রাজস্থানের পুরভোটে উলতপুরাণ বিজেপির শোচনীয় হার

৩৬৫ দিন। পুরভোটে জয়ের ধারা ফিরলো না পঞ্চায়েত নির্বাচনে। বিজেপি শাসিত রাজস্থানে কংগ্রেস যে শুধু ভালো ফল করলো তাই নয় বিজেপির শক্ত ঘাঁটি রাজপুত ভোটে থাবা বসিয়ে কড়া চ্যালেঞ্জ ছুঁড়ল। শহর ঘেঁষা পঞ্চায়েত গুলোতে কোনো রকমে জয় পেলেও যত গ্রামীণ ভোটে শোচনীয় হার হল বিজেপির। অপ্রত্যাশিত হারের পর বিজেপি অবশ্য বলছে এই ফলাফল কেন হল তা তারা খতিয়ে দেখবে। দলীয় স্তরে আলোচনা হবে তবে স্থানীয় ভোটে নানা রকম ইস্যু কাজ করে কোথায় কোন ফ্যাক্টর কাজ করেছে তা বলা কঠিন। তবে বিজেপি যাই বলুক যে ফল হয়েছে তা বিজেপির পক্ষে উদ্বেগের। শুক্রবার রাত পর্যন্ত যা ফলাফল সামনে এসেছে তাতে দেখা যাচ্ছে, ৩৭টি জেলা পরিষদ আসনের মধ্যে কংগ্রেস জিতেছে ২৫টিতে। বিজেপি জিতেছে ৮টি। নির্দল বা অন্য ছোট ছোট রাজনৈতিক দলগুলির দখলে তিনটি জেলা পরিষদ। এখনও একটি জেলা পরিষদের ফলপ্রকাশ বাকি রয়েছে। গতবার রাজস্থানে ২৯টি জেলা পরিষদের নির্বাচন হয়েছিল।
সেই নির্বাচনে বিজেপি জিতেছিল ১৬টিতে। আর কংগ্রেস ১০টি আসনে। একটিতে জিতেছিলেন নির্দল প্রার্থী।জেলা পরিষদের পাশাপাশি পঞ্চায়েত সমিতির নির্বাচনেও কংগ্রেস ভাল ফল করেছে। রাজস্থানের ৩৭টি জেলা পরিষদের ৪৭৫টি আসন এবং ৪১৯টি পঞ্চায়েত সমিতির ৭,৫৪৩টি ওয়ার্ডের ফলাফল ঘোষণা করা হয়েছে। বাকি ফলাফল ঘোষণা হবে ডিসেম্বরে। কমিশন সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, ৪১৯টি পঞ্চায়েত সমিতির মধ্যে এখনও পর্যন্ত ২১৩টিতে জয় পেয়েছে কংগ্রেস। বিজেপির ঝুলিতে মাত্র ৮৫টি। ৫৪টি আসনে জয়ী হয়েছেন নির্দল প্রার্থীরা। বিজেপির কাছে শুধু যে জেতা আসনে হারাটাই চিন্তার তাই নয় চিন্তার হল রাজস্থানের একাধিক ছোট দলের ভালো ফল করা। আদিবাসী দলিত ভোটের একাংশ এই সব দল পঞ্চায়েত ভোটে অন্তত নিজেদের ঝুলিতে ঢোকাতে পেরেছে। এই ট্রেন্ড বিজেপির কাছে চিন্তার। যোধপুর, জয়পুর, চিতোরের মত বিজেপির শক্ত সংগঠন যেখানে আছে সেখানেও বিজেপি ভালো ফল করেছে। উদয়পুরের মত ঘাঁটিতেও বিজেপি প্রথমে পিছিয়ে থেকে শেষ পর্যন্ত কোনও রকমে জয় পায়। বিজেপির কাছে সবচেয়ে অস্বস্তির হল রাজস্থান মন্ত্রিসভার একাধিক মন্ত্রীর নিজেদের বিধানসভা কেন্দ্রে দলের হার। যার মধ্যে রয়েছেন মুখ্যমন্ত্রী ভজনলাল। তাঁর নির্বাচনী কেন্দ্র সাঙ্গানেরের পঞ্চায়েত সমিতিতে জিতেছে কংগ্রেস। রাজ্যের নগরোন্নয়ন ও আবাসন মন্ত্রী ঝাবর সিং খররার স্ত্রী শান্তি দেবী ১৭ নম্বর ওয়ার্ড থেকে কংগ্রেস প্রার্থী সরিতা দেবীর কাছে হেরেছেন। মন্ত্রীর দুই ছেলে অজয় সিংহ ও দুর্গা সিংহও শ্রীমাধোপুর পঞ্চায়েত সমিতিতে হেরে গিয়েছেন। কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতের জোধপুর, অর্জুন রাম মেঘবাল বিকানের এবং ভূপেন্দ্র যাদবের অলওয়ার আসনেও বিজেপির পরাজয় হয়েছে। কংগ্রেসের দাবি এখনো অনেক আসনে ফল আসা বাকি আছে। আরও অনেক নামজাদা মন্ত্রীর বিধানসভা এলাকায় পঞ্চায়েতে বিজেপি হেরেছে।

Scroll to Top