৩৬৫ দিন। এখনই খালি করতে হচ্ছে না ক্যামাক স্ট্রিটে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস। গত সপ্তাহে দমকল দপ্তরের পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিস জরুরী ভিত্তিতে খালি করার জন্য যে নোটিশ জারি করা হয়েছিল সেই নোটিসের উপরে অন্তর্বতী স্থগিতাদেশ জারি করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাও। তিনি জানিয়েছেন দমকল দপ্তরের পক্ষ থেকে ফায়ার সেফটি লাইসেন্স রিনিউ না করার যে অভিযোগ করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তা আপাতত প্রমাণিত হলেও এই মুহূর্তে এমন কোন জরুরী অবস্থার সৃষ্টি হয়নি যে জরুরী ভিত্তিতে অফিস খালি করার প্রয়োজন পড়ে গিয়েছে।
সেই সঙ্গে দমকল দপ্তরের পক্ষ থেকে গত ৪ সেপ্টেম্বর জারি করা নোটিশে উল্লেখিত নির্দেশিকা কার্যকর করা থেকে দমকল দপ্তরকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন তিনি। তৃণমূলের পক্ষ থেকে দায়ের করা মামলায় আজ রায়দান স্থগিত রাখার পাশাপাশি এই অন্তর্বতী নির্দেশ দিয়ে আগামী ১৬ সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানের দিন ধার্য করেছেন। সম্প্রতি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিট এর অফিসের উপরে থাকা একটি বিলবোর্ড খোলা নিয়ে কলকাতা পুরসভা এবং কলকাতা পুলিশের আধিকারিকদের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি তৃণমূলের নেতাকর্মীদের বচসাকে কেন্দ্র করে কলকাতা পুলিশে একাধিক মামলা দায়ের হয়। এর পাশাপাশি অভিষেকের অফিসের অগ্নি নিরাপত্তা বিধি কতখানি মানা হয়েছে তা দেখার জন্য ফায়ার অডিট করে দমকল দপ্তর। এই ফায়ার অডিট এর প্রেক্ষিতেই দমকল দপ্তরের পক্ষ থেকে নোটিশ জারি করে জানানো হয় সেখানে ফায়ার সেফটি লাইসেন্স রিনিউ না করায় অবিলম্বে নিরাপত্তার কারণে অফিস খালি করতে হবে। দমকলের তরফে জানানো হয়েছিল, পর্যাপ্ত রক্ষণাবক্ষণের অভাবে জায়গাটি অত্যন্ত বিপজ্জনক অবস্থায় আছে। ফলে ওই ভবনের ভিতরে ও আশেপাশের মানুষের জীবনে বড়সড় বিপদ ঘটতে পারে। তাই অবলিম্বে ভবনের ওই অংশটি খালি করার নির্দেশ দেয় দমকল। এর পরেই আদালতের দ্বারস্থ হন অভিষেক।
অভিষেকের অফিস খালি করার নির্দেশে স্থগিতাদেশ




