৩৬৫ দিন। প্রথমে টোটোয় ধাক্কা তারপর টোটোর দুই যাত্রীকে পিষে দিয়ে রাস্তার পাশে পুকুরে পড়ল প্রাক্তন বিধায়কের গাড়ি। ভয়ঙ্কর দুর্ঘটনা উত্তর চব্বিশ পরগনার ন্যাজাটে। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, ন্যাজাটের চরবেড়িয়া বয়ারমারীর রাস্তা ধরে যাচ্ছিল সন্দেশখালির প্রাক্তন বিধায়ক সুকুমার মাহাতোর গাড়ি। গাড়িতে বিধায়ক ছিলেন না। আচমকা গাড়িটি তার সামনে থাকা একটি টোটোকে সজোরে ধাক্কা মারে তারপর নিয়ন্ত্রণ হারিয়ে পাশের পুকুরে গিয়ে পড়ে। ঘটনাস্থলেই টোটোর দুই যাত্রী প্রাণ হারান। আরো দুই যাত্রী গুরুতর জখম হন। তাদের স্থানীয়রাই উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পুকুরে পড়া গাড়ি থেকে উদ্ধার করা হয় সুকুমারের গাড়ির চালককে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ন্যাজাট থানার পুলিশ। দীর্ঘক্ষণের চেষ্টায় পুকুর থেকে গাড়ি তোলা হয়। আটক করা হয় গাড়ির চালককে। প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রাক্তন বিধায়কের গাড়ির গতি বেশী থাকাতেই দুর্ঘটনা ঘটে। টোটোকে পাশ কাটাতে গিয়ে ঘটে দুর্ঘটনা। যদিও সুকুমার বলছেন, তিনি জানতে পেরেছেন দুটি টোটো নিজেদের মধ্যে রেষারেষি করতে গিয়ে একটি টোটো তার গাড়ির সামনে চলে আসে। তখন- ই দুর্ঘটনা ঘটে। তবে তার গাড়ির গতি বেশী ছিল কি না তা নিয়ে তিনি স্পষ্ট করে কিছু জানাননি। যারা মারা গিয়েছেন তিনি তাদের পরিবারের পাশে আছেন বলেও আশ্বাস দেন। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। গাড়ির চালককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার যারা প্রত্যক্ষদর্শী তাদের সঙ্গেও কথা বলা হবে। কি ভাবে দুর্ঘটনা ঘটলো তা জানার জন্য ফরেন্সিক করা হবে। তবে প্রাথমিক ভাবে পুলিশের অনুমান গতি বেশী থাকাতেই এই ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছে।
টোটোয় ধাক্কা মেরে পুকুরে পড়ে গেল প্রাক্তন বিধায়কের গাড়ি
- khabar365din
- October 14, 2026
- 3:58 pm
- No Comments




