৩৬৫ দিন। আমি আজ কুটুম হিসেবে আপনাদের কাছে এসেছি। পাহাড়, জঙ্গলে হাত দিতে দেব না কাউকে। এখানকার আদিবাসী, মূলবাসীরা প্রকৃতি পুজো করেন। তাঁদের আবেগে আঘাত দিতে আমি দেব না। এঁরাই জঙ্গলমহলের মূলবাসী। এঁদের উন্নতির কথা ভাবতে হবে। আজ বাঁকুড়ার রাইপুরে বাঁদনা পরবে যোগ দিয়ে এভাবেই নিজেকে জঙ্গলমহলের কুটুম হিসেবে দাবি করে বাংলার বনাঞ্চল রক্ষার প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই সঙ্গে পুরুলিয়া বাঁকুড়া সহ বিস্তীর্ণ জঙ্গলমহলে শিল্পের জন্য জমি অধিগ্রহণ নিয়ে বিভিন্ন সময় যে বিতর্ক তৈরি হয়েছে সেই প্রসঙ্গেও স্পষ্টভাবে রাজ্য সরকারের অবস্থান সম্পর্কে তিনি বলেন, আমি বলে দিয়ে যাচ্ছি, পুরুলিয়া আর বাঁকুড়ায় পরিবেশবান্ধব শিল্প হবে। দূষণ হবে না। এর জন্য আমরা কীভাবে জমি নেব, সেসব আপনাদের সবার সঙ্গে আলোচনা করে সরকার ঠিক করবে। জঙ্গলমহলের মানুষের দীর্ঘদিনের ঐতিহ্য মেনে চলে আসা বাঁদনা পরবে বাঁকুড়ার রাইপুরের বিরসা মুন্ডা মেমোরিয়াল কলেজ মাঠের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে আদিবাসী মহিলারা তাঁকে ভাই ফোঁটা দেন, পিঠে খাওয়ান। আদিবাসী কুর্মি সমাজের মূল মানতা অজিত মাহাতোর দাবির প্রসঙ্গে মুখ্যমন্ত্রী সভায় বলেন, অজিতবাবুকে বলব, সরকারি জায়গায় পুরুলিয়ায় পরিবেশ বন্ধব শিল্প হবে। জমি স্বেচ্ছায় যারা দিতে চান, আমরা উচিত মূল্যে ক্রয় করে নেব। ২১ নভেম্বর পুরুলিয়ায় বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে কথা বলতে আমি আসব। অজিতবাবুকে বলব, যাঁরা জমি দিতে চান, তাঁদের তালিকা আমাকে দিন। এখানে ল্যান্ড ম্যাপ তৈরি করে পরিবেশবান্ধব শিল্প করব। যাতে এখনকার যুবকদের কাজের জন্য বাইরে যেতে না হয়।
সব সামাজিক সংগঠন এক ছাতার তলায়
প্রধান তৃণমূল সরকারের আমলে রাজ্যের বিভিন্ন জনজাতিদের জন্য যেমন পৃথক পৃথক উন্নয়ন বোর্ড চালু হয়েছিল সেগুলির পরিবর্তে সমস্ত সামাজিক সংগঠনকে এক ছাতার তলায় নিয়ে আসার পরিকল্পনার কথা জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ১৫ তারিখ আবার আসব পুরুলিয়ায়। এখানকার সব সামাজিক সংগঠনকে এক ছাতার তলায় আনব। বাউড়ি, বাগদি, কুড়মি, রাজবংশীদের সংগঠনের সঙ্গে আলোচনায় বসব কীভাবে কী করা যায়। জমি নিয়ে আলোচনা করব। আগেকার সরকার বাউড়ি বনাম বাগদি, কুড়মি বনাম মাহাতো – এভাবে সব ভেদাভেদ করেছিল। ওই বিভাজনের রাজনীতি, তোষণের রাজনীতি আর চলবে না। সবাই এক উন্নয়নের আওতায় থাকবেন। এই সরকার আমার নয়, বিজেপির নয়, এটা আপনাদের সরকার। আপনাদের অধিকার আছে, সেটা আদায় করে নেবেন। সেইসঙ্গে আজ মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, জঙ্গলমহল বিগত দিনে বঞ্চিত ছিল, সে বাম আমলে হোক কিংবা তৃনমূল কংগ্রেসের আমলে হোক। মূলবাসীদের বিরুদ্ধে যত মামলা হয়েছে সব প্রত্যাহার করা হবে।
জঙ্গলমহলের উন্নয়নে 1200 কোটি
জঙ্গলমহলের উন্নয়নের জন্য আরও বাড়তি ৬ কোটি টাকা বরাদ্দ করেছেন মুখ্যমন্ত্রী। দুই শিল্পাঞ্চলকে সংযুক্ত করতে দুর্গাপুর-জামশেদপুর জাতীয় সড়কে সম্প্রসারণ ও জঙ্গলমহলের একটি হাসপাতালে ১০০ শয্যায় উন্নীত করার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।
আমি জঙ্গলমহলের কুটুম পরিবেশবান্ধব শিল্প হবে
বাঁদনা পরবে যোগ দিয়ে ঘোষণা মুখ্যমন্ত্রীর
- khabar365din
- November 12, 2026
- 5:13 pm
- No Comments






