গ্যারাজের জমি নিয়ে হুমকি, টাকা আদায়ের অভিযোগে গ্রেফতার দুই

৩৬৫ দিন। গ্যারাজের জমি নিয়ে ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগে জগাছা থানার পুলিশের হাতে গ্রেফতার হলেন দুই ব্যক্তি। ধৃতদের মধ্যে একজন সিভিক ভলান্টিয়ার এবং অন্যজন ইউটিউব ব্লগার বলে অভিযোগ। পুলিশ সূত্রের খবর, রামরাজাতলা স্টেশনের কাছে রেল জমিতে গ্যারাজ চালানো এক ব্যবসায়ী গত ২৮ নভেম্বর থানায় অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ, জমির বিষয়টি নিয়ে ভয় দেখিয়ে ৩০ হাজার টাকা আদায়ের চেষ্টা করা হয়। এর মধ্যে ২৫ হাজার টাকা ইতিমধ্যেই দেওয়া হয়েছে বলে দাবি অভিযোগকারীর। নগদ ও ইউপিআই মিলিয়ে ওই টাকা দেওয়ার কথা জানিয়েছেন তিনি। অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে তন্ময় ঘোষ ও অনির্বাণ ঘোষকে গ্রেফতার করেছে জগাছা থানার পুলিশ। ধৃত তন্ময় জগাছা থানার সিভিক ভলান্টিয়ার এবং অনির্বাণ ‘তলাশ বার্তা’ ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত বলে অভিযোগ। ঘটনার তদন্ত চলছে।

Scroll to Top