চন্দননগরের জগদ্ধাত্রী ত্রিনয়নে নিপুন ছোঁয়া মৌপ্রিয়ার

৩৬৫ দিন। আয়ুষ্মান দে। হুগলি।  বাবার ৪৫ প্রতিমার ব্যস্ততায় মেয়ের হাতের তুলিতে প্রাণের স্পর্শ! মৃন্ময়ী থেকে চিন্ময়ী, জগদ্ধাত্রীর ত্রিনয়নে মৌপিয়ার নিপুণ ছোঁয়া বাঁশ, খর, মাটির কাঠামোয় চক্ষুদান ও প্রাণ প্রতিষ্ঠার শেষ পর্বে যেন এক অন্য শিল্পের জাদু! বাবার হাতে তৈরি মৃন্ময়ী জগদ্ধাত্রী মেয়ের নিপুণ তুলির আঁচড়ে হয়ে উঠছেন চিন্ময়ী। হুগলির চন্দননগরের জগদ্ধাত্রী প্রতিমার মুখসজ্জা ও চক্ষুদানে এখন নজর কাড়ছেন কলেজছাত্রী মৌপিয়া পাল। মৃৎশিল্পী মুক্তি পালের মেয়ে মৌপিয়া চন্দননগর কলেজের প্রথম বর্ষের ছাত্রী। পড়াশোনায় বরাবরই মেধাবী। করোনা লকডাউনের সময় ছোট্ট মৌপিয়া বাবাকে দুর্গাপ্রতিমা তৈরির কাজে সাহায্য করতে শুরু করেছিল। সেই শখই আজ পরিণত হয়েছে শিল্পের দক্ষতায়। পরিবারের ও বাবার অন্যতম ভরসা সে। বাবার হাতে প্রতিমার সাজসজ্জা, শাড়ি পরানো, আর মেয়ের তুলির টানে ফুটে উঠছে দেবীর ত্রিনয়ন।
এবছর চন্দননগর, ভদ্রেশ্বর ও রিষড়া মিলিয়ে ৪৫টি জগদ্ধাত্রী প্রতিমা তৈরির বরাত পেয়েছেন মুক্তি পাল। ফলে পুজো শুরু হওয়ার আগেই উদ্বোধন ঘিরে বাবা-মেয়ের দম ফেলার ফুরসত নেই। একাধিক প্রতিমার চক্ষুদানের দায়িত্ব সামলাচ্ছে মৌপিয়া।
মুক্তি পাল মেয়ের আগ্রহ দেখে তাকে শিল্পকলার প্রশিক্ষণ দিয়েছেন। বর্তমানে কয়েকটি আঁকার ক্লাসও করায় মৌপিয়া। তাঁর কথায়, মানুষের প্রশংসা শুনলে ভালো লাগে। চন্দননগরের জগদ্ধাত্রী প্রতিমার মুখের সৌন্দর্যই অন্যতম আকর্ষণ। সেই মুখে চোখ আঁকার দায়িত্ব পালন করতে তাঁরও ভালো লাগে। রাজ্যজুড়ে উৎসবের আলোর আড়ালে এভাবেই তৈরি হচ্ছে এক শিল্পীসত্তার নতুন পরিচয় —বাবার উত্তরসূরি হয়ে তুলির টানে জগদ্ধাত্রীর চোখে প্রাণের ভাষা ফুটিয়ে তুলছে মৌপিয়া সকলের কাছে আগামী দিনে মৌ প্রিয়া হয়ে উঠবে অসাধারণ এক শিল্পী এই আশায় তার পরিবার।

Scroll to Top