের থেকে ভালো কে বলতে পারবেন? একটা সময় ছিল যখন এই কোচের প্রচুর সমালোচনা হয়েছে, বদলে দেওয়ার কথা উঠেছে। কিন্তু সবকিছু সামলে নিয়ে বাগানের গ্রিক কোচ আপাতত দলকে ভালো জায়গায় রেখেছেন। রবিবার সন্ধ্যায় গোয়ার মাঠে মোহনবাগানের প্রতিপক্ষ চার্চিল ব্রাদার্স। শক্তিতে মোহনবাগান কিছুটা এগিয়ে থাকলেও গোয়ার মাঠে চার্চিল চিরকাল লড়াকু দল। সেটা যখন তারা আই-লিগ খেলতো, তখনও যেমন ছিল, এখনও তাই। মোহনবাগান কোচ এটুকু অন্তত ভালো ভাবেই জানেন, ডার্বির আগে অতিরিক্ত ঝুঁকি নিয়ে পরীক্ষা-নিরীক্ষার রাস্তায় হেঁটে যদি চার্চিল ম্যাচে খারাপ ফল করে টিম, তাহলে চাপ বাড়বে। ফিফা ফ্রেন্ডলির জন্য দীর্ঘ বিরতিটা ম্যাকলারেনদের চোট সারাতে কাজে লেগেছে বলে মনে করছেন দিলেমপেরিস। বলছিলেন, “এই বিরতিটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ ছিল। চোটের সমস্যায় থাকা বেশ কয়েকজন ফুটবলারকে সুস্থ করে তোলার সুযোগ পেয়েছি। আপুইয়া সুস্থ হয়ে উঠেছে। পাশাপাশি দীর্ঘদিন চোট নিয়ে খেলে যাওয়া এরউইনকে সুস্থ করে তোলা গিয়েছে। মিগুয়েলকেও অনেকটা সুস্থ।” ম্যাকলারেনের ফিরে আসাটা ইতিবাচক দিক হিসাবে দেখছেন দিলেমপেরিস।
গত কয়েকটি ম্যাচে একাধিক গোলের সুযোগ তৈরি করতে পারলেও তা থেকে ধারাবাহিকভাবে গোল করতে ব্যর্থ হয়েছে মোহনবাগান। এমন পরিস্থিতিতে ম্যাকলারেনের ফিরে আসাটা দলের আত্মবিশ্বাস বাড়াচ্ছে বলে মনে করছেন মোহনবাগান কোচ। মিগুয়েল ১০০ শতাংশ ফিট নন। আরো একটা সপ্তাহ লাগবে সম্পূর্ণ তৈরি হতে। আর এই ব্রাজিলিয়ান সম্পূর্ণ ফিট হয়ে গেলে কত বড় অস্ত্র হতে পারেন সেটা ভারতীয় ফুটবলের সকলেই জানেন। একার দক্ষতায় ম্যাচের রং বদলে দিতে পারেন তিনি। সহল আব্দুল সামাদ দীর্ঘদিন মাঠের বাইরে থাকবেন। তবে অপূঁইয়া তৈরি আছেন। বাংলাদেশ থেকে সাফ কাপ চ্যাম্পিয়ন হয়ে ফেরার পর সুহেল আহমদ ছন্দে আছেন। অনিরুদ্ধ থাপা থেকে শুরু করে অভিষেক সূর্যবংশী অথবা অভিজ্ঞ শুভাশিস প্রত্যেকেই জানেন গোয়ার মাঠ থেকে তিনটে পয়েন্ট নিয়ে আসা কতটা জরুরি। তবে মোহনবাগানের কিছুটা চিন্তা ডিফেন্ডার আলবার্তোকে নিয়ে। ইতিমধ্যে তার তিনটি হলুদ কার্ড দেখা হয়ে গিয়েছে। চার্চিলের বিপক্ষে একটা হলুদ কার্ড দেখা মানে ডার্বি খেলতে পারবেন না। তবুও অভিজ্ঞ বিদেশি ডিফেন্ডারকে মাঠে নামাবেন কোচ। সঙ্গে থাকবেন রাহুল অথবা মেহতাব। নিজেদের ডিফেন্স শক্ত রেখেই চার্চিলের ওপেন স্পেস খুঁজে নিয়ে আক্রমণ করার কৌশল ঝালিয়ে নিল বাগান। সেট পিস মুভমেন্ট এবং সিচুয়েশন প্র্যাকটিস নিয়েও চলল চর্চা। প্রথমার্ধেই গোল তুলে নিতে চায় মোহনবাগান। তাহলে চার্চিলকে যেমন চাপে রাখা যাবে, সেভাবেই আরো ওপেন জায়গা তৈরি হবে গোল করার। তবে দর্শক সমর্থন থাকবে গোয়ার দলের পক্ষে। তবে মোহনবাগান কোচ আশাবাদী সবকিছু সামলে তার দল তিনটে পয়েন্ট নিয়ে কলকাতায় ফিরতে পারবে।ইন্ডিয়ান সুপার লিগে আজচার্চিল ব্রাদার্স বনাম মোহনবাগান সরাসরি দেখা যাবে ইউটিউবে, সন্ধ্যা সাড়ে সাতটা।
মোহনবাগানের সামনে আজ চার্চিল, ফিরছেন জেমি, নেই মিগুয়েল
- khabar365din
- November 21, 2026
- 1:49 pm
- No Comments






