৩৬৫ দিন। রাজীবের সঙ্গে বিয়ের পর দিল্লি এসে সোনিয়া এক সম্পূর্ণ ভিন্ন পরিবেশে এসে পড়েন। এই পরিবেশে হাসি ঠাট্টা মজা যেন ঢাকা পড়ে যায় রাজনীতির চাপা উত্তেজনায়। তবে দ্রুত সেই পরিবেশে অভ্যস্ত হয়ে উঠছিলেন সোনিয়া। যেন সাইড লাইনে বসে এক রোমাঞ্চকর ম্যাচ দেখছিলেন, যেখানে এক মহিলা রাজনীতিবিদ, ইন্দিরা গান্ধি দশহাত তুল্য দু’হাতে প্রতিদ্বন্দ্বীদের সামলাচ্ছেন। রক্তাক্ত হচ্ছেন আবার প্রত্যাঘাত করছেন, সোনিয়া লিখছেন, একজন নারী হয়ে আরেক নারীর লড়াই দেখেছি আর মুগ্ধ হয়েছি।
কংগ্রেসে ‘সিন্ডিকেট’, মোরারজি-ইন্দিরা দ্বৈরথ
সোনিয়া লিখছেন, ১৯৬৪ সালে জওহর লাল নেহেরুর মৃত্যুর পর ইন্দিরা রাজ্যসভার সাংসদ হন। লালবাহাদুর শাস্ত্রীর পরামর্শে তাঁর মন্ত্রিসভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী হন ইন্দিরা। কিন্তু ততদিনে কংগ্রেসে এক সিন্ডিকেট তৈরী হয়ে গিয়েছে। এদের কাজ ছিল সরকারের নীতিকে কিছু বিশেষ ব্যক্তি, শিল্পপতিদের স্বার্থে চালিত করা। কংগ্রেস দল যে সমাজতান্ত্রিক ভাবধারার পথীকৃত ছিল তা থেকে দলকে সরিয়ে নিয়ে গিয়ে বিপথে চালনা করার অপচেষ্টা জোর কদমে শুরু হয়ে গিয়েছিল। ১৯৬৬ সালের জানুয়ারিতে আচমকা প্রয়াত হন লাল বাহাদুর শাস্ত্রী। সেই সিন্ডিকেটের নেতারা আরো উঠে পড়ে লাগে। কংগ্রেস সংসদীয় দলের নির্বাচনে তারা ইন্দিরার বিরুদ্ধে মোরারজি দেশাইকে প্রার্থী করে। ইন্দিরা জিতে যান শেষ পর্যন্ত দেশ প্রথম কোনও মহিলা প্রধানমন্ত্রী পায় কিন্তু ইন্দিরা জানতেন তাঁর পথ মোটেই ফুলের পাপড়ি বিছানো নয় বরং সেখানে কাঁটা এমন ভাবে ছড়ানো রয়েছে যে তাঁর রক্তাক্ত হওয়া এক প্রকার নিশ্চিত। ওই বছর নভেম্বরে ইন্দিরা তাঁর এক বন্ধুকে একটি চিঠি লেখেন এই সিন্ডিকেট নিয়ে যার বয়ান এই রকম,’নির্বাচন যত এগিয়ে আসবে পরিস্থিতি ততো খারাপের দিকে যাবে। দলের সব মাথারা দাঁত, নখ, পেশী বের করে আছে আমাকে ছুঁড়ে ফেলার জন্য। দেখা যাক কী হয়….!’ তবে ইন্দিরাকে সে বার ওই সিন্ডিকেট পর্যুদস্ত করতে পারেনি। রায়বেরিলি থেকে বিরাট ব্যবধানে জেতেন ইন্দিরা। ১৯৬৭ তে ফের ইন্দিরাই প্রধাধমন্ত্রী হন কিন্তু দুধে চোষার মত ইন্দিরার ডেপুটি করে জুড়ে দেওয়া হয় মোরারজি দেশাইকে। তাঁকে অর্থমন্ত্রকের মত গুরুত্বপূর্ণ মন্ত্রক ছাড়তে বাধ্য হন ইন্দিরা সেই সিন্ডিকেটের চাপে। ইন্দিরা জানতেন, সংঘাত অনিবার্য।
ইন্দিরাকে ঠেকাতে রেড্ডি তাস, ভিভি গিরি জিততে মিষ্টি বিলি করেন ইন্দিরা
টুকরো টাকরা সংঘাত চলছিল-ই বড় গন্ডোগোলটা বাঁধল ১৯৬৯ সালের মে মাসে। তদানিন্তন রাষ্ট্রপতি ডঃ জাকির হুসেন প্রয়াত হলেন। পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন তা নিয়ে জল্পনা শুরু হয়। ইন্দিরা চাইছিলেন এমন কেউ রাষ্ট্রপতি পদে আসুন যিনি তাঁর সরকারের সঙ্গে সম্পূর্ণ সহযোগীতা করবেন কারণ তখন ভারতের অর্থনৈতিক অবস্থা ভালো নয়। আর্থিক ভাবে দেশকে চাঙ্গা করতে গেলে অর্থনৈতিক ক্ষেত্রে একাধিক কঠিন পদক্ষেপ করতে হবে। ইন্দিরার মনোভাব বুঝতে পেরে সিন্ডিকেট পাল্টা চাল হিসাবে রাষ্ট্রপতা পদের জন্য নীলম সঞ্জিবা রেড্ডির নাম প্রস্তাব করে দিল। আশ্চর্যজনক ভাবে সেই নাম সমর্থন করল স্বতন্ত্র পার্টি, জন সঙ্ঘ ( যা পরে বিজেপি হবে)। ফলে ইন্দিরার কিছু করার ছিল না। কিন্তু ইন্দিরা সময় নিয়ে দল গুছোনোর কাজে নামলেন। দলে নিজের জায়গা শক্ত হতেই তিনি ১৪ টি ব্যাঙ্ককে জাতীয়করণের মত সাড়া জাগানো পদক্ষেপ করলেন। ইন্দিরার এই সিদ্ধান্ত মানলেন না অর্থমন্ত্রী মোরারজি। তাঁকে সরিয়ে দিলেন ইন্দিরা কিন্তু এতেও তো নিশ্চিত হওয়া গেল না। প্রেসিডেন্ট তো রেড্ডি। তিনি তো সিন্ডিকেট শিবিরের লোক। তাকে সরাতে না পারলে তো সব পরিকল্পনা জলে যাবে। ইন্দিরা ফের ঘুঁটি সাজালেন।
ইনডিপেনডেন্ট প্রার্থী হিসাবে ভিভি গিরিকে রাষ্ট্রপতি পদে দাঁড় করালেন ইন্দিরা। সোনিয়া লিখছেন, ‘ইন্দিরা জানতেন জয় সহজ হবে না। কারণ সিন্ডিকেট তখন অনেকটাই ডালপালা মেলেছে। ইন্দিরার কাছে গিরির জয় শুধু তো প্রস্টিজ ফাইট ছিল না তাঁর অস্তিত্বের লড়াই ছিল। ভিভি হারলে ইন্দিরার প্রধানমন্ত্রীত্ব তো যাবেই তার সঙ্গে দলেও তিনি প্রায় অপ্রাসঙ্গিক হয়ে পড়বেন।’ রাষ্ট্রপতি নির্বাচনের ফল ঘোষণার দিনের বিবরণ দিতে গিয়ে সোনিয়া তাঁর আত্মকথায় লিখছেন, ‘সেদিন আমি রাজীব সঞ্জয় একটা ঘরে কান পেতে রয়েছি রেডিও-তে। সবাই উদ্বিগ্ন। ইন্দিরা নিজের ঘরে। রেডিও-তে প্রথম রাউন্ডের ফল ঘোষণা হল টান টান লড়াই। কিন্তু দ্বিতীয় রাউন্ডে খেলা ঘুরলো। শেষ পর্যন্ত ভিভি গিরি জিতলেন। রেডিও-র একটা ছোট্ট ঘোষণা আর তারপরেও সে কি উচ্ছ্বাস! কে বলবে এটা রাষ্ট্রপতি নির্বাচন! কর্মী সমর্থকরা ইন্দিরার বাসভবনের বাইরে হাততালি দিচ্ছে, রাজীব সঞ্জয় স্লোগান দিচ্ছে, অনেক পরে ইন্দিরা বেরলেন ঘর থেকে। আমাদের জড়িয়ে ধরে বললেন, মিষ্টি নিয়ে এস। সেদিন নিজের হাতে সকলকে মিষ্টি খাইয়েছিলেন বোঝা যাচ্ছিল এই জয়টা কতটা গুরুত্বপূর্ণ ছিল ওঁর কাছে। পরের দিন সকালেও ইন্দিরার বাসভবনে যেন উৎসব লেগেছিল। ইন্দিরার কথায়,’আমার শাশুড়ির জন্মদিনে সাধারণত হাজার হাজার কংগ্রেস নেতা কর্মীরা বাড়ির বাইরে ভিড় করতেন ইন্দিরা তাঁদের সঙ্গে দেখা করতেন কথা বলতেন কিন্তু গিরির জয়ের পরের দিন সাত সকাল থেকে বাড়ির বাইরে লাইন লেগে যায় নেতা কর্মীদের। তাদের হাতে পুষ্পস্তবক, মালা, মিষ্টি। এই দৃশ্য দেখে সেদিন আমরা অবাক হয়ে যাই। গিরির জয় যেমন ইন্দিরার জয় ছিল তেমন ইন্দিরার জয় অসংখ্য কংগ্রেস কর্মীর জয় হয়ে উঠেছিল সিন্ডিকেটের বিরুদ্ধে লড়াইটা একা ইন্দিরার ছিল না ছিল এই সব কর্মীদের-ও।






