স্বাধীনতা দিবসে ঘা পড়ল বিরসা মুন্ডা, আম্বেদকরের মূর্তিতে

খবর ৩৬৫।নদিয়া। ১৫ ই আগস্ট স্বাধীনতা দিবসের দিনে এবার স্বাধীনতা সংগ্রামী দুই মনীষীর মুর্তির ওপর দুষ্কৃতী হামলা। আদিবাসীদের পূজনীয় বিরসা মুন্ডার আবক্ষ মূর্তির একাংশ ভেঙে দেয় দুষ্কৃতীরা এছাড়াও বি আর আম্বেদকরের আবক্ষ মূর্তির একাংশ ভেঙে দেওয়া হয়। ঘটনাটি নদিয়ার তাহেরপুর থানার মহিষডাঙ্গা আদিবাসী অধ্যুষিত এলাকার ঘটনা। স্থানীয়দের দাবি, শনিবার গভীর রাতে এই ঘটনা ঘটিয়েছে কিছু দুষ্কৃতী। রবিবার সকালে ঘুম থেকে উঠতেই নজরে পড়ে তাদের। জানা যায় এই এলাকা শ্রমজীবী আদিবাসী অধ্যুষিত। গতবছর করম পুজোয় তাদের পূজনীয় দেবতা বিরসা মুন্ডার আবক্ষ মূর্তি স্থাপিত হয়, একই সাথে স্থাপন করা হয় ডক্টর বি আর আম্বেদকরের আবক্ষ মূর্তি। কেন এই দুষ্কৃতী হামলা? তা অজানা থাকলেও যারা এই ঘটনার সাথে যুক্ত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছে স্থানীয় বাসিন্দারা। রবিবার ঘটনাস্থলে এসে পৌঁছায় তাহেরপুর থানার বিশাল পুলিশ বাহিনী, ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করে। যদিও ভেঙে ফেলা মূর্তির একাংশ নতুন করে নির্মাণের চেষ্টা করা হয় এলাকাবাসীর তরফ থেকে। অন্যদিকে থানায় অভিযোগ দায়ের হওয়ার পর তদন্ত নেমেছে তাহেরপুর থানার পুলিশ।

Scroll to Top