পুজোর আগেই ‘তারজট’ মুক্তির পথে হাওড়া শহর ? উদ্যোগ পুরসভার

৩৬৫দিন।সুমন আদক। আসন্ন পুজোর আগেই হাওড়া শহরকে ঝুলন্ত তারের জট ও দৃশ্যদূষণমুক্ত করার লক্ষ্যমাত্রা নিয়ে বড়সড় অভিযানে নামল হাওড়া পুরসভা। শহরের রাস্তার উপর এবং বিদ্যুতের খুঁটিতে বছরের পর বছর ধরে ঝুলে থাকা অচল টেলিফোন, কেবল ও ইন্টারনেটের তার চিহ্নিত করে কেটে সরিয়ে ফেলার কাজ শুরু হয়েছে। একইসঙ্গে সচল তারগুলিকেও চিহ্নিত করে নির্দিষ্ট পদ্ধতিতে গোছানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পুজোর আগে শহরকে পরিচ্ছন্ন ও নিরাপদ করে তুলতেই ধাপে ধাপে হাওড়া পুর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা ও জনবহুল এলাকায় এই অভিযান চালানো হবে বলে পুরসভা সূত্রে জানা গিয়েছে। দীর্ঘদিন ধরে হাওড়া শহরের বিভিন্ন প্রান্তে রাস্তার উপর এবং বিদ্যুতের খুঁটিতে ঝুলতে দেখা যায় অসংখ্য কেবল, টেলিফোন ও ইন্টারনেটের তার। কোথাও তারের জট নেমে এসেছে রাস্তার একেবারে কাছাকাছি, কোথাও আবার একই খুঁটিতে স্তরে স্তরে জমেছে পুরনো তার। ফলে শহরের সৌন্দর্য নষ্ট হওয়ার পাশাপাশি তৈরি হচ্ছে নিরাপত্তার আশঙ্কাও। বিশেষ করে পুজোর সময় প্রতিমা বিসর্জনের শোভাযাত্রা, বড় গাড়ি বা উচ্চতাযুক্ত যান চলাচলের ক্ষেত্রে এই ঝুলন্ত তার সমস্যা তৈরি করতে পারে। সেই পরিস্থিতির কথা মাথায় রেখেই এবার অচল তার সরানোর ব্যাপারে সক্রিয় হল হাওড়া পুরসভা। বৃহস্পতিবার জিটি রোডের মল্লিক ফটক সংলগ্ন দু’টি স্ট্রেচে এই ‘ডেড ওয়্যার’ সাফাই অভিযান শুরু হয়। পুরসভা, বিদ্যুৎ সংস্থা এবং বিভিন্ন পরিষেবা প্রদানকারী সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে প্রথমে খুঁটি ও রাস্তার উপর থাকা তারগুলি পরীক্ষা করা হয়। কোন তার এখনও পরিষেবায় রয়েছে এবং কোনটি দীর্ঘদিন ধরে অচল হয়ে পড়ে রয়েছে, তা চিহ্নিত করার পর অপ্রয়োজনীয় তার কেটে নামিয়ে ফেলা হচ্ছে। সচল তারগুলিকে যাতে এলোমেলোভাবে ঝুলে না থাকে, সেগুলিও সুশৃঙ্খলভাবে রাখার ব্যবস্থা করা হচ্ছে। পুরসভা সূত্রে খবর, এই অভিযানে সিইএসসি, ডব্লিউবিএসইডিসিএল, বিএসএনএল-সহ বিভিন্ন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারকেও যুক্ত করা হয়েছে।

Scroll to Top