গরু চরাতে গিয়ে ডুলুং নদীতে তলিয়ে গেলেন বৃদ্ধ, জোরকদমে চলছে তল্লাশি

৩৬৫ দিন। ঝাড়গ্রাম। গরু চরাতে গিয়ে ডুলুং নদীতে তলিয়ে গেলেন ৮৫ বছরের এক বৃদ্ধ। ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের বনডাহি এলাকায়। নিখোঁজ বৃদ্ধের নাম যতীন্দ্র নাইক। তাঁর বাড়ি বেলিয়াবেড়া থানার বনডাহি গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতো শুক্রবার  কয়েকটি গরু নিয়ে ডুলুং নদীর পাড়ে চরাতে গিয়েছিলেন যতীন্দ্র বাবু। গরুগুলি নদীর পাড়ে চরার সময় আচমকাই নদীর ওপারে চলে যায়। গরুগুলিকে ফিরিয়ে আনতে নদীর জলে নামেন বৃদ্ধ। এরপরই তিনি নদীর কিছুটা ভিতরে গেলে ডুবে যান বলে স্থানীয়দের দাবি। স্থানীয়দের মতে, গত কয়েকদিনের বৃষ্টিতে ডুলুং নদীতে জলের পরিমাণ ও স্রোত বেড়েছে। সেই কারণেই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। ঘটনার খবর পেয়ে ইতিমধ্যেই উদ্ধার কাজে নেমেছে বিপর্যয় মোকাবিলা বাহিনীর দল ও পুলিশ। নদীতে জোরকদমে চলছে তল্লাশি। ঘটনাস্থলে রয়েছে বেলিয়াবেড়া থানার পুলিশও। বৃদ্ধের খোঁজে উদ্ধার অভিযান জোর কদমে চলছে।

Scroll to Top