চিকেন তন্দুরিতে পচা চিকেন! অভিযোগে জেরে হুলুস্থূল কান্ড দুর্গাপুর সিটি সেন্টারে

৩৬৫ দিন। সৌমেন ব্যানার্জি । চিকেন তন্দুরিতে পচা চিকেন! অভিযোগে জেরে হুলুস্থূল কান্ড দুর্গাপুর সিটি সেন্টারে। বেলঘড়িয়ার বাসিন্দা রজত ঘোষ দুর্গাপুর সিটি সেন্টারের এক নামজাদা রেস্তোরাঁয় গিয়েছিলেন সপরিবার। স্টাটারে অর্ডার দেওয়া হয়েছিল চিকেন তন্দুরি। কিছুক্ষণ পর সেই খাবার পরিবেশন করা হলে তাতে বিকট গন্ধ পেয়ে প্রথমেই তাদের সন্দেহ হয়। এরপর তন্দুরিতে কামড় বসাতেই একপ্রকার বমি হওয়ার উপক্রম।‌ ওই পরিবারের অভিযোগ, চিকেন যে শুধু বাসি তাই নয় একেবারেই পচা। তারা বিষয়টি সঙ্গে সঙ্গে ওই সময় উপস্থিত রেস্তোরাঁর ম্যানেজারকে জানালে তিনি বিষয়টি অস্বীকার করেন। জল গড়ায় থানা পুলিশে। অভিযোগ পেয়ে রেস্তোরাঁয় আসে পুলিশ। দায়ের হয় অভিযোগ। প্রশ্ন উঠছে রাস্তার ধারে বা ফুটপাতে ছোট হোটেল রেস্তারাঁ বা খাবারের দোকানে যেখানে রোজ অভিযান চালাচ্ছে পুলিশ ইবি সেখানে মলের ভেতরকার রেস্তোরাঁয় হাইজিন মানা হচ্ছে কি না তা কি আদৌও খতিয়ে দেখা হচ্ছে। সেখানে কেন অভিযান হচ্ছে না? যদিও পুলিশের দাবি, অভিযোগ পেলেই তারা অভিযান চালাচ্ছে। এক্ষেত্রে অভিযোগ এসেছে এবার নিয়ম মেনে তদন্ত হবে। প্রয়োজনে রেস্তোরাঁ বন্ধ করে দেওয়া হবে। রেস্তোরাঁর ম্যানেজার জিসান হোসেন বলেন, “আমাদের রেস্তরাঁর নাম রয়েছে। গুণগত মানও ঠিক রাখা হয়। এরকম ঘটনা কোনওদিন ঘটেনি। তারপরেও এইরকম কেন হল, আমরা বিষয়টি দেখছি।” ঘটনায় রীতিমতো হইচই শুরু হয়ে যায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Scroll to Top