৩৬৫ দিন। বেলদা ।অশোক কুমার মণ্ডল। মোবাইলের স্ক্রিনে ভেসে উঠেছিল ‘আপডেট’ অপশন। তাতে ক্লিক করতেই আচমকা বন্ধ হয়ে যায় ফোন। কিছুক্ষণ পর ফের রিস্টার্ট। প্রথমে বিষয়টিকে সাধারণ সফটওয়্যার আপডেট বলেই মনে করেছিলেন ব্যবহারকারী। কিন্তু কিছুক্ষণ পর ব্যাংক অ্যাকাউন্টের হিসাব দেখতেই চোখ কপালে ওঠে। অভিযোগ, তাঁর অজান্তেই অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে গিয়েছে ১২ হাজার ৯০০ টাকা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার বেলদায়। ওই যুবকের অভিযোগ, আচমকাই তাঁর মোবাইল ফোনটি কাজ করা বন্ধ করে দেয়। ঠিক সেই সময় ফোনের স্ক্রিনে ‘আপডেট’ করার একটি অপশন দেখা যায়। কোনও সন্দেহ না করেই তাতে ক্লিক করেন তিনি। এরপর ফোনটি বন্ধ হয়ে যায় এবং কিছুক্ষণ পর ফের রিস্টার্ট হয়। তখনও বিষয়টি স্বাভাবিক বলেই মনে হয়েছিল তাঁর। কিন্তু কিছুক্ষণ পরই সামনে আসে বিপত্তি। এক পরিচিত ব্যক্তি তাঁকে ফোন করে টাকা পাঠানোর কথা জানান।
সেই টাকা লেনদেন করতে মোবাইল খুলে ব্যাংক অ্যাকাউন্টের হিসাব দেখতে গিয়েই তিনি জানতে পারেন, তাঁর অজান্তে অ্যাকাউন্ট থেকে ১২ হাজার ৯০০ টাকা বেরিয়ে গিয়েছে।ঘটনার পর দ্রুত স্থানীয় ব্যাংকের সঙ্গে যোগাযোগ করেনতিনি । তাঁর দাবি, ব্যাংক থেকেপ্রাথমিকভাবে জানতে পারেন, Paytm-এর মাধ্যমে ওই টাকা ‘শিবম রাজপুত’ নামে একটি অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে। যদিও ওই নামের ব্যক্তির সঙ্গে প্রতারণার সরাসরি যোগ রয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়।টাকা উধাও হওয়ার ঘটনা সামনে আসার পর সংশ্লিষ্ট ব্যাংকের পাশাপাশি বেলদা থানাতেও লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে। অভিযোগ পাওয়ার পর ওই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।এদিকে, মোবাইলের ‘আপডেট’ অপশনে ক্লিক করার পরেই এই ঘটনা ঘটায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে—এটি কি নিছক কাকতালীয়, নাকি ‘আপডেট’-এর আড়ালে ছিল কোনও সাইবার প্রতারণার ফাঁদ? ফোনে কোনও ভুয়ো সফটওয়্যার বা ক্ষতিকারক অ্যাপ ঢুকে পড়েছিল কি না, কিংবা অন্য কোনও উপায়ে ব্যাংকিং সংক্রান্ত তথ্য হাতিয়ে নেওয়া হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।তবে তদন্ত শেষ হওয়ার আগে মোবাইলের ওই আপডেট অপশনের সঙ্গে টাকা উধাও হওয়ার সরাসরি যোগ রয়েছে বলে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। প্রকৃত ঘটনা কী, তা তদন্তেই স্পষ্ট হবে।ঘটনাকে ঘিরে এলাকায় ছড়িয়েছে উদ্বেগ। OTP বা অচেনা ফোনকলের পাশাপাশি এখন মোবাইলের অজানা ‘আপডেট’ বা পপ-আপ অপশন নিয়েও ব্যবহারকারীদের সতর্ক থাকার প্রয়োজনীয়তা সামনে এসেছে। যার ফলে ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় মঙ্গলবার ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।


