৩৬৫ দিন। আগামী ডিসেম্বর মাসের মধ্যেই কলকাতা পুলিশের আরও ৪ হাজার সাব ইন্সপেক্টর নিয়োগ হয়ে যাবে। আগামী মাসেই পুলিশে নতুন করে ৯ হাজার নিয়োগের বিজ্ঞপ্তি জারি করবে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। আর ৬৫০ জন গ্রুপ-সি পুলিশের ক্লার্ক নিয়োগ হবে পিএসসি-র মাধ্যমে। আজ নেতাজি ইনডোর স্টেডিয়ামে রাজ্য পুলিশের নবনিযুক্ত ১১৫৯৩ কনস্টেবলের হাতে নিয়োগ পত্র তুলে দিয়ে এমন ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী তথা রাজ্যের পুলিশ মন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি আগামী ১৪ অক্টোবর হলদিয়া পেট্রোল কেমিক্যালে ৬০০০ কোটি টাকার বিনিয়োগের উদ্বোধন করা হবে বলেও জানান শুভেন্দু।
বিগত তৃণমূল সরকারের আমলে এই কনস্টেবল নিয়োগ এবং কলকাতা পুলিশের সাব-ইন্সপেক্টর নিয়োগের পরীক্ষা হয়ে গিয়েছিল বলে জানান মুখ্যমন্ত্রী। কিন্তু সুপ্রিম কোর্টে ওবিসি মামলা দীর্ঘদিন ধরে ঝুলে থাকার ফলে চাকরি প্রক্রিয়া ব্যাহত হচ্ছিল। গত ৯ মে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করার পরেই রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব সহ রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বারে বারে বৈঠকের পাশাপাশি দেশের সলিসিটর জেনারেলের সঙ্গে দফায় দফায় বৈঠক করে সুপ্রিম কোর্ট থেকে মামলা প্রত্যাহার করার পরেই সমস্যার সমাধান হয়েছে বলে জানান তিনি। মুখ্যমন্ত্রী বলেন, যদি রাজ্যে রাজনৈতিক পরিবর্তন না ঘটত, তবে আজ এই হাজার হাজার যুবক-যুবতীর হাতে নিয়োগপত্র তুলে দেওয়া সম্ভব হত না। আগের সরকার ওবিসি তালিকার নামে আইনি জট পাকিয়ে রেখেছিল এবং নিজেদের অন্যায় সিদ্ধান্তকেই সঠিক বলে জেদ ধরেছিল। আমরা যদি সুপ্রিম কোর্ট থেকে সুনির্দিষ্ট আইনি পথ বের করে না আনতাম, তবে এত দ্রুত এই বকেয়া নিয়োগ বাস্তবায়িত হত না।
২০২৭-এর ৮ মে-র মধ্যে ১ লক্ষ নিয়োগ
পশ্চিমবঙ্গে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার এক বছরের মধ্যে রাজ্যের ১ লক্ষ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়ে বলেন, ২০২৭-এর ৮ মে-র মধ্যে ১ লক্ষ নিয়োগ হবে। কথায় বলে মর্নিং শোজ দ্য ডে। আগামী সাড়ে চার বছরে বিপুল নিয়োগ হবে। এমনভাবে নিয়োগ করা হবে যাতে কাউকেই কোর্টে যেতে হবে না। সব নিয়োগই হবে যোগ্যতার ভিত্তিতে।
পিঙ্ক আরটি মোবাইল ও বডি ক্যাম পুলিশকে
রাজাপুরী ও কলকাতা পুলিশের আধুনিকীকরণের জন্য রাজ্য সরকার ৩৫০ কোটি টাকা খরচ করছে জানান মুখ্যমন্ত্রী। আজ ৩৩৭৯ মহিলা কনস্টেবলের হাতে নিয়োগ পত্র তুলে দেওয়ার পাশাপাশি রাজ্য জুড়ে মহিলা পুলিশের টহলদারির জন্য ১২ পিঙ্ক আরটি মোবাইল তুলে দেন তিনি। সঙ্গে দেওয়া হয় পিঙ্ক সাপোর্ট ভ্যান। যে গাড়িগুলোর ভেতরে মহিলা পুলিশকর্মীরা পোশাক পরিবর্তন থেকে শুরু করে বায়ো টয়লেটের সুবিধে পাবেন। সেই সঙ্গে বিভিন্ন থানা ও ট্রাফিক পুলিশের সুবিধার জন্য ৩৫০০ বডি ক্যাম তুলে দেন।
চুক্তিভিত্তিক পুলিশকর্মী প্রসঙ্গে
বিগত তৃণমূল সরকারের আমলে সরকারি কর্মী নিয়োগের পরিবর্তে চুক্তিভিত্তিক সরকারি কর্মীর পাশাপাশি পুলিশেও চুক্তিভিত্তিক ভলান্টিয়ার চালু করা হয়েছিল বলে সেই নীতির তীব্র নিন্দা করে আজ মুখ্যমন্ত্রী বলেন, সিভিক ভলান্টিয়ার দিয়ে থানা চালানো যুক্তিযুক্ত নয়, সেখানে সঠিক প্রশিক্ষিত কনস্টেবলদের প্রয়োজন। তবে সিভিকদের প্রতি আমাদের কোনও বিদ্বেষ নেই, আমরা তো ইতিমধ্যেই তাঁদের বেতন ২ হাজার টাকা বাড়িয়েছি। তবে আগামী দিনে প্রতিটি নিয়োগ হবে শতভাগ স্বচ্ছ ও ত্রুটিমুক্ত।
মহার্ঘ ভাতা প্রসঙ্গে
রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা ও বেতন কমিশন নিয়ে মুখ্যমন্ত্রী জানান, কেন্দ্রের সঙ্গে রাজ্য সরকারি কর্মীদের ডিএ-র ফারাক আগে ছিল ৪২ শতাংশ। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর ইতিমধ্যেই ২০ শতাংশ ডিএ মিটিয়ে দেওয়া হয়েছে। ফলে কর্মচারীরা খুব শীঘ্রই ৩৮ শতাংশ স্তরে পৌঁছে যাবেন। সপ্তম পে কমিশনের সুপারিশ সংক্রান্ত রিপোর্ট চূড়ান্ত হয়ে হাতে এলে তা দ্রুত কার্যকর করার প্রতিশ্রুতিও দেন মুখ্যমন্ত্রী।
তৃণমূল আমলে ৫০০০ পুকুর বোজানো হয়েছিল
আগের তৃণমূল সরকারের আমলে কেএমডিএ এলাকায় ৫ হাজার পুকুর বুজিয়ে দেওয়া হয়েছিল। পরিবেশ ধ্বংস করতে যা যা করা দরকার তা সবই করেছে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে চুরি-দুর্নীতির শেষ নেই। আজ কুঁদঘাটে জলাশয় পুনরুদ্ধার কর্মসূচিতে গিয়ে এমন বিস্ফোরক অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। কুঁদঘাটে দু’টি জলাশয় পুনরুদ্ধার করে তার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এদিনের অনুষ্ঠানে দুই সরোবরের নামকরণও করেন তিনি। একটির নাম রাখেন শিব সরোবর, অন্যটির নাম দেন শক্তি সরোবর। দুই সরোবরের নামকরণ করার পর মুখ্যমন্ত্রী বলেন, ১১ নম্বর বরোর ১১৪ নম্বর ওয়ার্ডে ইটখোলা ১ ও ২-তে দুটি পুকুর উদ্ধার করা হল। সেখানে পুকুরে মাছ চাষ হবে। এই জলাশয়কে ঘিরে থাকবে সবুজ বেষ্টনী। অর্থাৎ পার্ক তৈরি করা হবে। সেখানে গাছ লাগানো হবে। মর্নিং ও ইভনিং ওয়াকারদের হাঁটার জন্য বিশেষ রাস্তা তৈরি করা হবে।
কলকাতায় বিজয় মিছিল বিজেপির
নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা ও নির্বাচনে জয় উদযাপন করতে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে কলকাতার রাজপথে বিজয় মিছিল করল বিজেপি। উপস্থিত ছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতা ভূপেন্দ্র যাদব, রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য সহ দলের শীর্ষস্থানীয় নেতৃত্ব এবং উপনির্বাচনে জয়ী দুই প্রার্থী।
আগামী মাসেই ৯ হাজার পুলিশ নিয়োগের বিজ্ঞপ্তি বেরোবে, আগামী ২ বছরের মধ্যে উত্তর প্রদেশকেও হারিয়ে দেব: ঘোষণা মুখ্যমন্ত্রীর
- khabar365din
- October 13, 2026
- 2:41 pm
- No Comments




