৩৬৫ দিন। নতুন বছরের শুরুতেই হতে চলেছে পাহাড়ের তিন পুরসভার নির্বাচন। তার আগেই নবান্নে এসে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দীর্ঘক্ষণ একান্ত বৈঠক করলেন গোর্খা জনমুক্তি মোর্চা প্রধান বিমল গুরুং। তাঁর সঙ্গে ছিলেন রোশন গিরিও। এবারের বিধানসভা নির্বাচনের আগেই সরাসরি বিজেপির প্রতি সমর্থন জানানোর কথা জানিয়েছিলেন গোর্খা জন মুক্তি মোর্চার প্রধান। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভোটের আগেই ঘোষণা করেছিলেন রাজ্যে বিজেপির সরকার গঠন হলে যুক্তিসঙ্গতভাবে পাহাড়ের মানুষের দীর্ঘদিনের দাবি মেনে পাহাড় সমস্যার সমাধান করা হবে। ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার ইন্টারলোকিউটর নিয়োগ করে পাহাড় সমস্যার সমাধানের জন্য আলোচনা শুরু করেছে। তার মধ্যেই আজ নবান্নে মুখ্যমন্ত্রী সঙ্গে বৈঠকে বসলেন বিমল গুরুং। মুখ্যমন্ত্রীর সঙ্গে নির্বাচন নিয়ে অথবা পাহাড় সমস্যা নিয়ে কোন আলোচনার কথা যদিও স্বীকার করেননি গোর্খা জন মুক্তি মোর্চার দুই নেতা।
গোর্খা জনমুক্তি মোর্চার সূত্রে জানা গিয়েছে, পাহাড়ের বিভিন্ন প্রশাসনিক ক্ষেত্রে দাবী দেওয়া জানানোর পাশাপাশি আগামী মাসে অর্থাৎ ডিসেম্বরে পাহাড়ের দীর্ঘকালীন ঐতিহ্যবাহী তিস্তা উৎসবে যোগ দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে আজ আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছেন বিমল গুরুং। সেই সঙ্গে আজকের বৈঠকে জিটিএ বা গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের স্থবিরতা কাটিয়ে কাজকর্মে গতি আনার পাশাপাশি অতীতে জিটিএ-তে হওয়া আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগগুলির যথাযথ তদন্তের দাবি জোরালোভাবে তুলে ধরেন তাঁরা। একইসঙ্গে বিগত সরকারের আমলে রাজনৈতিক কারণে মোর্চার নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলি প্রত্যাহারের বিষয়েও মুখ্যমন্ত্রীর সদর্থক হস্তক্ষেপ দাবি করেছেন গুরুং-গিরিরা। এছাড়া পাহাড়ের চিকিৎসা ব্যবস্থার বেহাল দশা কাটাতে দার্জিলিং ও কালিম্পংয়ের স্বাস্থ্য পরিকাঠামোর আমূল সংস্কারের প্রস্তাবও মুখ্যমন্ত্রীর কাছে পেশ করা হয়েছে। বৈঠকে উপস্থিত থাকা দার্জিলিংয়ের বিধায়ক নোমান রাই পুরো আলোচনাটিকে অত্যন্ত ফলপ্রসূ বলে জানান। তিনি বলেন, পাহাড়ের মানুষের দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভ, জিটিএ-র অচলাবস্থা এবং দুর্নীতির বিষয়গুলি আমরা মুখ্যমন্ত্রীর নজরে এনেছি। বিগত সরকারের আমলে আমাদের কর্মীদের বিরুদ্ধে যে সমস্ত মামলা দায়ের হয়েছিল, সেগুলি প্রত্যাহারের বিষয়েও কথা হয়েছে। পাশাপাশি পাহাড়ের স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়ন এবং আসন্ন তিন পুরসভার নির্বাচন নিয়ে আমাদের ভাবনাচিন্তা মুখ্যমন্ত্রীকে জানিয়েছি। উনি অত্যন্ত ধৈর্য সহকারে আমাদের প্রতিটি কথা শুনেছেন এবং দ্রুত পদক্ষেপের আশ্বাস দিয়েছেন। সবচেয়ে আনন্দের বিষয় হল, আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে মুখ্যমন্ত্রী আগামী 9 ডিসেম্বর দার্জিলিংয়ে তিস্তা উৎসবে আসছেন এবং 10 ডিসেম্বর কালিম্পং যাবেন। তাঁর এই সফর পাহাড়ের উন্নয়নে নতুন দিগন্ত খুলে দেবে।
নবান্নের কন্ট্রোলরুমে মুখ্যমন্ত্রী
ওড়িশার গোপালনগর এলাকায় ল্যান্ডফল করেছে ঘূর্ণিঝড় আকভান। ইতিমধ্যেই এই ঘূর্ণিঝড় এর প্রভাবে গত প্রায় ৪৮ ঘন্টা ধরে লাগাতার বৃষ্টি হয়ে চলেছে বাংলা জুড়ে। আগামী দু’দিন রাজ্যজুড়ে অতি বৃষ্টির আশঙ্কার কথা শুনিয়েছে আবহাওয়া দপ্তর। এর ফলে রাজ্যের কোথাও যাতে কোন সমস্যা তৈরি না হয়, তার জন্য আজ নিজের পূর্বনির্ধারিত পুরুলিয়া জেলা সফর বাতিল করে নবান্নে বিশেষ কন্ট্রোল রুম থেকে গোটা রাজ্যের পরিস্থিতি মোকাবিলার জন্য সারাক্ষণ মনিটরিং করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজে। মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, রাজ্য পুলিশের ডিজি এবং রাজ্যের সমস্ত জেলার জেলা শাসকদের সঙ্গেও বৈঠক করেন মুখ্যমন্ত্রী। পরিস্থিতি মোকাবিলার জন্য সবরকম পদক্ষেপের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। দুর্যোগ মোকাবিলায় পুলিশ ও প্রশাসনের মধ্যে সমন্বয় বজায় রাখার উপর গুরুত্বের কথা বলা হয়েছে। জেলায় জেলায় চাষের জমি ও ফসলের কী ক্ষয়ক্ষতি হয়েছে, সেই বিষয়েও খোঁজ নেন মুখ্যমন্ত্রী।






