শুরু হল অশোকনগর থেকে বাণিজ্যিক ভাবে ক্রুড অয়েল তোলার কাজ

৩৬৫ দিন। উত্তর চব্বিশ পরগনার অশোকনগর থেকে বাণিজ্যিক ভাবে ক্রুড অয়েল তোলার কাজ শুরু হল। শুক্রবার বাইগাছি থেকে হলদিয়া গেল প্রথম অপরিশোধিত তেল। ওএনজিসি জানায়, শুক্রবার ১২০০ লিটার অপরিশোধিত তেল হলদিয়া গেল।‌ তৈলক্ষেত্র যত বাড়বে ততো তেল উত্তোলনের পরিমাণ বাড়বে বলে আশা তাদের। আপাতত বাইগাছির কূপ থেকে ২০ কিউবিক মিটার জলমিশ্রিত খনিজ তেল উত্তোলন করা হচ্ছে। তেল সেপারেটর ও ইটিপির মাধ্যমে পরিশোধনের পর রিফাইনারিতে পাঠানো হচ্ছে। আশা করা হচ্ছে ভবিষ্যতে তেল উত্তোলনের পরিমাণ আরো অনেকটা বাড়বে। তবে সমস্যাও আছে বেশ কিছু। যেমন প্রযুক্তিগত সমস্যা রয়েছে। ২০১৮ সালে অশোকনগরে খনিজ তেলের সন্ধান পাওয়া গেলেও তা পুরোদস্তুর চালু করতে যে কারণে ৮ বছর লেগে গেল। এর ওপর রয়েছে জমির সমস্যা। জমি জটে প্রকল্পের এক্সটেনশন করা যাচ্ছে না। ফলে তৈল ক্ষেত্র বাড়ছে না। তবে ওএনজিসি আশাবাদী। ওএনজিসির ডিরেক্টর অব এক্সপ্লোরেশন ওম প্রকাশ সিনহা বলেন, “অশোকনগর এরিয়াতে আমরা আগে যা ভাবছিলাম, তার চেয়ে বেশি তেল মজুত রয়েছে। নতুন কূপে উৎপাদন ভালো হওয়ায় আগামী দিনে তা আরও বাড়বে।” এদিনের অনুষ্ঠানে ছিলেন অশোকনগরের বিধায়ক ডাঃ সুময় হীরা। তিনিও জানান, জমি যাতে কোনো সমস্যা না হয় তার জন্য রাজ্য সরকার সর্বোতভাবে চেষ্টা করছে। তেল উত্তোলন পুরোপুরি চালু হলে কর্মসংস্থান বাড়বে। ওএনজিসি সূত্রে জানা যাচ্ছে,এখনো পর্যন্ত অশোকনগরে মাটির তলা থেকে যে তেল পাওয়া গিয়েছে তার গুণগত মান বেশ ভালো। এখানে মাটির নিচে এখনো অনেক জায়গায় খনিজ তেল আছে ধরে নিয়ে আরো অন্তত ৫ টি কূপ খননের প্রস্ততি নেওয়া হচ্ছে।

Scroll to Top