প্রতিদিন জীবন জলে লড়াই অন্বেষার

৩৬৫ দিন। আয়ুষ্মান দে। হুগলি। জীবনের লড়াইয়ের গল্পটা অনেকটা বড় পুরনো চশমা, ধার করা টাকা, তবু জলে সোনার ঝলক—অন্বেষার লড়াই শুধু পদকের নয় প্রতিবন্ধকতা ৫০ শতাংশ, সামর্থ্য এই অর্থে সীমিত, উপযুক্ত পরিকাঠামোর অভাব রয়েছে, তবু জাতীয় মঞ্চে তিন তিনটে পদক। হুগলির জিরাটের অন্বেষার সাফল্য প্রশ্ন তুলছে, প্রতিভার পাশে দাঁড়ানোর দায় কি শুধু পরিবারের নাকি অন্য কারোর?
একদিকে পদকের ঝলক চোখে পড়ে, কিন্তু সেই পদকের পিছনে জমে থাকা অন্ধকার অভাবের লড়াইটা আড়ালেই থেকে যায়। এক বছরের বেশি পুরনো সাঁতারের চশমা, নামমাত্র সরঞ্জাম, প্রতিযোগিতায় যাওয়ার জন্য ধার করা টাকা আর প্রতিদিন অমানুষিক পরিশ্রম কয়েক ঘণ্টার কঠোর অনুশীলন, এইটুকু সম্বলেই জাতীয় প্যারা সুইমিং চ্যাম্পিয়নশিপে জোড়া সোনা ও একটি ব্রোঞ্জ জিতে ঘরের মেয়ে ফিরেছে জিরাট তিনচরের অন্বেষা দাস। ডান পায়ের জন্মগত গঠনগত ত্রুটি, ৫০ শতাংশ শারীরিক প্রতিবন্ধকতা—কোনওটাই তার স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়াতে পারেনি।
ভোপালের প্রকাশ সুইমিং পুলে ১২ থেকে ১৫ নভেম্বর অনুষ্ঠিত ২৬তম জাতীয় প্যারা সুইমিং চ্যাম্পিয়নশিপে প্রথমবার সিনিয়র বিভাগে নেমেই নজির গড়েছে জিরাট কলোনি হাই স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্রী। ১০০ মিটার ব্রেস্ট স্ট্রোকে সাত প্রতিযোগীর মধ্যে প্রথম, ২০০ মিটার মিডলেতে চারজনের মধ্যে প্রথম হয়ে দুটি সোনা। ১০০ মিটার বাটারফ্লাইয়ে পাঁচজনের মধ্যে তৃতীয় হয়ে ব্রোঞ্জ। ১৮ থেকে ৬০ বছর বয়সিদের সিনিয়র বিভাগে এই সাফল্য তার লড়াইকে অন্য মাত্রা দিয়েছে।

Scroll to Top