৩৬৫ দিন। রজতশুভ্র চট্টোপাধ্যায়
মঙ্গলবার প্রকাশিত হয়েছে সোনিয়া গান্ধির আত্মজীবনী বিলংগিং – এ জার্নি অফ লাভ। আত্মকথায় একের পর এক অজানা তথ্য সামনে এনেছেন সোনিয়া। যা নিয়ে কম বেশী বিতর্ক-ও তৈরী হয়েছে। তবে এটাও ঠিক স্মৃতি কথা যদি বিতর্ক-ই তৈরী করতে না পারে তবে তা ম্যাড়মেড়ে হয়ে পড়ে আর সোনিয়া গান্ধির মত ব্যাক্তিত্ব যাঁর জীবনকাহিনি ঠিক যেন সিনেমা তাঁর ব্যক্তিগত অপ্রকাশিত তথ্য প্রকাশিত হলে ঝড় তো উঠবেই।
বচ্চন ও বোফর্স
বচ্চন পরিবারের সঙ্গে গান্ধিদের ঘনিষ্ঠতা এককালে সর্বজনবিদিত ছিল কিন্তু সেই সম্পর্কে চিড় ধরে। কেন কি ভাবে সেই ভাঙন ধরলো আত্মজীবনীতে তা প্রকাশ করেছেন সোনিয়া। তিনি লিখছেন,রাজীবের সঙ্গে বিয়ের আগে ভারতে এসে গান্ধি পরিবারের বাসভবনে নয় সোনিয়া উঠেছিলেন বচ্চনদের বাসভবনে। তাঁকে একরকম আশ্রয় দিয়েছিলেন অমিতাভের বাবা হরিবংশ। আদর যত্নে একেবারের বাড়ির মেয়ের মত করে রেখেছিলেন। সেই সম্পর্ক পরবর্তীতে আরও মধুর হয়। সোনিয়া রাজীবের বিয়ে হয়, রাহুল, প্রিয়াঙ্কার জন্ম হয়। সোনিয়ার কথায়, রাহুল প্রিয়াঙ্কা দুজনেই অমিতাভকে ‘মামা’ বলে সম্বোধন করত। সেই সম্পর্কে চিড় ধরে বোফর্স কেলেঙ্কারির সময়। রাজীব তখন কোণঠাসা। এক এক করে সবাই পাশ থেকে চলে যাচ্ছে। প্রধানমন্ত্রীত্ব হারিয়েছেন। রাজীব সোনিয়া আশা করেছিলেন দুর্দিনে বচ্চন পরিবার অন্তত পাশে থাকবে। কিন্তু তা হয়নি। সেটাই অভিমানের মূল কারণ হয়ে দাঁড়ায়।
জ্যোতি, যেন স্নেহশীল দাদু
সোনিয়া গান্ধির তাঁর স্মৃতিকথার বেশ অনেকটা অংশ বাংলা নিয়ে লিখেছেন। প্রণব থেকে মমতা, সত্যজিৎ সবার কথাই এক এক করে উঠে এসেছে। বাকি ছিলেন জ্যোতি বসু, তাঁর কথাও উঠে এসেছে সোনিয়ার স্মৃতি কথায়। রাজনীতিবিদ জ্যোতি বাবুর প্রজ্ঞার প্রশংসা সোনিয়া করবেন সেটাই স্বাভাবিক। তবে সোনিয়ার লেখায় একটি দিনের ছোট্ট একটি ঘটনা উঠে এসেছে। কোনো কারণে একবার জ্যোতি বাবুর সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন সোনিয়া। তখন তিনি রাজনীতিতে শিক্ষানবিশ বলা যায়। সোনিয়া লিখছেন, সাক্ষাৎ শেষে ফেরার সময় পার্টির সদর দপ্তরে লিফট পর্যন্ত তাঁকে পৌঁছে দেওয়ার সময় এক পরম স্নেহশীল দাদুর মতো তাঁর পিঠে হাত রেখে জ্যোতি বসু বলেন, “খুব ভালো মেয়ে, খুব ভালো মেয়ে, তুমি দারুণ কাজ করছ!”
কেঁদেছিলেন ইন্দিরা, আঁচ করেছিলেন মৃত্যু
অনেকেই বলেন ‘অপারেশন ব্লু স্টার’ না হলে ইন্দিরার হত্যা হত না। আত্মজীবনীতে সোনিয়া সরাসরি সে কথা না বললেও অপারেশন ব্লু স্টার যে ইন্দিরাকে নাড়িয়ে দিয়েছিল তার উল্লেখ করেছেন তিনি। স্মৃতিকথা প্রকাশের আগে ‘দ্য গার্ডিয়ান’-কে দেওয়া সাক্ষাৎকারে সোনিয়া গান্ধি জানান, অপারেশন ব্লু স্টারের পর স্বর্ণমন্দিরের ধ্বংসলীলার ছবি দেখে ভেঙে পড়েছিলেন ইন্দিরা গান্ধি। সনিয়ার কথায়, “আমার শাশুড়িকে যখন ধ্বংসের ছবিগুলি দেখানো হয়েছিল, তখন তাঁর চোখ বেয়ে জল গড়িয়ে পড়েছিল।” সোনিয়া বলছেন, পোড় খাওয়া ইন্দিরা জানতেন এই অভিযান তাঁর জন্য প্রাণঘাতী হতে চলেছে। মৃত্যু আঁচ করতে পেরেছিলেন তিনি। মৃত্যুর কিছু আগে থেকে তাঁর মৃত্যু হলে কাকে কী করতে হবে তা পুঙ্খানুপুঙ্খ বুঝিয়ে দিয়েছিলেন। ১৯৮৪ সালের ৩১ অক্টোবরের সেই ভয়াবহ দিনের কথাও স্মরণ করেছেন সনিয়া। ইন্দিরা গান্ধিকে গুলি করার শব্দ প্রথমে দীপাবলির পর পড়ে থাকা বাজির আওয়াজ বলে ভেবেছিলেন তিনি। পরে ছুটে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন ইন্দিরা।হাসপাতাল থেকে ইন্দিরার পোশাক নিয়ে ফেরার পথেও যে পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছিল, সেই অভিজ্ঞতার কথা জানিয়েছেন সনিয়া। তাঁর কথায়, “পথে একদল লোক আমাদের গাড়ি আটকানোর চেষ্টা করেছিল। তারা গাড়ির জানলায় ধাক্কা মারছিল। তারা রেগে ছিল এবং এমন কিছু চিৎকার করে বলছিল, যা আমি বুঝতে পারিনি।”
রান্না জানতেন না ইন্দিরা, সোনিয়া খাদ্যরসিক
আত্মজীবনীর একটি অংশে সোনিয়া তাঁর খাদ্যাভাস নিয়ে নানা কথা বলেছেন। ওই অংশে প্রিয়াঙ্কার সঙ্গে তাঁর কথপোকথন উঠে এসেছে। সোনিয়া জানাচ্ছেন, ইতালি থেকে ভারতে এসে এখানকার খাবারের সঙ্গে মানিয়ে নেওয়া সহজ ছিল না। তবে ধীরে ধীরে এখানকার খাবারে অভ্যস্ত হয়ে ওঠেন তিনি। সোনিয়া লিখছেন তাঁর শাশুড়ি ইন্দিরা রান্না তেমন একটা জানতেন না তবে গান্ধি পরিবারে খাওয়া দাওয়া নিয়ে বেশ একটা জমজমাট ব্যাপার থাকতো বছরভর। সোনিয়া আসার পর সেই বিষয়টা আরো বাড়ে। এই অংশে প্রিয়াঙ্কা জানাচ্ছেন, দিপাবলীর সময় ১ সফদরজঙ রোডের বাড়িতে যেন উৎসব লেগে যেত। বাবা রাজীব তাঁকে ও রাহুলকে নিয়ে যেতেন চাঁদনি চকে। কয়েক বস্তা বাজি কেনা হত। সারারাত ধরে সেই বাজি ফাটিয়ে উৎসব চলতো। গোটা বাড়ি ইন্দিরা সোনিয়া দুজন মিলে প্রদীপ দিয়ে সাজাতেন। আর তার সঙ্গে থাকতো ভুরিভোজ। সোনিয়ার পছন্দের কাবাব, চিকেন টিক্কা, তন্দুরি চিকেন, ডাল মাখনি, কাশ্মীরি কোফতা এবং কাশ্মীরি হাক শাক থাকতো মেনুতে। তবে বাঙালী খাবার-ও সোনিয়ার অতি প্রিয়। বাঙালী মাছের পদ থেকে নিরামিশ আইটেম,সোনিয়ার এখনো খুব পছন্দের। আর প্রতিদিনের মেনুতে ভাত আর অড়হর ডাল থাকবেই। প্রিয়াঙ্কা বলছেন, ছোট থেকে তাঁর ও রাহুল দুজনের-ই গুজরাতি পদ পছন্দের। এর মধ্যে খান্ডভির কোনো তুলনাই হয় না। সোনিয়া স্মৃতিচারণায় লিখছেন, কোনো উৎসবে সেই ইন্দিরার আমল থেকে এক ধরণের পোলাও হত। যদিও সেই পদের নাম আলাদা করে বলেননি তবে ওই পদ কাশ্মীরের। মিষ্টি পোলাও জাতীয়, কাশ্মীরীরা বলেন মোদুর পোলাও। এই পদ গান্ধি পরিবারের সকলের খুব প্রিয় ছিল। মোদুর পোলাওয়ে চালের সঙ্গে মেশে চিনি, ঘি, কেশর, শুকনো ফল এবং সুগন্ধি মশলা। সাধারণত বাসমতি চাল দিয়ে এই পদ তৈরি করা হয়। জাফরানের জন্য ভাতের রং হয় সোনালি, আর এলাচ ও দারচিনির মতো মশলা এনে দেয় মনমাতানো সুগন্ধ।
মোদি চোখের দিকে তাকান না
সোনিয়া লিখছেন আমার ও নরেন্দ্র মোদির মধ্যে মতাদর্শগত পার্থক্য থাকবে সেটাই স্বাভাবিক। কারণ আমার আদর্শের ভীত নেহেরু গান্ধি আর ওঁর আর এস এস কিন্তু একটি বিষয়ে আমাদের অদ্ভুত মিল তা হল অভিজাত সমাজ সম্পর্কে আমাদের অস্বস্তি। এটা তো ঠিক, বিজেপি মোদিকে যতোটা গরীব পরিবারের সন্তান বলে প্রচার করে ততোটা না হলেও তিনি দলিত সমাজ থেকে উঠে এসেছেন। তবে রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রধানমন্ত্রীকে খোঁচা দিয়েছেন সোনিয়া। তিনি লিখছেন, মোদি চোখাচুখি এড়িয়ে চলেন। আমার সঙ্গে সৌজন্য বশত যেটুকু কথা হওয়ার হয়েছে তার বেশী নয়। সোনিয়া লিখছেন, এক দশকের ব্যবধানে দু’টি ঘটনা নাড়িয়ে দিয়েছিল সনিয়াকে। প্রথমটি, ১৯৯২ সালের বাবরি মসজিদ ধ্বংস। দ্বিতীয়টি ২০০২ সালে গোধরা-পরবর্তী গুজরাত দাঙ্গা। এর পাশাপাশি সদ্যপ্রকাশিত আত্মজীবনী ‘বিলংগিং: আ জার্নি অফ লভ’-এ শতাব্দীপ্রাচীন কংগ্রেসের সবচেয়ে দীর্ঘ সময়ের সভানেত্রী উল্লেখ করেছেন ১৯৮৪ সালে ইন্দিরা হত্যা পরবর্তী শিখবিরোধী হিংসার কথাও। শিখবিরোধী হিংসাকে ‘ভারতের ইতিহাসের একটি মর্মান্তিক ও লজ্জাজনক অধ্যায়’ বলে চিহ্নিত করেছেন সনিয়া। সে সময় রাজীবের একটি মন্তব্য (বড় গাছ পড়লে মাটি কেঁপে ওঠে) নিয়ে বিতর্ক দানা বাঁধলেও সনিয়ার দাবি, তাঁর স্বামীর মনে কোনও গোঁড়ামি বা বিদ্বেষ ছিল না। তবে ওই সঙ্কটময় মুহূর্তে তাঁকে হঠাৎ করেই ক্ষমতার কেন্দ্রে আসতে হয়। ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যায়নি যথাযথ ভাবে। ইন্দিরা হত্যাকাণ্ডের পরবর্তী পরিস্থিতির কথা স্মরণ করে তিনি লিখেছেন, যখন এই খবর দ্রুত ছড়িয়ে পড়ে, তখন দ্রুত দেশ জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছিল।
ক্যান্সারের বিরুদ্ধে জয়
২০১০ সালে সোনিয়ার স্তন ক্যান্সার ধরা পড়ে। পরে তা অগ্নাশয়ে ছড়ায়। সেই সময় সোনিয়ার স্বাস্থ্য নিয়ে সংবাদমাধ্যমে আলোচনা শুরু হলে তিনি বিরক্ত হন বলে জানিয়েছেন সোনিয়া। একপ্রকার বাধ্য হয়েই তাঁকে বিদেশে চিকিৎসার জন্য যেতে হয়। দুবার অপারেশন হয় তাঁর। প্রথমটি হয়েছিল ইটালির মিলানে এবং দ্বিতীয়টি নেদারল্যান্ডসের রটারড্যামে। সোনিয়ার দাবি, যখন প্রথম বার ক্যানসার ধরা পড়ে, তখন দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালের চিকিৎসকদের উপর তাঁর সম্পূর্ণ আস্থা থাকা সত্ত্বেও তিনি বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমের চর্চা এড়াতে চেয়েছিলেন। তাই বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।






