মহিলা চ্যাম্পিয়ন্স লিগে গুয়ামের দলকে ১২ গোল ইস্টবেঙ্গলের মেয়েদের!

                                                ইস্টবেঙ্গল – ১২ রভার্স – ০
৩৬৫ দিন।স্পোর্টস ডেস্ক।একদিন আগেই ডুরান্ড কাপে ইস্টবেঙ্গল এর পুরুষ দল দিল্লিকে হারিয়ে ফাইনালে উঠেছে। দুর্দান্ত খেলেও অবশ্য নির্ধারিত সময় গোল করতে পারেনি রশিদরা। তবু তিন বছর পর ফাইনাল খেলবে ইস্টবেঙ্গল। কিন্তু মেয়েরা গোলের মালা পরিয়ে দিল প্রতিপক্ষ দলকে। একটা-দুটো নয়। প্রতিপক্ষকে একডজন গোলে চূর্ণ করল ইস্টবেঙ্গল। এএফসি মহিলা চ্যাম্পিয়ন্স লিগের প্রাথমিক পর্বের প্রথম ম্যাচেই বাংলাদেশের দলকে গোলের মালা পরিয়েছিল মশাল গার্লস। দ্বিতীয় ম্যাচে লাল-হলুদ ব্রিগেড আরও বিধ্বংসী। এবার গুয়ামের দলকে ১২ গোল দিয়ে চুরমার করে দিলেন অ্যান্থনি অ্যান্ড্রুজের মেয়েরা। তবে এখনও মূল পর্ব নিশ্চিত হয়নি ইস্টবেঙ্গলের। টুর্নামেন্টের প্রথম ম্যাচে লাল-হলুদের প্রতিপক্ষ ছিল বাংলাদেশের রাজশাহী স্টার্স। তাদের ৪-০ গোলে হারান সুলঞ্জনা রাউলরা। বৃহস্পতিবার মশাল গার্লসের সামনে পড়ে গুয়ামের রোভার্স এফসি। ৬ মিনিটের মাথায় ইস্টবেঙ্গলের প্রথম গোলটি প্রিয়াঙ্কা দেবীর শট থেকে। ১৪ মিনিটে ব্যবধান বাড়ান অষ্টম ওরাঁও। তার আট মিনিট পরেই নিজের দ্বিতীয় গোলটি করেন প্রিয়াঙ্কা। বিরতির আগে ৩-০ এগিয়ে যাওয়া ইস্টবেঙ্গলের ম্যাচ জেতা তখন নিশ্চিত। কিন্তু বিরতির পর ইস্টবেঙ্গল আরও ভয়ানক হয়ে ওঠে। ৪৫ মিনিটজুড়ে বিপক্ষের রক্ষণ ছারখার করে দেন অলিভিয়া-শিল্কিরা। ৪৮ মিনিট থেকে শুরু হয় মশাল গার্লসের ‘গোলবর্ষণ’। মেয়েদের দলের কোচ এন্টনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন বড় ব্যবধানে জয় অবশ্যই আত্মবিশ্বাস বাড়ায়। কিন্তু তার দলকে তিনি মাটিতেই পা রাখার নির্দেশ দিয়েছেন। তাদের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। তাই তাদের লক্ষ্য ধরে রাখতে গেলে এই ম্যাচ ভুলে যেতে হবে তাড়াতাড়ি। ফোকাস করতে হবে পরবর্তী ম্যাচের দিকে। মনোনিবেশ করতে হবে যাতে নিজেদের স্বাভাবিক খেলা তুলে ধরা যায়। কাজটা কঠিন কিন্তু অস্বাভাবিক নয়। মেয়েরাও প্রস্তুত নিজেদের এই ছন্দ ধরে রাখতে।

Scroll to Top