আবার কাশ্মীরে জঙ্গিহানা

৩৬৫ দিন। লেফটেন্যান্ট গভর্নরের অনুষ্ঠান উপলক্ষে চলছিল নাকা চেকিং। সেখানেই ব্রাস ফায়ার করে তিন সিআরপিএফ জাওয়ানকে জখম করল জঙ্গিরা। বেশ কয়েকমাস প্রায় শান্ত থাকার পর ফের কাশ্মীর উপত্যকায় জঙ্গি হামলার ঘটনা ঘটল। সেনা সূত্রে জানা যাচ্ছে, বুধবার অচল গ্রামের মীরা বাজারের কাছে সিআরপিএফ জাওয়ানরা ক্যাম্প করে নাকা তল্লাশি চালাচ্ছিল। দুপুর ২ টো নাগাদ একটি মোটরবাইক দ্রুত গতিতে ক্যাম্পের কাছে চলে আসে। কেউ কিছু বুঝে ওঠার আগে বাইকে থাকা দুজন সিআরপিএফ জাওয়ানদের লক্ষ্য করে গুলিবৃষ্টি শুরু করে। পাল্টা জবাব  দেয় সেনা।  সিআরপিএফ জাওয়ানরা গুলি ছুঁড়তে শুরু করতেই পালিয়ে যায় দুই জঙ্গি। সেনা সূত্রে জানা যাচ্ছে জঙ্গিদের গুলিতে তিন জাওয়ান জখম হয়েছেন। তাদের মধ্যে একজন পশ্চিমবঙ্গের।
বাকি দু’জন অসম ও মধ্যপ্রদেশের। গুলিবিদ্ধ ৩ জাওয়ানের মধ্যে ১ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে। সিআরপিএফের একটি সূত্র জানাচ্ছে ১৫ সেকেন্ডের অপারেশনে জঙ্গিরা ৩০ রাউন্ডের বেশী গুলি চালায়। বুধবারের ঘটনা নতুন করে জম্মু কাশ্মীর নিয়ে উদ্বেগ বাড়ালো। কারণ, জঙ্গিরা যে এমন হামলা চালাতে পারে তার আগাম খবর ছিল না। অর্থাৎ এই জঙ্গিগোষ্ঠী নতুন।  বড় কোনো জঙ্গি সংগঠনের ছাতার তলায় থেকে সম্ভবত তারা হামলা চালিয়েছে। সেদিক থেকে দেখতে গেলে এই জঙ্গি গোষ্ঠীকে দ্রুত চিহ্নিত করা না গেলে আগামী দিনে জম্মু কাশ্মীরে এরা বড় হামলা চালাতে পারে। যদিও সিআরপিএফের সূত্র বলছে, বাইকে হামলা চালিয়ে জঙ্গিরাবেশী দূর পালাতে পারবে না। ইতিমধ্যেই গোটা কুলগ্রাম জুড়ে তল্লাশি চলছে। জঙ্গিদের সম্ভাব্য সব হাইড আউট চিহ্নিত করে তল্লাশি চলছে। দ্রুত তাদের জীবিত অথবা মৃত অবস্থায় পাওয়া যাবে।

Scroll to Top