সতর্ক থাকবেন, চারদিকে অনেক আরশোলা ছারপোকা ঘুরে বেড়াচ্ছে ককরোচদের তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রীর

৩৬৫ দিন। আপনারা সতর্ক থাকবেন। চারদিকে অনেক আরশোলা ছারপোকা ঘুরে বেড়াচ্ছে। ভারতবর্ষের ভিতর থেকে দেশকে দুর্বল করার চেষ্টা করছে। তারা আপনাদের ক্ষতি করতে পারে। এভাবেই আজ নদীয়ার রানাঘাটে বনগাঁ উত্তরের বিধায়ক তথা খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়ার গান্ধিপল্লি বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজোর উদ্বোধনে গিয়ে ককরোচ জনতা পার্টিকে তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সুরে সুর মিলিয়ে ককরোচ জনতা পার্টির সঙ্গে দিমাগী নকশালরা হাত মিলিয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলে অভিযোগ করে তিনি বলেন, আপনারা সতর্ক থাকবেন তাদের সঙ্গে রয়েছে দিমাগি নকশালরা। ওই দিমাগি নকশালরা স্লোগান দিচ্ছে, কাশ্মীর মাঙ্গে আজাদি। এই দিমাগী নকশালদের থেকেও আপনারা সতর্ক থাকবেন।
আবেদন করলেই সিএএ সার্টিফিকেট
মতুয়া অধ্যুষিত বনগাঁ ও নদীয়ার পূজা উদ্বোধনে গিয়ে আজ বাংলাদেশ থেকে আসা মতুয়া সম্প্রদায়ের মানুষকে সংশোধিত নাগরিকত্ব আইন অনুযায়ী ভারতের নাগরিকত্বের সার্টিফিকেট আবেদন করলেই দিয়ে দেওয়া হবে বলে আশ্বাস দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এতদিন পর্যন্ত দিল্লির স্বরাষ্ট্র মন্ত্রকের অনুমতি নিয়ে তবে শংসাপত্র দেওয়া হত। আমি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। স্বরাষ্ট্র দপ্তর আমাদের অনুমতি দিয়েছে। এখন আমাদের আর দিল্লির জন্য অপেক্ষা করতে হবে না। আপনারা জেলা শাসকের দপ্তর থেকেই সিএএ শংসাপত্র পাবেন। কোনও উদ্বাস্তু মতুয়া নাগরিকত্ব থেকে বঞ্চিত হবেন না। সিএএ নিয়ে আর কোনও জটিলতা থাকবে না। যারা ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করবেন, এখন থেকে তাঁরা জেলা শাসকের কার্যালয়ের থেকেই সিএএ শংসাপত্র পাবেন। বনগাঁয় দাঁড়িয়ে কথা দিয়ে গেলাম, উদ্বাস্তু ও মতুয়াদের কাউকে বাদ দেওয়া হবে না। সবাইকে নাগরিকত্ব দেওয়া হবে।
জরুরি তলবে দিল্লি গেলেন শুভেন্দু
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তর থেকে জরুরি আমন্ত্রণ পেয়ে আজ রানাঘাটের পূজা উদ্বোধন করেই দিল্লির উদ্দেশ্যে রওনা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের বিশেষ আমন্ত্রণেই তিনি আজ মঙ্গলবার বিকেল সাড়ে তিনটের বিমানে দিল্লির উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। সেখানে আজ সন্ধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে তাঁর একটি উচ্চপর্যায়ের বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর রাতে তিনি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নৈশভোজে অংশ নেবেন। মুখ্যমন্ত্রী বলেন, আজ বিকেলে আমি বিমানে দিল্লি যাচ্ছি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর তরফে ব্রিকস সম্মেলনকে কেন্দ্র করে এনডিএ সরকারের জোট শরিকদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ ডিনার মিটিংয়ের আয়োজন করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রকের আমন্ত্রণেই মূলত সেখানে যাওয়া। সব কিছু ঠিক থাকলে ডিনার শেষ করে আজ রাতেই আমি ফের কলকাতায় ফিরে আসব।

Scroll to Top