বরানগর কাণ্ডে গ্রেফতার
এখনও কাটেনি রহস্য

৩৬৫ দিন। বরাহনগরের ফ্ল্যাটে মহিলা খুনের ঘটনায় ধর্মবীর নামে একজনকে গ্রেফতার করলেও রহস্যের জট এখনো পুরোপুরি কাটল না। পুলিশের দাবি, বৃহস্পতিবার রাতে ধর্মবীরকে দিল্লির আনন্দ বিহার স্টেশন থেকে গ্রেফতার করা হয়। এই ছেলেটি নিহত অঞ্জলির দীর্ঘদিনের পরিচিত। তার পাবজি গেম খেলার পার্টনার-ও ছিল সে।‌ তবে সে অঞ্জলির প্রেমিক কি না তা নিয়ে পুলিশ এখনো নিশ্চিত নয়। ট্রানজিট রিমান্ডে ধর্মবীরকে নিয়ে এসে জেরা করতে চাইছে পুলিশ।‌ পুলিশ সূত্রে জানা যাচ্ছে এখনো বেশ কিছু প্রশ্নের উত্তর অজানা রয়েছে, খুনের মোটিভ নিয়েও প্রশ্ন থেকে যাচ্ছে।
ধর্মবীরের গতিবিধি
পুলিশ সূত্রে জানা যাচ্ছে, অঞ্জলি খুনের দিন দুপুর ১ টার কিছু পরে বরানগরের ফ্ল্যাটে আসে ধর্মবীর। তখন সেখানে অঞ্জলি ছিল। ধর্মবীর পূর্ব পরিচিত হওয়ায় তার ওই ফ্ল্যাটে ঢুকতে কোনো সমস্যা হয়নি।‌ এর কিছু পরেই অঞ্জলিকে খুন করে সে। তারপর বরাহনগর থেকে সে চলে যায় দক্ষিণেশ্বরের একটি গেস্ট‌হাউসে। সেখানে ঘন্টাখানেক বিশ্রাম নিয়ে সে চলে যায় হাওড়া স্টেশনে। সেখান থেকে রাতে ট্রেন ধরে দিল্লির উদ্দেশ্যে রওনা দেয়। পুলিশের দাবি, মোগলসরাই পর্যন্ত অঞ্জলির ফোন ছিল ধর্মবীরের কাছে। ট্রেনে যেতে যেতেই সে অঞ্জলির দাদা মা বাবাকে হোয়াটস অ্যাপে ফোন মেসেজ করছিল।‌ পুলিশ এই কারণেই মোবাইল ট্র্যাক করতে পারছিল না। মোগলসরাইয়ে এসে সে ফোন ফেলে দেয়। শেষ‌ পর্যন্ত রাতে আনন্দবিহার‌‌ থেকে তাকে ধরে পুলিশ।
খটকা যেখানে
অভিযুক্ত গ্রেফতার হলেও এখনো বেশ কিছু জায়গায় খটকা থেকেই যাচ্ছে। যেমন, শুধুমাত্র অনলাইন গেম খেলা নিয়ে ঝামেলার জেরে একজন দিল্লি থেকে বরাহনগর চলে এসে পার্টনারকে খুন করবে! অঞ্জলির বাবা বলছেন অভিযুক্ত অঞ্জলির দীর্ঘ পরিচিত।‌ তাহলে ওই অভিযুক্ত অঞ্জলির প্রেমিক ছিল বলে নিশ্চিত হওয়া যায় না। হতেও পারে আবার নাও হতে পারে। যদি প্রেমিক হয় তাহলে সম্পর্কের টানাপোড়েনে খুন হতে পারে যদি না হয় তাহলে কেন খুন? তাহলে কী খুনের নেপথ্যে অন্য কেউ? সব চেয়ে বড় প্রশ্ন হল, অভিযুক্ত কেন অঞ্জলির ফোন সঙ্গে করে নিয়ে গেল? ফোন যদি নষ্ট‌ করার থাকতো না হলে তার অনেক সুযোগ ছিল তার কাছে। সে‌‌ সব না করে সে ফোন বার বার অন অফ করে অঞ্জলির বাবা মাকে‌ মেসেজ করে তো নিজের দিকে গোটা বিষয়টি ঘুরিয়ে নিয়ে চলে এল! পুলিশের অনুমান হতে পারে ওভার কনফিডেন্স‌‌ হয়ে পড়েছিল অভিযুক্ত। সে পুলিশকে ঘোল খাওয়ানোর জন্য চ্যালেঞ্জ করতে চাইছিল।‌ তবে সব দিক খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত এখনো শেষ হয়নি বলেও জানাচ্ছে পুলিশ।

Scroll to Top