৩৬৫ দিন। বনেদিয়ানা ও বারোয়ারির মেলবন্ধন: মুদিয়ালি ক্লাবের এবারের দুর্গাপুজোর থিম ‘ঐতিহ্যের লোককথা’কলকাতার দুর্গাপূজার মানচিত্রে বরাবরই অনন্য স্থান দখল করে রাখে ঐতিহ্যবাহী মুদিয়ালি ক্লাব। প্রতি বছরের মতো এবারও দর্শকদের চমক দিতে প্রস্তুত তারা। এবারের ভাবনা ‘ঐতিহ্যের লোককথা’, শিল্পী বিশিষ্ট থিমশিল্পী বিমান সাহা।
থিমের প্রেক্ষাপট সম্বন্ধে শিল্পীর কথায়, কলকাতার দুর্গাপূজাকে কেন্দ্র করে দুটি মূল ধারা প্রবহমান – একদিকে ‘বনেদিয়ানা’ ও অন্যদিকে ‘বারোয়ারি’। মুদিয়ালির মণ্ডপে প্রতিমার যে চিরাচরিত সাবেকি রূপ থাকে, তা অক্ষুণ্ণ রেখেই এই দুই ধারার অপূর্ব মিলন ঘটানো হয়েছে এবারের ভাবনায়। থিমের অন্তরালে রয়েছে কলকাতার পুরোনো রাজবাড়ির প্রচলিত লোককথা। কথিত আছে, দেবী দুর্গা মর্ত্যে এসে জোড়াসাঁকোর শিবকৃষ্ণ দা’র বাড়িতে সাজগোজ করতেন, কুমারটুলির অভয়চরণ মিত্রের বাড়িতে ভোগ গ্রহণ করতেন এবং শোভাবাজার রাজবাড়িতে রাত জেগে নাচ দেখতেন। দেবীর এই পুরো যাত্রাপথটিই শৈল্পিক রূপায়নে ফুটিয়ে তোলা হচ্ছে মণ্ডপজুড়ে। তবে সরাসরি রাজবাড়ির হুবহু প্রতিরূপ না করে, বিশেষ মেকানিক্যাল সিস্টেম, আধুনিক আলোর প্রয়োগ ও দৃষ্টিনন্দন ইনস্টলেশনের মাধ্যমে গল্পটিকে জীবন্ত করা হচ্ছে।
সাবেকিয়ানা ও ঐতিহ্যের সম্মান:
মুদিয়ালির ঐতিহ্য বজায় রেখে এবারও প্রতিমার সাজসজ্জায় থাকছে খাঁটি সাবেকি ছোঁয়া। বনেদি রাজবাড়িগুলির ঐতিহাসিক গুরুত্বকে সম্মান জানিয়ে তাদের বংশধরদের বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। কুমারটুলির অভয়চরণ মিত্রের পরিবার সহ অন্যান্য রাজবাড়ির সদস্যরাও এই ভাবনায় আনন্দিত।
মণ্ডপসজ্জা ও নির্মাণ:
ভিড়ের কথা মাথায় রেখে মণ্ডপের প্রবেশপথ ও অভ্যন্তরীণ নকশায় বিশেষ পরিবর্তন আনা হয়েছে। যেখানে সাধারণত ভিড়ে জট তৈরি হয়, সেখানেই থাকছে ‘সাজঘর’ ইনস্টলেশন, যা ভিড় নিয়ন্ত্রণে সাহায্য করবে। এরপর বিশাল জমিদারবাড়ির আদলে তৈরি সদর দরজা পেরিয়ে দর্শনার্থীরা প্রবেশ করবেন মূল মণ্ডপে, যেখানে নাচঘরের সামনে বিরাজ করবেন সাবেকি দুর্গা প্রতিমা। এবার নির্বাচন ও অন্যান্য কারণে রাস্তায় মণ্ডপ নির্মাণ শুরুতে দেরি হয়। হাতে দু’মাসেরও কম সময় ও বৃষ্টির কারণে বাঁশের পরিবর্তে বেশি জোর দেওয়া হয়েছে লোহার কাঠামোর ওপর। প্রতিকূলতা সত্ত্বেও শিল্পী-কারিগরদের অদম্য চেষ্টায় প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে।
বনেদিয়ানা ও বারোয়ারির মেলবন্ধন: মুদিয়ালি ক্লাবের এবারের দুর্গাপুজোর থিম ‘ঐতিহ্যের লোককথা’
- khabar365din
- October 14, 2026
- 3:08 pm
- No Comments




