৩৬৫ দিন। স্পোর্টস ডেস্ক। আন্তর্জাতিক টেনিসের ‘ব্যাড বয়’ খ্যাত অস্ট্রেলিয়ান তারকা নিক কিরঘিস এবার বড়সড় ডোপিং কেলেঙ্কারিতে জড়িয়ে পড়লেন। গত ২২ জুন অনুষ্ঠিত মায়োর্কা ওপেন চলাকালীন তাঁর দেওয়া নমুনায় কোকেনের উপস্থিতি পাওয়া গিয়েছে। এর প্রেক্ষিতে আন্তর্জাতিক টেনিস ইন্টিগ্রিটি এজেন্সি গত ৪ অগস্ট থেকে তাঁকে পেশাদার টেনিস থেকে সাময়িকভাবে নির্বাসিত করেছে।এই শাস্তির খবর আনুষ্ঠানিকভাবে ছড়িয়ে পড়ার আগেই নিজেই ইনস্টাগ্রামে পোস্ট করে নিজের ভুলের কথা স্বীকার করেন ৩১ বছর বয়সি এই তারকা। কিরঘিস লেখেন, ‘আমি চেয়েছিলাম খবরটা যেন আপনারা সবার আগে আমার মুখ থেকেই শোনেন। সম্প্রতি মায়োর্কা ওপেনের ড্রাগ টেস্টে আমার রক্তে কোকেন মিলেছে। আমি একটা মস্ত বড় ভুল করে ফেলেছি এবং এর সম্পূর্ণ দায়ভার নিজের কাঁধেই নিচ্ছি।অনুশোচনা প্রকাশ করে তিনি আরও যোগ করেন, ‘আমি আমার পরিবার, ভক্ত, স্পনসর এবং সমস্ত ঘনিষ্ঠ মানুষদের কাছে ক্ষমাপ্রার্থী। তবে সবার ওপরে, আমাকে যারা আদর্শ মানে সেই ছোট ছোট বাচ্চাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি বুঝতে পারছি এটি সমাজে কী ভুল বার্তা দিচ্ছে এবং আমি নিজের ওপর চরমভাবে হতাশ।





