৩৬৫ দিন। দুর্ঘটনা বা আত্মহত্যা নয় খুন করা হয়েছে খড়্গপুর আই আই টি-র মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র অঙ্কিত শর্মা! শুক্রবার চাঞ্চল্যকর অভিযোগ করলেন অঙ্কিতের পরিবারের সদস্যরা। খুব দ্রুত তারা পুলিশে অভিযোগ জানাতে চলেছেন বলেও জানানো হয়েছে। অঙ্কিতের সম্পর্কে জেঠু ভানওয়ারলাল শর্মা জানান, অঙ্কিত আত্মহত্যা করেছে বা পড়ে গিয়ে মারা গিয়েছে এটা মানা সম্ভব নয়। ওর কোনও মানসিক সমস্যা ছিল না। অবসাদের প্রশ্ন নেই। বৃহস্পতিবার সে রোজের মত তার বাবার সঙ্গে ফোনে কথা বলে ৫ হাজার টাকা পাঠাতে বলে। সম্পূর্ণ স্বাভাবিক ছিল সে। তার পরের কয়েক ঘন্টার মধ্যে এমন কী হতে পারে যে সে একেবারে আত্মহত্যার করবে বলে ঝাঁপ মেরে দিল। দুর্ঘটনার সম্ভবনা খারিজ করে দিয়ে তিনি বলেন, আমরা অনেক অনুরোধ করার পর যেখান থেকে পড়ে অঙ্কিতের মৃত্যু হয় বলে বলা হচ্ছে সেখানে গিয়েছিলাম। চার ফুট লম্বা রেলিং রয়েছে সেখানে কী ভাবে ওই রেলিং টপকে কেউ পড়ে যেতে পারে! তাঁর দাবী, অঙ্কিতকে কেউ ওপর থেকে ঠেলে ফেলে দিয়েছে। হয়তো কারোর সঙ্গে ওর কোনো সমস্যা ছিল তার জেরেই এই খুন। ঘটনার তদন্ত করে দেখুক পুলিশ। তাঁর আরো অভিযোগ খড়্গপুর আইআইটি কর্তৃপক্ষ-ও তাদের সঠিক তথ্য দিচ্ছে না। একবার তারা বলছে অঙ্কিত আত্মহত্যা করেছে আবার তার পরেই বলা হচ্ছে অঙ্কিত নাকি রেলিংয়ে বসে ছিল অসাবধানতাবশত সেখান থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হয়। এ প্রসঙ্গে পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার পাপিয়া সুলতানা জানান, তদন্ত চলছে প্রাথমিক তদন্তে খুনের কোনো প্রমাণ মেলেনি। মনে হচ্ছে আত্মহত্যা বা দুর্ঘটনা। তবে সব দিক খোলা রেখে তদন্ত চলছে। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে চার তলায় একাই উঠছেন অঙ্কিত। তাই খুন বা অন্য কোনো ফাউল প্লে’র আশঙ্কা এখন-ই করা যাচ্ছে না।
দুর্ঘটনা বা আত্মহত্যা নয় খুন করা হয়েছে! খড়্গপুর আইআইটি-তে ছাত্রের রহস্যমৃত্যুতে চাঞ্চল্যকর অভিযোগ পরিবারের
- khabar365din
- August 15, 2026
- 6:40 pm
- No Comments




