৩৬৫ দিন। বিহারের বাল্মিকী অভয়ারণ্য থেকে বক্সার জঙ্গলে আনার সময়ই নাকি তিন মাসের অন্তঃসত্ত্বা ছিল বক্সার বাঘিনী ডুয়ার্স রানী! কিন্তু প্রথমে বিহারের বাল্মিকী অভয়ারণ্য থেকে তাকে ধরার জন্য এবং তারপর বক্সার জঙ্গলে ছাড়ার আগে রেডিও কলার পরানোর জন্য ঘুম পাড়ানি গুলিতে ট্রাঙ্কুলাইজ করার সময় নাকি বাঘিনীর পেটের মধ্যে থাকা তিন ব্যাঘ্র শাবকের প্রাণ বাঁচানোর তাগিদে মরিয়া হয়ে অসমের রায়মনার জঙ্গলে পালিয়ে গিয়েছিল সে। তবে গত ৩ নভেম্বর অসমের রায়মনা জঙ্গলে আবার ঘুমপাড়ানি গুলিতে ট্র্যাঙ্কুলাইজ করার সময়ই নাকি পেটের মধ্যে নষ্ট হয়ে যায় বাচ্চা গুলি। তাই ফিরিয়ে আনার পরে আরো একবার সম্পূর্ণ নজিরবিহীন ভাবে এনজয় থেকে সুড়ঙ্গ কেটে পালিয়ে বেড়াচ্ছে। এমন বিস্ফোরক তথ্য উঠে এসেছে আজ সর্বভারতীয় একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে। আর এমন তথ্য প্রকাশ্যে আসার পরেই তোলপাড় শুরু হয়ে গিয়েছে গোটা দেশজুড়ে।
উঠছে চিকিৎসায় গাফিলতির অভিযোগ
গত সেপ্টেম্বর মাসে বিহারের বাল্মিকীয় অভয়ারণ্য থেকে ট্রাঙ্কুলাইজ করে বাঘিনীকে বিশেষ ব্যবস্থায় বক্সার জঙ্গলে নিয়ে আসার পথেই নাকি শারীরিকভাবে জখম হয়েছিল সে। এমনটাই দাবি সর্বভারতীয় একাধিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে। এনক্লোজারে রাখার পরেও সে আহত হয়ে থাকতে পারে বলে অনুমান। এনক্লোজার বা ঘেরাটোপ থেকে বেরোনোর চেষ্টা করতে গিয়ে বাঘিনিটির নখ জখম হয়েছে, এমনকি দাঁতেও আঘাত লেগে থাকতে পারে। নখের ক্ষত বেশি হলে ইনফেকশন বা সংক্রমণের ঝুঁকি তৈরি হয়, যা বন্য পরিবেশে তার শিকার ধরার ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে।
এমন পরিস্থিতিতে এনক্লোজারে রাবারের কুশনিং দেওয়ার মতো সুরক্ষামূলক ব্যবস্থা নেওয়া প্রয়োজন ছিল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, এনক্লোজার সেট করার ক্ষেত্রেও অনভিজ্ঞতার ছাপ রয়েছে। পাশাপাশি জুন মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত যেহেতু বাঘেদের মিটিং সিজন বা মিলনের সময় চলে, তাই বিহারের বাল্মিকী অভয়ারণ্যের দায়িত্বপ্রাপ্ত বনদপ্তরের আধিকারিকদের উচিত ছিল বক্সয় পাঠানোর জন্য নির্বাচন করার আগে বা রিলোকেট করার সিদ্ধান্ত নেওয়ার আগে তার সঙ্গে কোন পুরুষ বাঘের মিটিং এবছর হয়েছে কিনা সেই সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা। কারণ সদ্য অন্তঃসত্তা কোন বাঘিনীকে অভয়ারণ্য থেকে আরেক অভয়ারণ্যে পাঠানোর প্রথা নেই। গোটা বিষয়টি সামনে আসার পরে এনটিসিএ বিশেষজ্ঞ দল পশ্চিমবঙ্গে পাঠিয়েছে বলে জানা গিয়েছে।
এই প্রসঙ্গে পশ্চিমবঙ্গের বনমন্ত্রী মনোজ কুমার ওঁরাও জানান, তাঁরা যা-ই করছেন, এনটিসিএ বা ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটির গাইডেন্স মেনে করছেন। তাই এই বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষই দেখছে। তিনি বলেন, এবার একটি ঘটনা ঘটেছে তাই আমরা এনকোয়ারি টিমকে ডেকেছি, তারা দিল্লি থেকে এসেছে। তারা পরীক্ষা করে কী রিপোর্ট দেয় দেখি, তারপর আমরা বলতে পারব এটা নিয়ে, তার আগে বলার কিছু নেই। কী হয়েছে, কী হয়নি, পুরোপুরি জেনে কিছু বলতে পারব। এখনই নয়। বনমন্ত্রী উপস্থিত ছিলেন বাঘটিকে অসম থেকে ধরার সময়। বাঘটি যে অন্তঃসত্ত্বা, তিনি কি কোনওরকম ইঙ্গিত পেয়েছিলেন? মনোজ জানিয়ে দেন, তিনি তেমন কিছু বুঝতে পারেননি। পরে বলেন, আমরা গাইডলাইন মেনে চলি, দুম করে ধরে নিয়ে এলাম এমন হয় না। এনকোয়ারি হোক, তারপর বুঝতে পারব, কী হয়েছে না-হয়েছে বা আদৌ যে ঘটনার কথা বলা হচ্ছে, তা হয়েছে কি না।
ডুয়ার্স রানীর টাইমলাইন
দীর্ঘকাল ধরে বক্সা টাইগার রিজার্ভে কোন বাঘ না থাকায় নতুন করে বক্সাতে বাঘের বিচরণ ক্ষেত্র করে তোলার জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উদ্যোগে গত 27 সেপ্টেম্বর বিহারের বাল্মিকী অভয়ারণ্য থেকে ধরা হয় এই বাঘিনীটিকে। ৩০ সেপ্টেম্বর বক্সা ব্যাঘ্র প্রকল্পের ২৫ মাইল এলাকায় প্রায় সাত বিঘা জমির উপর তৈরি বিশেষ এনক্লোজারে রাখা হয়েছিল ডুয়ার্স রানীকে। ২ অক্টোবর এনক্লোজারের দরজা খুলে দেওয়া হলেও ৪ অক্টোবর সেখান থেকে বেরিয়ে সংকোশ নদী পেরিয়ে অসমের রায়মনা বনাঞ্চলে পৌঁছে যায় বাঘিনিটি। ৩ নভেম্বর অসমের কোকরাঝাড় জেলার দোতমা এলাকার গিলাগুড়িতে পশ্চিমবঙ্গ ও অসমের বন দফতর যৌথ অভিযান চালায়। তিনটি কুনকি হাতির সাহায্যে ঘিরে প্রায় দু’ঘণ্টার চেষ্টায় ফের ট্রাঙ্কুলাইজ করা হয় তাকে। ফিরিয়ে আনা হয় বক্সায়। এরপর ফের গত রবিবার এনক্লোজার থেকে সুড়ঙ্গ কেটে খোলা জঙ্গলে পালিয়ে যায় বক্সার বাঘিনী।
এখনো বক্সার জঙ্গলেই আছে ডুয়ার্স রানী
বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, বর্তমানে বক্সা টাইগার রিজার্ভের চুনিয়া ওয়াচ টাওয়ারের কাছেই বাঘিনীর অবস্থান রয়েছে। সেই কারণে তার আশেপাশের একাধিক এলাকায় কুনকি হাতি রাখা হয়েছে। আছেন বন দপ্তরের আধিকারিকরাও। তাঁদের কাজ থেকে পাওয়া তথ্য অনুযায়ী জানা গিয়েছে, অসমের রায়মোনা বনাঞ্চল থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে রয়েছে বাঘিনী। ভুটান সীমান্ত থেকে মাত্র ১০ কিলোমিটার দূরে রয়েছে সে। এই অবস্থায় বক্সা টাইগার রিজার্ভের আধিকারিকরা বাঘিনীর উপর নজর রাখছেন। গোটা বিষয় বনমন্ত্রী নিজে চোখ রেখেছেন, নিরন্তর মনিটরিং করছেন এবং জানিয়েছেন, বাঘটি বক্সায় ঘুরছে। বলেন, রিলিজ করার পর থেকে পুরোটাই নখদর্পণে আছে আমাদের। বাঘটি কোথায় আছে, কোন ঝোপে আছে। এখনও বক্সার জঙ্গলে ঘোরাঘুরি করছে। অসমে যাওয়ার কোনও প্রবণতা দেখা যাচ্ছে না। আমরা যেটা ভাবি, প্রথম এক্সপ্লোর করে আস্তে আস্তে সেটেল হওয়ার চেষ্টা করা হয়। এক্ষেত্রে মনে হয়, এবার ও সেটেল হওয়ার চেষ্টা করছে এবং সেটা হয়েও যাবে। আশা রাখছি।






