নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ গোল খেল ভারত, বিরক্তিকর ফুটবল উপহার খালিদের

৩৬৫ দিন। রোহন রায় চৌধুরী। ব্রাজিলের বিরুদ্ধে হজম করতে হয়েছিল চার গোল, উরুগুয়ের বিপক্ষে হাফডজন। এবার লড়াই ছিল নিউজিল্যান্ডের মাটিতে। দেখার ছিল ভারতীয় দল কিছুটা উন্নতি করেছে না একই জায়গায় দাঁড়িয়ে আছে। অপেক্ষাকৃত কম অভিজ্ঞ দল নিয়ে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে নেমেছিল ভারত। এর আগে কিউয়িদের বিরুদ্ধে দু’টি ম্যাচ খেলে একটিতে ড্র করেছিল ভারতীয় দল। আর একটায় হেরে গিয়েছিল। আজ প্রথম জয়ের খোঁজে নেমেছিলেন রায়ান উইলিয়ামসরা। তবে কিউয়িদের বিরুদ্ধে কার্যত লড়াই করতেই পারল না ভারত। একপ্রকার আত্মসমর্পণ করে লজ্জার হার বরণ করতে হল। খেলার শুরু থেকেই দাপট ছিল অল ওয়াইটসদের। তাদের বল কন্ট্রোল, গতি, উচ্চতা এবং বোঝাপড়ার সামনে অসহায় লাগছিল ভারতীয় ফুটবলারদের।
কেন দুটো দলের মধ্যে প্রায় ৫০ ধাপের পার্থক্য সেটা বোঝা যাচ্ছিল প্রত্যেক মুহূর্তে। ৫ মিনিটেই পিছিয়ে পড়ে তারা। নিজেদের বক্সে বলে দখল হারান ভারতীয় ডিফেন্ডাররা। প্রথমে সেভ করেন কাইথ। তবে কাট করে বক্সে ঢুকে র‍্যান্ডালের শট ক্লিয়ার করতে যান প্রমবীর। তা বিজয় ভার্গিসের গায়ে লেগে জড়িয়ে যায় জালে। এর পরে দু’বার হাফ চান্স পেয়ে কাজে লাগাতে পারেননি মনবীর সিং, জিতিস এমএসরা। বরং ম্যাচে আরও জাঁকিয়ে বসে কিউয়িরা।৩৪ মিনিটে ব্যবধান বাড়ায় তারা। গারবেটের বাড়ানো বল ধরে দুরন্ত গতিতে বিজয়কে পরাস্ত করে অ্যাটাকে ওঠেন র‍্যান্ডাল। তাঁর জোরালো শট ভারতের এক ডিফেন্ডারের গায়ে লেগে জড়িয়ে যায় জালে। দিশেহারা ভারতকে আরও বিপাকে ফেলেন সেই র‍্যান্ডালই। ৪৩ মিনিটে ডি ভ্রিসের কাটব্যাক করে নেওয়া শট আটকান প্রমবীর। কিন্তু বল গিয়ে পড়ে র‍্যান্ডালের পায়ে। তাঁর ডান পায়ের বাঁক খাওয়ানো শটে গোল করতে ভুল করেননি তিনি। ০-৩ পিছিয়ে প্রথমার্ধ শেষ করে ভারত।দ্বিতীয়ার্ধের শুরুতেই পাঁচ বদল করে ভারত। মাঠে নামেন মহম্মদ সুহেল, জয় গুপ্তা, মেহতাব সিংরা। তবে লাভ হয়নি। ৫৭ মিনিটে চতুর্থ গোল তুলে নেয় নিউ জ়িল্যান্ড। জ্বলে ওঠেন প্রিমিয়ার লিগে খেলা অভিজ্ঞ স্ট্রাইকার ক্রিস উড।৭৪ মিনিটে ভারতের কফিনে শেষ পেরেকটি পোঁতেন বেইলিস। লিয়ামের থেকে ক্রস পেয়ে জোরালো হাফ ভলিতে গোল করেন তিনি।
৭৭ মিনিটে ষষ্ঠ গোল তুলে নিতে পারত নিউজ়িল্যান্ড। আকাশ মিশ্র নিজেদের বক্সে শেরিডনকে ফাউল করায় পেনাল্টি পায় কিউয়িরা। তবে বিলের শট বাঁচিয়ে দেন বিশাল। এখন দেখার রবিবার ক্রাইস চার্চে দ্বিতীয় ম্যাচে ভারত আজকের থেকে কতটা উন্নত পারফরমেন্স দিতে পারে। তবে ভারতীয় দলের কোচ খালিদ কোন ফর্মুলায় খেলতে নেমেছিলেন পরিষ্কার হল না। নিঃসন্দেহে নিউজিল্যান্ডের কোয়ালিটি ভারতীয় ফুটবলারদের থেকে অনেক বেশি। কিন্তু জিতিন,
কোলাসো, রায়ান উইলিয়ামস, মনবীরদের মত আক্রমণাত্মক ফুটবলাররা থাকা সত্ত্বেও কেন তিনি আক্রমণের রাস্তা বেছে নিলেন না এটা নিয়ে একটা প্রশ্ন চিহ্ন থাকবে।

Scroll to Top