৩৬৫ দিন।পাপ্পা গুহ। ইনস্টাগ্রামে পরিচয় হওয়া একাদশ শ্রেণির এক স্কুল ছাত্রীকে বিদেশে পড়াশোনা ও চাকরির সুযোগ করে দেওয়ার নাম করে কলকাতার একটি হোটেলে ডেকে এনে অপহরণের পরিকল্পনা করেছিল অপহরণকারীরা। শুধু তাই নয়, ছাত্রীর পরিবারের কাছ থেকে মুক্তিপণ বাবদ ৩ লক্ষ টাকা দাবিও করেছিল অপহরণকারীরা। শেষ পর্যন্ত তদন্তে নেমে পুলিশ কলকাতার নিউ মার্কেট এলাকার একটি হোটেল থেকে ছাত্রীকে উদ্ধার করে। জানা গেছে ওই ছাত্রী সাইবার অপরাধীদের খপ্পরে পড়েছিল। ইনস্টাগ্রামের মাধ্যমে এক সাইবার অপরাধীর সঙ্গে তার পরিচয় হয়। ওই সাইবার অপরাধী তাকে বিদেশে ল পড়ার পাশাপাশি চাকরির সুযোগ করে দেওয়ার টোপ দিয়ে কলকাতায় চলে আসতে বলে। তার নামে নিউমার্কেটের একটি হোটেলে ঘর বুক পর্যন্ত করে। এরপর গত ৭ তারিখ সকালে স্কুলে যাওয়ার নাম করে ওই ছাত্রী বাড়ি থেকে বেরিয়ে নিউমার্কেট এলাকার হোটেলে চলে আসে। এদিকে ছাত্রী বাড়ি না ফেরায় তার পরিবারের লোকজন জগৎবল্লভপুর থানায় মিসিং ডায়েরি করেন। যদিও এর মধ্যে অপহরণকারীরা তার মোবাইল নাম্বার থেকে তার মায়ের কাছে তিন লক্ষ টাকা মুক্তিপণের দাবি করে। বিষয়টি পরিবারের লোকজন পুলিশকে জানায়। এরপরই তদন্ত নামে হাওড়া গ্রামীণ জেলা পুলিশ। সঙ্গ দেয় জেলা সাইবার সেল , পুলিশের চাইল্ড ওয়েলফেয়ার কমিটি। এরপর পুলিশ সাইবার অপরাধীদের প্রতিটি ফোন ট্র্যাক শুরু করে। পরে বুধবার রাতে নিউমার্কেট এলাকার ওই হোটেলে অভিযান চালিয়ে ছাত্রীকে উদ্ধার করে পুলিশ। তাকে জুভিনাইল জাস্টিস বোর্ডে তোলা হবে। পুলিশ অপহরণ মুক্তিপণ চাওয়া খুনের হুমকি সহ একাধিক ধারায় মামলার রুজু করে ঘটনা তদন্ত শুরু করেছে।


