খবর ৩৬৫ দিন। হাওড়া। হাওড়া পুরসভার নির্বাচন কবে হবে, তা নিয়ে জল্পনা আরও বাড়ল। নভেম্বর মাসে পুরভোট হওয়ার সম্ভাবনা কার্যত ক্ষীণ। পুরভোট না হলে সেক্ষেত্রে বিকল্প প্রশাসনিক ব্যবস্থার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার সকালে শিবপুরের কাজীপাড়ায় আভানী মল সংলগ্ন ছটপুজোর সামগ্রী বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি জানান, পুরভোট না হলে আগামী ১ ডিসেম্বর থেকে হাওড়া পুরসভার প্রতিটি ওয়ার্ডে কো-অর্ডিনেটর নিয়োগ করা হবে। তবে তার আগে পুরভোটের পথ প্রশস্ত করতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার কথাও জানান তিনি।
দীর্ঘ ১২ বছর ধরে হাওড়া পুরসভায় নির্বাচন না হওয়ায় শহরের নাগরিক পরিষেবা কার্যত বিপর্যস্ত বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, সামান্য দু’ঘণ্টার বৃষ্টিতেই হাওড়ার বিভিন্ন এলাকায় জল জমে যায়। নিকাশি ব্যবস্থা থেকে শুরু করে পানীয় জল, রাস্তা, পথবাতি, স্বাস্থ্যকেন্দ্র ও প্রাথমিক বিদ্যালয়ের মতো মৌলিক পরিষেবা নিশ্চিত করতে নির্বাচিত পুরবোর্ড প্রয়োজন। আধিকারিকদের দিয়ে অনির্দিষ্টকাল পুরসভা চালানো সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। মুখ্যমন্ত্রীর দাবি, ওয়ার্ড পুনর্বিন্যাসের কাজ শেষ করে সরকার নির্বাচনের প্রস্তুতি নিয়েছিল। কিন্তু নির্বাচনে পরাজয়ের আশঙ্কায় বিরোধীরা আদালতের দ্বারস্থ হয়ে ভোট প্রক্রিয়া আটকে দেওয়ার চেষ্টা করছে। পুজোর ছুটির মধ্যেও অবকাশকালীন বেঞ্চে মামলা করা হয়েছে বলে অভিযোগ তাঁর। এর জবাবে রাজ্য সরকারও সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন দাখিল করবে বলে জানান তিনি। মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দেন, নির্বাচন না হলে ১ ডিসেম্বর থেকেই প্রতিটি ওয়ার্ডে কো-অর্ডিনেটর বসানো হবে। তবে যাঁরা সরকারের সঙ্গে সহযোগিতা করবেন এবং উন্নয়নমূলক কাজে বাধা দেবেন না, তাঁদেরই এই দায়িত্ব দেওয়া হবে। হাওড়া পুরসভার নাগরিক পরিষেবা যাতে কোনওভাবেই থমকে না থাকে, সেই লক্ষ্যেই এই পদক্ষেপ বলে জানান তিনি। পুরভোটের প্রসঙ্গের পাশাপাশি এদিন রাজনৈতিক আক্রমণের ঝাঁঝও ছিল যথেষ্ট। বামেদের ৩৪ বছরের শাসন এবং তৃণমূলের ১৫ বছরের শাসনকে একযোগে নিশানা করে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে বাংলার সংস্কৃতি, ঐতিহ্য ও ধর্মীয় পরম্পরাকে খর্ব করার চেষ্টা হয়েছে।
রামনবমীর মিছিলে পাথর ছোঁড়া থেকে শুরু করে বিভিন্ন ধর্মীয় উৎসব নিয়ে আপত্তি তোলার প্রসঙ্গও তাঁর বক্তব্যে উঠে আসে। নন্দীগ্রাম ও রেজিনগরের উদাহরণ টেনে তিনি দাবি করেন, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এখন সরকারের পাশে রয়েছেন। ভারতীয় নাগরিকদের সঙ্গে কোনও বৈষম্য করা হবে না, তবে মৌলবাদ, উগ্রবাদ ও জঙ্গিবাদকে কোনওভাবেই প্রশ্রয় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে রাজ্য থেকে ফেরত পাঠানোর কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। সরকারি জমি দখলমুক্ত করার প্রসঙ্গেও কড়া অবস্থান নেন তিনি। ‘পুষ্পা, ঝুকেগা নেহি’ সংলাপের উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, সরকারি জমিতে বেআইনিভাবে তৈরি বাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। উদ্ধার হওয়া জমি এলাকার গরিব মানুষের আবাস যোজনার কাজে ব্যবহার করা হবে। একইভাবে সন্দেশখালির সরবেড়িয়ায় শাহজাহান ফিশ মার্কেটের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। তাঁর দাবি, যা শুরু হয়েছে তা কেবল প্রথম পদক্ষেপ, আগামী দিনে আরও ব্যবস্থা নেওয়া হবে। রাজ্য থেকে কয়েক হাজার কোটি টাকা বাইরে পাঠানোর অভিযোগ তুলে এই ঘটনায় জড়িতদের কাউকে রেয়াত করা হবে না বলেও হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী। এদিনের সভায় বাংলার সনাতনী সংস্কৃতি ও উৎসবের পরম্পরা নিয়েও বিশেষ বার্তা দেন তিনি। রামনবমীকে উত্তরপ্রদেশের উৎসব কিংবা গণপতি উৎসবকে মহারাষ্ট্রের উৎসব বলে বাংলায় পালন নিয়ে আপত্তি তোলার যে রাজনৈতিক প্রবণতা ছিল, তা এখন অতীত বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, বাংলায় এখন গণপতি, বিশ্বকর্মা, দুর্গা, কালী, ছট এবং জগদ্ধাত্রী—সব উৎসবই মর্যাদার সঙ্গে পালিত হচ্ছে। সনাতনীদের মধ্যে ঐক্যের বার্তা দিয়ে তিনি বলেন, বিভাজনের দেওয়াল ভেঙে মানুষ এখন একসঙ্গে উৎসব পালন করছেন। রাজ্যে পুজোর সংখ্যা বৃদ্ধির পরিসংখ্যানও তুলে ধরেন তিনি। মুখ্যমন্ত্রীর দাবি, এবার ৫৮ হাজার দুর্গাপুজোর অনুমতি দেওয়া হয়েছে, যা গত বছরের তুলনায় ১৩ হাজার বেশি। দীপাবলিতেও সাত হাজার বেশি পুজো হয়েছে। তাঁর অভিযোগ, আগের সরকার এই সমস্ত পুজোর ক্ষেত্রে বাধা সৃষ্টি করেছিল। অন্যদিকে, ছটপুজোকে কেন্দ্র করে গঙ্গার ঘাটগুলিতে প্রশাসনিক প্রস্তুতি নিয়েও সন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। মন্ত্রী, বিধায়ক, সাংসদ, জেলাশাসক, পুরসভা ও মিউনিসিপ্যালিটির আধিকারিকরা সমন্বয় রেখে ঘাটগুলির পরিষ্কার-পরিচ্ছন্নতা, নিরাপত্তা ও পরিকাঠামো উন্নয়নের কাজ করছেন বলে জানান তিনি। এদিনের অনুষ্ঠানে এক হাজারেরও বেশি পুণ্যার্থীর উপস্থিতির কথাও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। আগামী ১৫ তারিখ সন্ধ্যায় গঙ্গায় বোটে থেকে ছটপুজোর পরিস্থিতির উপর নজর রাখবেন বলেও জানান তিনি। কাজীপাড়ার অনুষ্ঠান শেষে বেলুড় মঠে যাওয়ার কর্মসূচি এবং সেখান থেকে বাঁকুড়া সফরে যাওয়ার কথাও জানান মুখ্যমন্ত্রী। সব মিলিয়ে ছটপুজোর মঞ্চ থেকে হাওড়ার পুরভোট নিয়ে গুরুত্বপূর্ণ প্রশাসনিক ঘোষণা করার পাশাপাশি রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি, সরকারি জমি উদ্ধারের অভিযান, অনুপ্রবেশ এবং সনাতনী সংস্কৃতি নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী।
প্রত্যেক ওয়ার্ডে আমি কো-অর্ডিনেটর বসাব
হাওড়ায় মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি
- khabar365din
- November 12, 2026
- 5:07 pm
- No Comments






