৩৬৫ দিন। বর্ধমান। পাড়াতলে বিএসএনএলের অফিসে দরজার তালা ভেঙে তামার তার ও যন্ত্রাংশ চুরিতে জড়িত থাকার অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনা ঘটে জামালপুর থানা এলাকায়। ধৃতদের নাম বাপন দাঁ ওরফে পটল, মন্টুকুমার বাের্ণায়াল ও বাবন নন্দী। পশ্চিম বর্ধমানের অণ্ডাল থানার উখড়ার সুখোপাড়া, কঙ্করডাঙা ও গুরুদুয়ারা রোড এলাকায় ধৃতদের বাড়ি। শনিবার ভোররাতে জামালপুর থানার হরগোবিন্দপুরের পিয়ারাবাগান এলাকায় ফেরিঘাটের কাছ থেকে তাদের ধরা হয়। ধৃতরা বিভিন্ন জায়গা থেকে তামার তার ও যন্ত্রাংশ চুরি করে আসানসোল, দুর্গাপুর ও ঝাড়খণ্ডে বিক্রি করে বলে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জেনেছে পুলিশ। তাদের সঙ্গে আরও কয়েকজন চক্রে জড়িত বলে ধৃতরা পুলিশকে জানিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১২ আগস্ট রাতে জামালপুর থানার চকদিঘি এলাকায় হিমঘরের কাছে বিএসএনএলের এক্সচেঞ্জ অফিসে চুরির ঘটনা ঘটে। অফিসে নিরাপত্তারক্ষী থাকে না। সেই সুযোগে রাতে অফিসের মেন গেটের তালা এবং জানালার গ্রিল ও পাল্লা ভেঙে ভিতর থেকে তামার তার ও অন্যান্য যন্ত্রাংশ চুরি হয়ে যায়। পরের দিন সকালে এক্সচেঞ্জের কর্মী অভয়চন্দ্র মজুমদার বিষয়টি দেখতে পান। তিনি ঘটনার কথা জানিয়ে থানায় অভিযোগ দায়ের করেন।





